প্রকাশিত:
12 NOV 2026 11:48AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ নভেম্বর ২০২৬
সীমানাহীন খাদ্য সুরক্ষা
রেশন কার্ডের সর্বত্র ব্যবহার থেকে অন্তর্ভুক্তি: খাদ্যশস্য প্রাপ্তির ব্যবস্থায় রূপান্তর
খাদ্য ও গণবণ্টন দপ্তর ২০১৯ সালে এক দেশ, এক রেশন কার্ড (ওএনওআরসি) প্রকল্পের সূচনা করে। এটি গণবণ্টন ব্যবস্থার (পিডিএস) একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ)-এর আওতাভুক্ত রেশন কার্ড ও ভোক্তারা দেশের সর্বত্র খাদ্যশস্য পাওয়ার সুযোগ পান। এনএফএসএ-তে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাওয়ার আইনি অধিকার নির্ধারিত হয়েছে। অন্যদিকে, লক্ষ্যভিত্তিক গণবণ্টন ব্যবস্থা (টিপিডিএস)-এর মাধ্যমে যোগ্য উপভোক্তাদের মধ্যে এই খাদ্যশস্য বণ্টন করা হয়। টিপিডিএস সংস্কারের অধীনে ওএনওআরসি প্রযুক্তির সাহায্যে ভোক্তাদের দেশের যে কোনও প্রান্ত থেকে তাঁদের প্রাপ্য খাদ্যশস্য সংগ্রহের সুযোগ করে দিয়েছে। এই উদ্যোগ পরিযায়ী জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা আরও মজবুত করেছে। পাশাপাশি, আরও সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক এবং উপভোক্তা-কেন্দ্রিক কল্যাণ পরিষেবা প্রদানের লক্ষ্যে অগ্রগতি ঘটিয়েছে।
নতুন রেশন কার্ডের প্রয়োজন ছাড়াই দেশের যে কোনও ন্যায্য মূল্যের দোকান থেকে প্রাপ্য খাদ্যশস্য সংগ্রহের সুযোগ। রাজ্য বদল করলেও খাদ্যশস্য পাওয়ার অধিকার বহাল থাকে।
বাসস্থান পরিবর্তনের পরও গণবণ্টন ব্যবস্থার সুবিধা পেতে পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারকে সহায়তা।
ভোক্তারা দেশের যে প্রান্তেই থাকুন, ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাওয়ার সুযোগ নিশ্চিত করা।
সারা দেশে এনএফএসএ-র ভোক্তাদের গণবণ্টন ব্যবস্থার সুবিধা আরও সহজলভ্য করা।
সর্বত্র ব্যবহারের পথে উল্লেখযোগ্য অগ্রগতি
ওএনওআরসি খাদ্যশস্য প্রাপ্তির ব্যবস্থাকে সহজ, সর্বত্র ব্যবহারযোগ্য এবং দেশজুড়ে কার্যকর করে গণবণ্টন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।
দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওএনওআরসি কার্যকর হয়েছে। পিএমজিকেএওয়াই-এর আওতাভুক্ত ১০০ শতাংশ ভোক্তাই এর অন্তর্ভুক্ত।
ওএনওআরসি-র মাধ্যমে প্রতি মাসে প্রায় ৩.২৭ কোটি বার রেশন কার্ডের সর্বত্র ব্যবহারের লেনদেন হয়।
সূচনার পর থেকে আন্তঃরাজ্য ও রাজ্যের অভ্যন্তরে মোট ২৩৩ কোটিরও বেশি লেনদেন নথিভুক্ত হয়েছে। এর মাধ্যমে ৬১৪ লক্ষ মেট্রিক টনেরও বেশি খাদ্যশস্য বণ্টন করা হয়েছে।
গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা ও পরিষেবা প্রদানের মানোন্নয়ন
রেশন কার্ডের সর্বত্র ব্যবহারের পাশাপাশি, ডিজিটাল প্রমাণীকরণ, তথ্যভিত্তিক ভোক্তা নির্বাচন এবং প্রযুক্তিনির্ভর বণ্টন ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও প্রান্তিক স্তরে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ আরও ত্বরান্বিত করেছে কেন্দ্রীয় সরকার।
