PIB Backgrounder
azadi ka amrit mahotsav

যেখানে মাশরুমের চাষ শুরু, সেখানেই জীবিকার নতুন দিশা

প্রকাশিত: 10 NOV 2026 10:17AM by PIB Kolkata

১০ নভেম্বর, ২০২৬

 

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতের উদ্যানপালন ক্ষেত্রে মাশরুম চাষের গুরুত্ব বাড়ছে এবং এই ক্ষেত্রে আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। পুষ্টিগুণের কারণে মাশরুম বিশেষভাবে সমাদৃত। এতে সাধারণত ক্যালোরি, ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে, পাশাপাশি, প্রোটিন, খাদ্যতালিকাগত ফাইবার, ভিটামিন ও খনিজ পদার্থ পাওয়া যায়। অল্প জমিতেই মাশরুম চাষ করা সম্ভব এবং গ্রামীণ, শহর ও শহরতলি- সব ধরনের এলাকাতেই এর চাষ করা যায়।

বর্জ্য সংগ্রহ থেকে সম্ভাবনাময় জীবিকার পথে 
সামান্য কিছু জায়গা, কয়েকটি মাশরুম চাষের ব্যাগ এবং একটি নতুন দক্ষতা- এই কয়েকটি উপাদানই জীবিকার নানা সুযোগের পথ খুলে দিতে পারে। সারা দেশে কৃষক, মহিলা এবং গ্রামীণ যুবক-যুবতীদের কাছে মাশরুম চাষ জীবিকার একটি সম্ভাবনাময় বিকল্প হিসেবে উঠে আসছে। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ইপ্পাটাম গ্রামের রুথু-র যাত্রাও শুরু হয়েছিল জীবিকার বিকল্প উৎসের সন্ধানের মধ্য দিয়ে। প্রসঙ্গত, ২০ বছর বয়সে তিনি বর্জ্য সংগ্রহের কাজ করতেন এবং নিজের উদ্যোগে জীবিকা প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন।
এই সুযোগ তৈরি হয় স্কিল ট্রেনিং ফর রুরাল ইয়ুথ (STRY) উদ্যোগের আওতায় একটি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে। গুন্টুরের কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK) মাশরুম উৎপাদনের প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণে কম্পোস্ট তৈরি, স্পনিং, কেসিং, পিনিং, চাষ এবং ফসল সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ পর্যায়গুলি অন্তর্ভুক্ত ছিল। অন্ধ্রপ্রদেশের স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট (SAMETI) এবং হায়দরাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন ম্যানেজমেন্ট (MANAGE)-এর সহায়তায় এই কর্মসূচি পরিচালিত হয়।
স্পনিং হল কম্পোস্টের সঙ্গে মাশরুমের স্পন মেশানোর প্রক্রিয়া।

কেসিং হল স্পন রানিং-এর পর মাশরুমের বৃদ্ধি ত্বরান্বিত করতে কম্পোস্টের ওপর কেসিং মাটির একটি স্তর প্রয়োগ করার প্রক্রিয়া। কেসিং মাটি আর্দ্রতার আধার হিসেবে কাজ করে, যা আর্দ্রতা বজায় রাখতে এবং মাশরুমের বৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরি করতে সাহায্য করে।
পিনিং হল মাশরুমের ক্ষুদ্র গঠন, যা পিনহেড নামে পরিচিত, কেসিং-এর উপরিভাগে বা তার কাছাকাছি দৃশ্যমান হতে শুরু করার পর্যায়।

