প্রকাশিত:
27 OCT 2026 2:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২৬
ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ‘কর্মক্ষেত্র ও জন পরিসরে নারীদের নিরাপত্তা’ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। এটি কেন্দ্রীয় সরকারের দশটি মন্ত্রকের সচিব, রেল বোর্ডের চেয়ারম্যান এবং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব/প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন বলেছে যে, নারীদের অধিকার রক্ষার জন্য কঠোর আইন থাকা সত্ত্বেও কর্মক্ষেত্র ও জনপরিসরে তাঁদের নিরাপত্তা এখনও একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতে সাম্প্রতিক ‘পিরিয়ডিক লেবার ফোর্স পার্টিসিপেশন সার্ভে’ অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণের হার ছিল ৩৪.৬ শতাংশ। অন্যদিকে, ২০২৬ সালে প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নারীদের বিরুদ্ধে অপরাধের প্রায় ৪.৪ লক্ষ ঘটনা নথিভুক্ত হয়েছে। এই পরিসংখ্যানগুলি নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান চ্যালেঞ্জগুলিকে তুলে ধরছে।জাতীয় মানবাধিকার কমিশন মনে করে যে, ন্যায়বিচার ও সমান সুযোগ পাওয়ার ক্ষেত্রে নারীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে তাঁদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন আরও উল্লেখ করেছে যে, কর্মক্ষেত্র ও জনপরিসরে নিরাপত্তা থাকাটা নারীদের শ্রমশক্তিতে পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণ করতে এবং তাঁদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে একটি অপরিহার্য শর্ত।
রেল বোর্ড ছাড়াও, যে সব কেন্দ্রীয় মন্ত্রকের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে - নারী ও শিশু বিকাশ; শিক্ষা; স্বরাষ্ট্র; তথ্য ও সম্প্রচার; শ্রম ও কর্মসংস্থান; কর্পোরেট বিষয়ক; সড়ক পরিবহন ও মহাসড়ক; আবাসন ও নগর বিষয়ক; এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
জাতীয় মানবাধিকার কমিশনের এই অ্যাডভাইসরি-টি আটটি মূল বিষয়ের ওপর আলোকপাত করেছে। এর মধ্যে রয়েছে - নারীদের নিরাপত্তা ও যৌন হয়রানি বিষয়ক সচেতনতা বৃদ্ধি, পরিকাঠামোগত উন্নয়ন, কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রত্যক্ষদর্শীদের হস্তক্ষেপকে উৎসাহিত করা, পুলিশের ভূমিকা, ভুক্তভোগীদের সহায়তা প্রদান, নারীদের বিরুদ্ধে সাইবার অপরাধ, দীর্ঘমেয়াদী সংস্কার এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ। বিস্তারিত নির্দেশিকাটি এই লিঙ্কে দেখুন:
http:// https://nhrc.nic.in/flipbook/other_advisories/45
জাতীয় মানবাধিকার কমিশন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এই পরামর্শপত্রে উল্লিখিত সুপারিশগুলি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কাজের অগ্রগতি সম্পর্কে কমিশনকে অবহিত করার জন্য দুই মাসের মধ্যে একটি ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ বা গৃহীত পদক্ষেপ বিষয়ক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
SC/MP/SB