১০০ শতাংশ ডিজিটাল নথিভুক্তি: এবছর অক্টোবর মাস পর্যন্ত দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রেশন কার্ড এবং উপভোক্তাদের তথ্যভান্ডার ১০০ শতাংশ ডিজিটাল করা হয়েছে। এর আওতায় রয়েছেন প্রায় ৭৮.৬৫ কোটি উপভোক্তা। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বচ্ছতা সংক্রান্ত সরকারি পোর্টালে এই তথ্য পাওয়া যায়। কেন্দ্রীয় ব্যবস্থায় নথিভুক্ত ২০.৫১ কোটি রেশন কার্ডের মধ্যে ৯৮.৮ শতাংশ (২০.২৭ কোটি) আধারের সঙ্গে যুক্ত হয়েছে। আধারের সঙ্গে যুক্ত ভোক্তার মোট সংখ্যা ৭৬.৯৭ কোটি। এবছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৭১.৫২ কোটি ভোক্তার ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। অর্থাৎ, মোট ভোক্তার ৯১ শতাংশের ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে।
স্বচ্ছ অভিযোগ নিষ্পত্তি: সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্বচ্ছতা পোর্টাল, অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা এবং টোল-ফ্রি হেল্পলাইন চালু রয়েছে।
কম্পিউটারনির্ভর সরবরাহ ব্যবস্থা: সারা দেশে অনলাইনে খাদ্যশস্য বরাদ্দের ব্যবস্থা কার্যকর হয়েছে। মোট ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরবরাহ ব্যবস্থাকে কম্পিউটারনির্ভর করা হয়েছে।
ই-পিওএস ব্যবস্থাযুক্ত ন্যায্য মূল্যের দোকান: মোট ৫.৫১ লক্ষ ন্যায্য মূল্যের দোকানের (এফপিএস) মধ্যে ৯৯.৮ শতাংশ (৫.৫০ লক্ষ) ই-পিওএস যন্ত্রের সাহায্যে পরিষেবা দিচ্ছে।
যোগ্য ভোক্তা চিহ্নিতকরণ ও পুনরাবৃত্তি রোধ: আধার এবং গণবণ্টন ব্যবস্থার তথ্য বিশ্লেষণের মাধ্যমে ৫.৯৫ কোটি সন্দেহজনক নথি চিহ্নিত করা হয়েছে। এর ফলে, ‘রাইটফুল টার্গেটিং ভার্সন ১’-এর অধীনে ২.৫৮ কোটি ভুয়ো বা অযোগ্য নথি বাদ দেওয়া হয়েছে। ‘রাইটফুল টার্গেটিং ভার্সন ৩.৬৩’-এ আরও ৬৮ লক্ষ নথি চিহ্নিত ও বাদ দেওয়া হয়েছে।
নির্মল ও সক্ষম: ‘পিডিএসে স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে রেশন পরিবহণ ও পরিচালনায় সহায়তা প্রকল্প’ (সার্থক-পিডিএস)-এর অধীনে এই উদ্যোগগুলি গ্রহণ করা হয়েছে। তথ্যের কাঠামো ও বিশ্লেষণ ব্যবস্থাকে বলিয়ান করে নির্মল। অন্যদিকে, সংগ্রহ থেকে বণ্টন পর্যন্ত পর্যায়ে যানবাহনের অবস্থান নির্ণয় ব্যবস্থা-সহ (ভেহিকল লোকেশন ট্র্যাকিং সিস্টেম) রিয়েল-টাইম তথ্য সংযুক্তির কাজ করে সক্ষম।
সার্থক-পিডিএস প্রকল্পের অধীনে রাজ্যের অভ্যন্তরে খাদ্যশস্য পরিবহণ, পরিচালনা এবং ন্যায্য মূল্যের দোকানের বিক্রেতাদের কমিশনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি, একটি সমন্বিত, নাগরিক-কেন্দ্রিক এবং পরস্পরের সঙ্গে সংযুক্ত গণবণ্টন ব্যবস্থার কাঠামো গড়ে তোলা হচ্ছে। ২০৩১ সালের ৩১ মার্চ পর্যন্ত এই প্রকল্পের লক্ষ্য এনএফএসএ-র অধীনে খাদ্য সুরক্ষা আরও মজবুত করা, উপভোক্তার কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়া এবং অপচয় ও চুরি রোধ করা।
গণবণ্টন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর আধুনিকীকরণ ও সংস্কার প্রকল্প (স্মার্ট-পিডিএস): সার্থক-পিডিএস-এর অধীনে স্মার্ট-পিডিএস রেশন কার্ড, খাদ্যশস্য বণ্টন, সরবরাহ ব্যবস্থা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ডিজিটাল মাধ্যমে সংযুক্ত করেছে। পাশাপাশি, একটি সমন্বিত কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রযুক্তিগত ঘাটতি দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মেরা রেশন অ্যাপ: হাতের মুঠোয় খাদ্যশস্য প্রাপ্তির তথ্য
