প্রকাশিত:
28 OCT 2026 9:50AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৬
ভারত সরকারের পর্যটন মন্ত্রক, অরুণাচল প্রদেশ সরকার এবং অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উদ্যোগে, ২৯–৩১ অক্টোবর, ২০২৬ অরুণাচল প্রদেশের তাওয়াং-এ উত্তর-পূর্বাঞ্চলের ১৪তম আন্তর্জাতিক পর্যটন মেলা বা ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট (আইটিএম)-এর আয়োজন করা হচ্ছে। তাওয়াং-এর হোটেল ভিভান্তা-তে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে যোগ দেবেন দেশের এবং বিদেশের পর্যটন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
২৯ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, পর্যটন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী সুরেশ গোপী এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডু। উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে সূচনা হবে ‘নর্থ ইস্ট বাজার’-এর।
‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট’ হল পর্যটন মন্ত্রকের একটি বার্ষিক গুরুত্বপূর্ণ আয়োজন, যার উদ্দেশ্য দেশের ও আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা। এই সমারোহ পর্যটন বাণিজ্যের সঙ্গে জড়িত উদ্যোক্তা, ট্যুর অপারেটর, সরকারি সংস্থা, গণমাধ্যম এবং অন্যান্য অংশীদারদের আলাপচারিতার একটি মঞ্চ হিসেবে কাজ করে।
এবারের আয়োজনে যোগ দেবেন দেশ বিদেশের ২০০ জনেরও বেশি প্রতিনিধি। অস্ট্রেলিয়া, ভুটান, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইন, পোল্যান্ড, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমির শাহী, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ২২টি দেশের প্রতিনিধিত্ব থাকছে এখানে। পাশাপাশি থাকছেন উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের প্রতিনিধিরা।
৩০ অক্টোবর এই আয়োজনে ‘বিজনেস-টু-বিজনেস’ সেশনের আয়োজন হবে। এর লক্ষ্য হল ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি করা, নতুন পর্যটন পণ্য তৈরি করা এবং এই অঞ্চলের পর্যটন উদ্যোক্তা ও পরিষেবা প্রদানকারীদের জন্য বাজারের সুযোগ প্রসারিত করা।
এছাড়াও বসছে ‘নর্থ ইস্ট বাজার’, যেখানে এই অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্পকলা, হস্তশিল্প, বস্ত্র এবং সাংস্কৃতিক নিদর্শন তুলে ধরা হবে। পাশাপাশি, সাংস্কৃতিক পরিবেশনা ও আঞ্চলিক রন্ধনশৈলীরও স্বাদ পাবেন যোগদানকারীরা।
তাওয়াং এবং এর আশেপাশের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলোতে পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে। এর মধ্যে রয়েছে তাওয়াং মঠ, যশবন্ত গড় যুদ্ধ স্মৃতিসৌধ, জং জলপ্রপাত, তাওয়াং যুদ্ধ স্মৃতিসৌধ, ষষ্ঠ দালাই লামার জন্মস্থান উরগেলিং গুম্পা, বুদ্ধ পার্ক, পাংকাং টেং সো (পিটিএসও) হ্রদ এবং শেরনুপ গ্রাম। আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য পরিচিতিমূলক সফরের (ফ্যামিলিয়ারাইজেশন ট্যুর) কার্যক্রম ১ নভেম্বর ২০২৬ তারিখে গুয়াহাটি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে, ৩০ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর পৌরোহিত্যে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পর্যটনমন্ত্রীদের একটি বৈঠক হবে।
১৩ বছর পর এইবারই প্রথম তাওয়াং-এ এই পর্যটন মেলার আয়োজন করা হয়েছে।
SC/AC /SG