ভারতে অনেক কৃষকেরই জমির পরিমাণ কম এবং মূলধনও সীমিত। এই পরিস্থিতিতে মাশরুম চাষ একটি কার্যকর বিকল্প হিসেবে উঠে এসেছে। কারণ, এতে কৃষিজ বর্জ্য চাষের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এবং প্রচলিত কৃষিকাজের অনেক পদ্ধতির তুলনায় কম জমি, জল ও আর্থিক বিনিয়োগের প্রয়োজন হয়। সম্পদের সদ্ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি, সুস্থায়িত্ব এবং পুষ্টিগত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির সমাধানের ক্ষেত্রেও এটি একটি সম্ভাবনাময় কৃষিভিত্তিক ব্যবসায়িক উদ্যোগ।
প্রশিক্ষণে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে রুথু মিল্কি মাশরুম চাষ শুরু করেন এবং স্থানীয় বাজারে নিয়মিত সরবরাহের ব্যবস্থা গড়ে তোলেন। তাঁর উৎপাদনের পরিমাণ দৈনিক প্রায় ৮ কেজিতে পৌঁছায়, যা থেকে মাসে প্রায় ৩৫,০০০ টাকা আয় হয়। চাষের সময় সঠিক তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রা বজায় রাখার পাশাপাশি, রোগমুক্ত পরিষ্কার ধানের খড় এবং উন্নত মানের স্পন ব্যবহারের গুরুত্বও তিনি শিখেছেন। তাঁর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা উৎসাহিত করেছে সম্প্রদায়ের আরও তিন থেকে চারজন সদস্যকে। তাঁর দিশা ও সহায়তায় তাঁরাও স্বল্প পরিসরে মাশরুম চাষ শুরু করেছেন।
রুথুর অভিজ্ঞতা দেখায়, নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ বাস্তবে কাজে লাগানো হলে কিভাবে জীবিকার বহুমুখীকরণ এবং স্থানীয় স্তরে জ্ঞান বিনিময়ে সহায়তা করতে পারে।
 একটি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি থেকে শুরু হওয়া এই উদ্যোগ তাঁর আয়ের ভিত্তি গড়ে তুলেছে এবং সম্প্রদায়ের অন্যদেরও জীবিকার বিকল্প হিসেবে মাশরুম চাষের সম্ভাবনা খতিয়ে দেখতে উৎসাহিত করেছে।

এক মহিলার উদ্যোগে বহু মানুষের জীবিকা: একটি মাশরুম গ্রামের উত্থান
ব্যক্তিগত উদ্যোগ যখন সম্মিলিত কর্মপ্রচেষ্টায় অনুপ্রেরণা জোগায়, তখন জীবিকাভিত্তিক একটি উদ্যোগ সুদূরপ্রসারী পরিবর্তন আনতে পারে। আনন্তপুর গ্রামে মাশরুম চাষ থেকে সমাজের নেতৃত্বের ভূমিকায় অনিতা দেবীর যাত্রা দেখিয়ে দেয়, কীভাবে স্থানীয় স্তরে গড়ে ওঠা একটি জীবিকা গ্রামীণ মহিলাদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করতে এবং সম্প্রদায়ভিত্তিক উদ্যোগকে শক্তিশালী করতে পারে। অনিতার ক্ষেত্রে মাশরুম চাষের সূচনা হয়েছিল স্বনির্ভর আয় গড়ে তোলার আকাঙ্ক্ষা থেকে। ড. রাজেন্দ্র প্রসাদ সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং জি বি পন্ত ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ তাঁর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। অন্যদিকে, ২০১০ সালে বিহারের নালন্দা জেলার হারনৌত ব্লকের কৃষি বিজ্ঞান কেন্দ্রের (KVK) সঙ্গে তাঁর যোগাযোগ উদ্যোগপতি হিসেবে তাঁর যাত্রাকে সঠিক দিশা দেয়। KVK আধিকারিকদের উৎসাহে তিনি অয়েস্টার এবং মিল্কি হোয়াইট মাশরুম চাষ শুরু করেন। এই মাশরুমের জাতগুলি স্থানীয় পরিবেশের উপযোগী এবং কৃষিজ বর্জ্য ব্যবহার করেই চাষ করা সম্ভব।

