সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

নামসাইয়ের গোল্ডেন প্যাগোডায় শাক্যমুনি বুদ্ধের পবিত্র অবশেষের প্রতি প্রথম দুদিনে শ্রদ্ধা নিবেদন করলেন ১২,০০০-এরও বেশি ভক্ত

প্রকাশিত: 17 NOV 2026 8:16AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ নভেম্বর, ২০২৬

 

অরুণাচল প্রদেশের নামসাই-এর গোল্ডেন প্যাগোডা (কংমু খাম)-তে শাক্যমুনি বুদ্ধের পবিত্র অবশেষ প্রদর্শনীতে ভক্তদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। ১৪ ও ১৫ নভেম্বর ২০২৬ - প্রথম দুই দিনে ১২,০০০-এরও বেশি ভক্ত প্রদর্শনীটি দেখেছেন। তাঁরা প্রার্থনা নিবেদন করেছেন, পবিত্র অবশেষের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং ভগবান বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করেছেন।

তাওয়াং-এ ৩১,০০০-এরও বেশি এবং বোমডিলায় ৩৫,০০০-এরও বেশি ভক্ত প্রদর্শনীটি দেখেন। সব মিলিয়ে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিনটি স্থান মিলিয়ে মোট দর্শনার্থীর সংখ্যা ৭৮,০০০ ছাড়িয়ে গেছে।

প্রদর্শনী শুরুর পর থেকেই নামসাই জেলা ও পার্শ্ববর্তী অঞ্চলের ভক্তরা গোল্ডেন প্যাগোডায় সমবেত হচ্ছেন। ভক্তদের দীর্ঘ সারি, পবিত্র অবশেষের প্রতি তাঁদের গভীর বিশ্বাস ও শ্রদ্ধারই প্রতিফলন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এই অঞ্চলে বৌদ্ধ শিক্ষা ও ঐতিহ্যের দীর্ঘস্থায়ী প্রভাবকেও তুলে ধরে।

অরুণাচল প্রদেশে ৩১ অক্টোবর থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আয়োজিত পবিত্র অবশেষ প্রদর্শনীর তৃতীয় ও সর্বশেষ পর্যায়টি চলছে নামসাই-তে।

৩১ অক্টোবর ২০২৬ তারিখে ঐতিহাসিক গাদেন নামগিয়াল লাতসে (তাওয়াং মঠ)-এ এই প্রদর্শনীর সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডু,  বৌদ্ধ ভিক্ষুগণ এবং বহু বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।

৭ নভেম্বর তাওয়াং-এ প্রদর্শনী শেষ হওয়ার পর, পবিত্র অবশেষগুলি বোমডিলার 'লোয়ার গুম্পা' নামে পরিচিত, থুবচোগ গাতসেল লিং (টিজিএল) মঠে নিয়ে যাওয়া হয়। বোমডিলায় ছয় দিনের এই প্রদর্শনী ৮ থেকে ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

১৪ নভেম্বর ২০২৬ তারিখে পবিত্র অবশেষগুলি নামসাই-তে পৌঁছায়। অরুণাচল প্রদেশের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিবিক্রম পর্ণাইক, উপ-মুখ্যমন্ত্রী শ্রী চওনা মেইন এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন (আইবিসি)-এর মহাপরিচালক শ্রী রাঘব প্রসাদ ভাটনগরের উপস্থিতিতে এই প্রদর্শনীর উদ্বোধন হয়। 
তাওয়াং, বোমডিলা এবং নামসাই জুড়ে আয়োজিত এই প্রদর্শনীটি অরুণাচল প্রদেশের বিভিন্ন প্রান্তের ভক্তদের কাছে পবিত্র অবশেষ পৌঁছে দিয়েছে। এটি বিভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের অনুসারী মানুষকে অভিন্ন বিশ্বাস ও ভক্তির বন্ধনে একত্রিত করেছে।

'গোল্ডেন প্যাগোডা' বা 'কংমু খাম' পূর্ব অরুণাচল প্রদেশে থেরবাদ বৌদ্ধ ধর্ম ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই অঞ্চলের তাই খামতি, সিংফো এবং অন্যান্য সম্প্রদায় প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্যকে সংরক্ষণ করে রেখেছে। তাদের মঠ, উৎসব, শিল্পকলা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান ভারতের বৌদ্ধ ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ।

তাওয়াং এবং বোমডিলা মহাযান ও বজ্রযান বৌদ্ধ ঐতিহ্যের জন্য পরিচিত, অন্যদিকে নামসাই বিখ্যাত তার থেরবাদ বৌদ্ধ ঐতিহ্যের জন্য। এই তিনটি স্থানে আয়োজিত প্রদর্শনী অরুণাচল প্রদেশের বৌদ্ধ ঐতিহ্যের বৈচিত্র্যকে তুলে ধরে।

নামসাইতে আয়োজিত এই প্রদর্শনীটি পূর্ব অরুণাচল প্রদেশ, আসাম এবং অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের ভক্তদের জন্য পবিত্র অবশেষের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক বিশেষ সুযোগ করে দিয়েছে। এটি তাদের ভগবান বুদ্ধের জীবন ও শিক্ষার সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত হওয়ার সুযোগও করে দেয়।

জেলা প্রশাসন ভক্তদের সুশৃঙ্খল অংশগ্রহণের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পবিত্র অবশেষগুলি ভক্তরা যাতে সহজে দর্শন করতে পারেন, তা নিশ্চিত করার জন্য অঞ্চলভিত্তিক একটি সময়সূচি তৈরি করা হয়েছে।


অরুণাচল প্রদেশে প্রদর্শিত এই পবিত্র অবশেষগুলি নতুন দিল্লির জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকে। এগুলি পাওয়া গিয়েছিল উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলার পিপরাহওয়া থেকে। এই স্থানটি প্রাচীন কপিলাবস্তু এবং ভগবান বুদ্ধের শাক্য ঐতিহ্যের সঙ্গে যুক্ত। এই অবশেষগুলির ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। এগুলো ভারতের বৌদ্ধ ঐতিহ্যের অন্যতম মূল্যবান নিদর্শন।

ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পর থেকেই পবিত্র অবশেষ পূজার ঐতিহ্য শুরু হয়। তাঁর পবিত্র অবশেষগুলি স্তূপে স্থাপন করা হয়েছিল, যা পরবর্তী সময়ে বৌদ্ধ তীর্থস্থান ও ভক্তি নিবেদনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়।

১৩ বছর পর এই পবিত্র অবশেষগুলি পুনরায় অরুণাচল প্রদেশে ফিরে এসেছে। এই প্রদর্শনীর মাধ্যমে রাজ্যের ভক্তরা ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনের এবং নিজেদের আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে পুনরায় সংযুক্ত হওয়ার এক বিশেষ সুযোগ পেয়েছেন।
এই প্রদর্শনীর আয়োজন করেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়; এতে সহযোগিতা করেছে অরুণাচল প্রদেশ সরকার, নতুন দিল্লির জাতীয় জাদুঘর এবং নতুন দিল্লি-ভিত্তিক ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন (আইবিসি)।

নামসাইয়ের গোল্ডেন প্যাগোডায় ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত পবিত্র অবশেষগুলি সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী শেষ হওয়ার পর, ২১ নভেম্বর ২০২৬ তারিখে পবিত্র অবশেষগুলি নতুন দিল্লির জাতীয় জাদুঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2337376) ভিজিটরের কাউন্টার : 14
এই রিলিজটি পড়তে পারেন: हिन्दी , English , Urdu , Assamese , Bengali-TR , Gujarati , Tamil