পর্যটন মন্ত্রক
azadi ka amrit mahotsav

তাওয়াংয়ে আগামীকাল ২৯ অক্টোবর থেকে শুরু আন্তর্জাতিক পর্যটন মার্ট

উত্তর-পূর্ব ভারতের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে অরুনাচল প্রদেশে তিন দিনের পর্যটন মার্ট'এর আয়োজন করা হয়েছে 

দেশ-বিদেশের ২০০ জনেরও বেশি ক্রেতা বিক্রেতা পর্যটন মাট'এ অংশগ্রহণ করবেন 

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর পৌরহিত্যে উত্তর পূর্বাঞ্চলের পর্যটন মন্ত্রীদের আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হবে

পোস্ট করার দিনক্ষণ: 28 OCT 2026 9:50AM by PIB Agartala

নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৬: উত্তর-পূর্ব ভারতের পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরতে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে আগামীকাল ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ১৪তম আন্তর্জাতিক পর্যটন মার্ট। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, অরুণাচল প্রদেশ সরকার এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের সহযোগিতায় এই তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাওয়াংয়ের হোটেল ভিবান্তায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে দেশ-বিদেশের পর্যটন শিল্পের প্রতিনিধিরা অংশ নেবেন।

২৯ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় পর্যটন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চলের ঐতিহ্য, হস্তশিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে ‘নর্থ ইস্ট বাজার’-এর উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের এই বার্ষিক উদ্যোগে ২০০-রও বেশি প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তাঁদের মধ্যে ২২টি দেশের ৪৩ জন আন্তর্জাতিক ক্রেতা রয়েছেন। অস্ট্রেলিয়া, ভুটান, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান, ইতালি, মালয়েশিয়া, ফিলিপিন্স, পোল্যান্ড, রাশিয়া, শ্রীলংকা, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন ও আমেরিকাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন। উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের পর্যটন পরিষেবা প্রদানকারী, বিক্রেতা ও দেশীয় ক্রেতারাও অংশ নেবেন।

এই মার্টে ত্রিপুরা-সহ অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিমের পর্যটন আকর্ষণ, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্ভাবনা তুলে ধরা হবে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলকে কেন্দ্র করে যৌথ পর্যটন সার্কিট ও নতুন পর্যটন পণ্যের সম্ভাবনাও তুলে ধরা হবে।

আগামী ৩০ অক্টোবর দেশ-বিদেশের ক্রেতা এবং উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন পরিষেবা প্রদানকারীদের মধ্যে ব্যবসায়িক বৈঠকের আয়োজন করা হয়েছে। পর্যটন শিল্পে নতুন অংশীদারত্ব গড়ে তোলা, ব্যবসায়িক সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে এই অঞ্চলের পর্যটন পরিষেবার প্রসার ঘটানোই এর লক্ষ্য। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলে পর্যটনভিত্তিক  অর্থনীতির বিকাশ এবং সংরক্ষিত ও নিয়ন্ত্রিত এলাকায় পর্যটকদের প্রবেশের সুযোগ নিয়ে আলোচনা হবে। রয়্যাল এনফিল্ডের পক্ষ থেকেও অভিজ্ঞতাভিত্তিক পর্যটন নিয়ে একটি বিশেষ উপস্থাপনা থাকবে।

পর্যটন মার্ট'এর অন্যতম আকর্ষণ ‘নর্থ ইস্ট বাজার’-এ উত্তর - পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী শিল্পকলা, হস্তশিল্প, বস্ত্র ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শিত হবে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে।

প্রতিনিধিদের জন্য তাওয়াংয়ের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলিতে পরিদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে তাওয়াং মঠ, জসওয়ন্ত গড় ও তাওয়াং যুদ্ধ স্মারক, জাং জলপ্রপাত, ষষ্ঠ দলাই লামার জন্মস্থান উরগেলিং গোম্পা, বুদ্ধ পার্ক, পানকাং তেং সো হ্রদ এবং শেরনুপ গ্রাম। আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য ১ নভেম্বর থেকে গুয়াহাটি থেকে পরিচিতিমূলক পর্যটন সফর শুরু হওয়ার কথা।

এদিকে, ৩০ অক্টোবর কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সভাপতিত্বে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির পর্যটনমন্ত্রীদের আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হবে। পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং রাজ্যগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে।

উল্লেখ্য, ১৩ বছর পর ফের তাওয়াংয়ে ফিরছে আন্তর্জাতিক পর্যটন মার্ট। এর আগে ২০১৩ সালে এই অনুষ্ঠানের দ্বিতীয় সংস্করণ তাওয়াংয়ে অনুষ্ঠিত হয়েছিল। গত বছর, অর্থাৎ ২০২৫ সালের নভেম্বরে, এই মার্টের ১৩তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল সিকিমের গ্যাংটকে।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2329382) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Assamese , Gujarati