তাঁর এই উদ্যোগ ধীরে ধীরে আনন্তপুর গ্রামের অন্যান্য মহিলাদেরও মাশরুম চাষে আগ্রহী করে তোলে। এই চাষের প্রসার ঘটে পার্শ্ববর্তী গ্রামগুলিতেও। ২০১২ সালে রাজ্য কৃষি দপ্তর আনন্তপুরকে মাশরুম গ্রাম হিসেবে ঘোষণা করে। সম্প্রদায়ের মধ্যে এই জীবিকার প্রসারে তাঁর ক্রমবর্ধমান ভূমিকার স্বীকৃতিস্বরূপ অনিতা পরিচিত হয়ে ওঠেন “মাশরুম মহিলা” (মাশরুম লেডি) নামে। চাষের পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে উন্নত মানের মাশরুম স্পনের জোগান একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে ওঠে। ন্যাশনাল হর্টিকালচার মিশনের সহায়তায় অনিতা ১৫ লক্ষ টাকার ভর্তুকি পেয়ে একটি স্পন উৎপাদন পরীক্ষাগার স্থাপন করেন, যার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ উপকরণের চাহিদা পূরণে সহায়তা মেলে। সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করতে তিনি মাধোপুর ফার্মার্স প্রোডিউসার্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন। এই সংস্থা মাশরুম উৎপাদক ও বিক্রেতাদের সঙ্গে কাজ করে এবং মহিলাদের সরকারি প্রকল্প ও বাজারের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করে।

২০২৩ সালের মধ্যে নালন্দায় জীবিকা স্বনির্ভর গোষ্ঠীর ২৫০-রও বেশি মহিলা মাশরুমভিত্তিক জীবিকার সঙ্গে যুক্ত হন। বিহারের মাশরুম গ্রাম হিসেবে আনন্তপুরের স্বীকৃতি প্রমাণ করে, এক মহিলার অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে শুরু হওয়া উদ্যোগ কিভাবে বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। অনিতা দেবীর যাত্রা দেখিয়ে দেয়, দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সহায়তা, গুরুত্বপূর্ণ উপকরণের জোগান এবং সম্মিলিত উদ্যোগ কিভাবে পরস্পরকে শক্তিশালী করে জীবিকার সুযোগ প্রসারিত করতে পারে।

যখন এক ইঞ্জিনিয়ার বেছে নিলেন মাশরুম চাষের পথ
প্রচলিত কৃষিকাজের বাইরেও মাশরুম চাষ ক্রমশ জীবিকার নতুন সুযোগ তৈরি করছে। এর মধ্যে রয়েছেন এমন পেশাদাররাও, যাঁরা অল্প জমিতে উদ্যোগ গড়ে তুলতে আগ্রহী। গুজরাটের তাপি জেলার সিভিল ইঞ্জিনিয়ার অঞ্জনাবেন গামিত KVK তাপি প্রকাশিত অ্যাগ্রো-সন্দেশ পত্রিকায় অয়েস্টার মাশরুম চাষ সম্পর্কিত একটি নিবন্ধ পড়ে এই সম্ভাবনা সম্পর্কে জানতে পারেন। বিপুল পরিমাণ জমির প্রয়োজন ছাড়াই মাশরুম চাষের সম্ভাবনা উপলব্ধি করে তিনি কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK), তাপি পরিদর্শন করেন এবং “এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থ্রু মাশরুম কাল্টিভেশন” শীর্ষক চার দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। KVK-র বিজ্ঞানীদের কারিগরি পরামর্শ ও নির্দেশনায়, নিজের কাছে উপলব্ধ সম্পদ কাজে লাগিয়ে তিনি ২০১৭ সালে অয়েস্টার মাশরুম চাষ শুরু করেন।
তাঁর প্রাথমিক মাশরুম চাষের ইউনিটটি ছিল বাঁশ ও সবুজ শেড নেট দিয়ে তৈরি একটি ছোট ১৫ × ১০ ফুটের শেড। KVK তাঁকে মাশরুমের স্পন, পলিথিন ব্যাগ এবং অন্যান্য উপকরণ সরবরাহের পাশাপাশি, পরবর্তী পর্যায়েও কারিগরি পরামর্শ ও সহায়তা প্রদান করে। মাত্র আড়াই মাসের মধ্যে তাঁর প্রথম দফার ফসল থেকে প্রায় ১৪০ কেজি মাশরুম উৎপাদিত হয়। এর ফলে, ১১,০০০ টাকা উৎপাদন খরচের বিপরীতে ২৮,০০০ টাকা আয় হয়। এই সাফল্যে উৎসাহিত হয়ে ২০১৯ সালে তিনি অতিরিক্ত ১.৭২ লক্ষ টাকা বিনিয়োগ করে মাশরুম চাষের ঘরটির আয়তন বাড়িয়ে ২৩ × ৮০ ফুট করেন। ওই বছরের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে তিনি ২৫০ কেজি স্পন ব্যবহার করে ১,২৩৪ কেজি মাশরুম উৎপাদন করেন। উৎপাদন খরচ বাদ দেওয়ার পর এই ফসল থেকে ৩.০৯ লক্ষ টাকা মোট আয় এবং ২.২০ লক্ষ টাকা নিট মুনাফা হয়।