ওএনওআরসি-র অধীনে প্রযুক্তিনির্ভর টিপিডিএস সংস্কারের অংশ হিসেবে খাদ্য ও গণবণ্টন দপ্তর মেরা রেশন মোবাইল অ্যাপ চালু করেছে। বস্তুত, ১৩টি ভাষায় উপলব্ধ এই অ্যাপের মাধ্যমে ভোক্তারা রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও পরিষেবা পেতে পারেন।
অ্যাপের প্রধান বৈশিষ্ট্য:
প্রতি মাসে প্রাপ্য খাদ্যশস্যের পরিমাণ জানা।
আগের লেনদেনের বিবরণ দেখা।
আধারের সঙ্গে সংযুক্তির অবস্থা যাচাই।
দেশের সর্বত্র রেশন কার্ড ব্যবহারের যোগ্যতা যাচাই।
স্বেচ্ছায় ওএনওআরসি-তে নাম নথিভুক্ত করা।
জিপিএসের সাহায্যে নিকটবর্তী ন্যায্য মূল্যের দোকান (এফপিএস) খুঁজে পাওয়া।
মানচিত্রের সাহায্যে নিকটবর্তী ন্যায্য মূল্যের দোকানে পৌঁছানোর পথ জানা।
বিশেষত, পরিযায়ী ভোক্তাদের নতুন এলাকায় নিকটবর্তী ন্যায্য মূল্যের দোকান খুঁজে পেতে এবং প্রাপ্য খাদ্যশস্য সংগ্রহে 'মেরা রেশন' অ্যাপ সহায়তা করে।
অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ খাদ্য সুরক্ষার পথে
ওএনওআরসি খাদ্যশস্য প্রাপ্তির ব্যবস্থাকে দেশজুড়ে সর্বত্র ব্যবহারযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে গণবণ্টন ব্যবস্থায় পরিবর্তন এনেছে। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এর বাস্তবায়ন এবং বিপুল সংখ্যক লেনদেন খাদ্য সুরক্ষা জোরদারে এই প্রকল্পের ক্রমবর্ধমান ভূমিকার পরিচয় দেয়।
ডিজিটাল ভোক্তা তথ্যভান্ডার, ই-পিওএস ব্যবস্থাযুক্ত ন্যায্য মূল্যের দোকান, সার্থক-পিডিএস কাঠামো এবং মেরা রেশন অ্যাপের মাধ্যমে গণবণ্টন ব্যবস্থা আরও স্বচ্ছ, সমন্বিত ও ভোক্তা-কেন্দ্রিক হয়ে উঠছে।
সম্মিলিতভাবে এই সংস্কারগুলি পরিষেবার শেষ প্রান্ত পর্যন্ত খাদ্যশস্য পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে শক্তিশালী করছে। ভোক্তারা দেশের যে প্রান্তেই বসবাস বা কাজ করুন, তাঁদের কাছে খাদ্য সুরক্ষা পৌঁছে দেওয়াই এর লক্ষ্য।
তথ্যসূত্র
Ministry of Consumer Affairs and Public Distribution
https://nfsa.gov.in/doc/FAQ_for_Mera_Ration_2.pdf
https://sansad.in/getFile/annex/271/AU2600_K4DMRC.pdf?source=pqars
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2269182®=6&lang=1
https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/188/AU4010_m1EVEQ.pdf?source=lsapps
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265788®=3&lang=1
https://dfpd.gov.in/distribution-of-food-grains/en?utm
https://dfpd.gov.in/distribution-of-food-grains/en
AU2771_yEm7WG.pdf
My Scheme
https://www.myscheme.gov.in/schemes/onorc
PIB Backgrounders
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150838®=3&lang=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=158774&NoteId=158774&ModuleId=3®=48&lang=2
Click here to see PDF
***
SSS/S Saha