উৎপাদন বাড়ানোর পাশাপাশি, অঞ্জনাবেন ক্রেতাদের কাছে পৌঁছনোর জন্য স্থানীয় বাজারের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। তিনি ১০০-২০০ গ্রামের প্যাকেটে মাশরুম প্যাকেটজাত করে ব্যারা এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী, খুচরো বিক্রেতা এবং সবজি বিক্রেতাদের মাধ্যমে সরবরাহ করতেন। টেলিফোনের মাধ্যমে অর্ডার নেওয়ার ব্যবস্থাও বিক্রিতে সহায়তা করে। পাশাপাশি, জেলার জৈব বাজার সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রির আরও একটি সুযোগ তৈরি করে। অঞ্জনাবেনের অভিজ্ঞতা দেখায়, লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক সহায়তা, স্বল্প পরিসরের পরিকাঠামো এবং স্থানীয় পরিস্থিতি অনুযায়ী বিপণন কৌশল কিভাবে মাশরুম চাষে উদ্যোগপতিত্বকে এগিয়ে নিয়ে যেতে পারে।
২৫টি ব্যাগ থেকে মাশরুমের উদ্যোগ গড়ে তোলা
উত্তরাখণ্ডে মাশরুম চাষের একটি ছোট উদ্যোগ ক্রমে বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও ক্রমশ বাড়ছে। দেরাদুনের চারবা গ্রামের তথ্যপ্রযুক্তি পেশাদার হিরেশা ভার্মা ২০১৩ সালে মাত্র ২৫টি ব্যাগে, একটি পরিচারকদের থাকার ঘরে অয়েস্টার মাশরুম চাষ শুরু করেন। প্রাথমিকভাবে ২,০০০ টাকা বিনিয়োগ করে তিনি প্রায় ৫,০০০ টাকা আয় করেন। এই সাফল্য তাঁকে মাশরুম চাষকে একটি ব্যবসায়িক উদ্যোগ হিসেবে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করে। পরবর্তী সময়ে তিনি দেরাদুনে “হান অ্যাগ্রোকেয়ার” নামে একটি মাশরুম উৎপাদন সংস্থা প্রতিষ্ঠা করেন।

কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK), দেরাদুন এবং সোলানের ICAR-ডিরেক্টরেট অফ মাশরুম রিসার্চ (DMR)-এ প্রশিক্ষণ তাঁর উদ্যোগপতি হিসেবে যাত্রাকে আরও শক্তিশালী করে। এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি মাশরুমের বিভিন্ন জাত ও চাষের পদ্ধতি সম্পর্কে বিশেষ দক্ষতা অর্জন করেন। কম্পোস্ট ও স্পনের জোগান নিশ্চিত করতে তিনি দেরাদুনের মাশরুম বিভাগের সঙ্গেও যুক্ত হন। পাশাপাশি, ন্যাশনাল হর্টিকালচার মিশন এবং ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের মাধ্যমে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। প্রাথমিক উদ্যোগ হিসেবে তিনি বাঁশ দিয়ে তৈরি তিনটি চাষের ঘর স্থাপন করেন, যার প্রতিটিতে ৫০০টি মাশরুমের ব্যাগ রাখার ব্যবস্থা ছিল। এই উদ্যোগই পরবর্তী সম্প্রসারণের ভিত্তি তৈরি করে।

বর্তমানে হান অ্যাগ্রোকেয়ারের দৈনিক মাশরুম উৎপাদন ক্ষমতা প্রায় এক টন এবং এই সংস্থায় ১৫ জন কর্মী নিযুক্ত রয়েছেন। বাণিজ্যিক উৎপাদনের পাশাপাশি, হিরেশা নিজের অভিজ্ঞতার সুফল অন্যদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন। তিনি পার্বত্য অঞ্চলের ২,০০০-এরও বেশি মহিলা ও কৃষককে প্রশিক্ষণ দিয়েছেন।

প্রাথমিকভাবে মরশুমি ভিত্তিতে দৈনিক মাত্র ২০ কেজি মাশরুম উৎপাদন দিয়ে শুরু করে তিনি সারা বছর উৎপাদন চালিয়ে যাওয়ার মতো একটি সফল উদ্যোগ গড়ে তুলেছেন। তাঁর ইউনিটে ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত ঘর এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি উৎপাদন কেন্দ্র রয়েছে, যার দৈনিক উৎপাদন ক্ষমতা ১,০০০ কেজি।
তাঁর উদ্যোগে শিটাকে ও গ্যানোডার্মার মতো বিশেষ ধরনের মাশরুমের চাষও শুরু হয়েছে। পাশাপাশি, আচার, কুকিজ, নাগেটস, স্যুপ, প্রোটিন পাউডার, চা এবং পাঁপড়ের মতো মূল্য সংযোজিত পণ্যও তৈরি করা হয়। উৎপাদন ও পণ্যের বৈচিত্র্য আনার বাইরেও তাঁর অবদান বিস্তৃত। টেহরি, পৌড়ি এবং গাড়োয়ালের মাশরুম চাষিদের কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে তিনি অন্যান্য কৃষকদেরও জীবিকার বিকল্প হিসেবে মাশরুম চাষের সম্ভাবনা অন্বেষণে সাহায্য করেছেন।
পাহাড়ে যখন শুরু হল মাশরুম চাষ
বাগেশ্বরের উদেরখানি গ্রামে কৃষকদের একটি বৈঠকে মদন মোহন নতুন কিছু করার সম্ভাবনা খুঁজে পান। আগে কোনও অভিজ্ঞতা না থাকলেও তিনি সুরক্ষিত পরিবেশে সবজি ও মাশরুম চাষের প্রতি আগ্রহ দেখান।
২০২০-২১ সালে তফসিলি জাতি উপ-পরিকল্পনা (SCSP)-এর আওতায় গ্রামে ICAR-DMR আলমোড়ার কাজের মাধ্যমে এই সুযোগ তৈরি হয়। মদন মোহন মাশরুম চাষে আগ্রহী হলেও আর্থিক সংস্থানের অভাব তাঁর উদ্যোগ শুরুর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কর্মসূচির সহায়তায় এই ঘাটতি পূরণ করা সম্ভব হয়। ২০২২ সালে তাঁর খামারে একটি বহনযোগ্য পলিহাউস স্থাপন করা হয় এবং মাশরুম চাষের জন্য পাঁচ কুইন্টাল পাস্তুরিত কম্পোস্ট সরবরাহ করা হয়। উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার KVK কাফলিগাইর তাঁকে প্রশিক্ষণ ও ধারাবাহিক কারিগরি পরামর্শ প্রদান করে। এর ফলে প্রাতিষ্ঠানিক সহায়তায় তিনি মাশরুম চাষ শুরু করতে সক্ষম হন।
বহনযোগ্য পলিহাউস হল কম খরচে তৈরি করা যায় এমন একটি স্থানান্তরযোগ্য সুরক্ষিত চাষের কাঠামো, যা পাহাড়ি এলাকা এবং ক্ষুদ্র জমির কৃষকদের চাষের উপযোগী করে তৈরি করা হয়েছে।

নির্দেশিত চাষ পদ্ধতি অনুসরণ এবং KVK-র বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে মদন মোহন বাজারে বিক্রির উপযোগী এক কুইন্টাল বাটন মাশরুম উৎপাদন করেন। ৬২.৪ বর্গমিটারের পলিহাউসটিতে টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি এবং ফরাসি বিন-সহ ৭.৫ কুইন্টাল সবজিও উৎপাদিত হয়। মরশুমের বাইরে ফসল সংগ্রহ করায় বাজারে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়, কারণ স্থানীয় খুচরো বিক্রেতাদের কাছে হলদ্বানি মান্ডি থেকে সবজির সরবরাহ সীমিত ছিল। মাশরুম ও সবজি চাষ মিলিয়ে তাঁর আয় হয় ৪১,২৫০ টাকা, যা তাঁর আগের কৃষি আয়ের প্রায় দ্বিগুণ। তাঁর এই অগ্রগতি সহকৃষকদেরও একই ধরনের জীবিকার সুযোগ খুঁজে দেখতে উৎসাহিত করে। ICAR-DMR, আলমোড়া কিষান মেলায় তাঁকে সংবর্ধনা জানানোর মাধ্যমে তাঁর প্রচেষ্টার স্বীকৃতিও দেওয়া হয়।

এই অভিজ্ঞতাগুলি দেখায়, মাশরুম চাষ কেবল কৃষিকাজের একটি অতিরিক্ত কার্যক্রম হিসেবেই সীমাবদ্ধ নয়, বরং জীবিকার বহুমুখীকরণ এবং উদ্যোগপতিত্বের একটি পথ হয়ে উঠতে পারে। উপযুক্ত প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ এবং উৎপাদন সহায়ক পরিকাঠামোর মাধ্যমে এই চাষকে এগিয়ে নিয়ে যাওয়া হলে কৃষকরা সীমিত জমি ও সম্পদের আরও ভালো ব্যবহার করতে পারেন এবং অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করতে পারেন।

তথ্যবিবরণী

Ministry of Agriculture & Farmers Welfare

https://icar.gov.in/en/node/5810

https://icar.gov.in/sites/default/files/2025-04/ICAR%20Annual%20Report%202023-24-english.pdf

https://icar.gov.in/en/node/5684

https://www.manage.gov.in/publications/reports/internreports/Documentation%20of%20Women%20Leaders.pdf

https://www.manage.gov.in/publications/SuccessStories/SuccessStories-STRY100.pdf

https://icaratariguwahati.org.in/sites/default/files/Technical/Natural%20Resource%20Managment%20.pdf

https://nhb.gov.in/pdf/Cultivation.pdf

https://agritech.tnau.ac.in/farm_enterprises/Farm%20enterprises\_%20Mushroom_button_mushroom_spawning.html

https://epubs.icar.org.in/index.php/MR/article/view/162741/59036

https://epubs.icar.org.in/index.php/MR/article/view/146647/53511

Ministry of Development of North Eastern Region (DoNER)

https://necouncil.gov.in/sites/default/files/2026-07/nec-journal-new-1.pdf

 

Click to see pdf


*******
SSS/RP.......


(রিলিজ আইডি: 2334660) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati , Tamil