তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

পুনেতে চার দিনব্যাপী ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসবের আয়োজন NFDC–NFAI-এর, তুলে ধরা হবে কিংবদন্তি পরিচালকের বৈচিত্র্যময় সৃষ্টিসম্ভারের অনন্য দিকগুলি

প্রকাশিত: 21 OCT 2026 6:13PM by PIB Kolkata

মুম্বই, ২১ অক্টোবর ২০২৬

 

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়া যৌথভাবে আগামী ২২ - ২৫ অক্টোবর, ২০২৬  পুনের ল কলেজ রোডে অবস্থিত তাদের প্রেক্ষাগৃহে  চলচ্চিত্র উৎসব ‘ঘটক: আ রেট্রোস্পেকটিভ’-এর আয়োজন করবে।

এই চলচ্চিত্র উৎসবে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ৪কে প্রযুক্তিতে পুনরুদ্ধার করা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র, ৩৫ মিমি-র বিরল প্রিন্ট, তথ্যচিত্র, শিক্ষামূলক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র এবং অসমাপ্ত কাজের ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত কিছু অংশ প্রদর্শিত হবে।

এই বিশেষ চলচ্চিত্র উৎসবের মাধ্যমে চলচ্চিত্র গবেষক, শিক্ষার্থী ও চলচ্চিত্রপ্রেমীরা ঋত্বিক ঘটকের চলচ্চিত্র-সৃষ্টির ব্যাপ্তি ও বৈচিত্র্য অন্বেষণের সুযোগ পাবেন। তাঁর পরিচালিত চলচ্চিত্রের পাশাপাশি সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান এবং তুলনামূলকভাবে কম পরিচিত কাজগুলিও এই উৎসবে বিশেষভাবে তুলে ধরা হবে।

২২ অক্টোবর নিমাই ঘোষ পরিচালিত ছিন্নমূল (১৯৫০) ছবির মাধ্যমে চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। এই ছবিতে ঋত্বিক ঘটক অভিনয় করেছিলেন। দেশভাগের পর  বাস্তুচ্যুতির চিত্র এই ছবিতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, চলচ্চিত্র পরিচালক হিসেবে  প্রতিষ্ঠিত হওয়ার আগে ঋত্বিক ঘটকের চলচ্চিত্রজীবনের একটি গুরুত্বপূর্ণ পর্বেরও পরিচয় মেলে এই ছবিতে।
এই চলচ্চিত্র উৎসবে ঋত্বিক ঘটকের প্রশংসিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলির ৪কে প্রযুক্তিতে পুনরুদ্ধার করা সংস্করণ প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে নাগরিক (১৯৫২), অযান্ত্রিক (১৯৫৮), বাড়ি থেকে পালিয়ে (১৯৫৯), মেঘে ঢাকা তারা (১৯৬০), কোমল গান্ধার (১৯৬১), সুবর্ণরেখা (১৯৬২), তিতাস একটি নদীর নাম (১৯৭৩) এবং যুক্তি তক্কো আর গপ্পো (১৯৭৪)।

এ ছাড়াও, হৃষীকেশ মুখোপাধ্যায় পরিচালিত মুসাফির (১৯৫৭), বিমল রায় পরিচালিত মধুমতী (১৯৫৮) প্রভৃতি ছবিও প্রদর্শিত হবে, যথাক্রমে যাদের চিত্রনাট্য এবং কাহিনি ও চিত্রনাট্য রচনায় ঋত্বিক ঘটকের অবদান আছে।  এই হিন্দি চলচ্চিত্রগুলি ঋত্বিক ঘটকের সৃজনশীল অবদানের ব্যাপকতা তুলে ধরার পাশাপাশি, ভারতীয় চলচ্চিত্রের বৃহত্তর পরিসরে তাঁর কাজের গুরুত্বও প্রতিষ্ঠা করে।

এই চলচ্চিত্র  উৎসবে তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রও প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে বিহার কে দর্শনীয় স্থান (১৯৫৫), ফিয়ার (১৯৬৫), রঁদেভু (১৯৬৫), নাগরিক সংরক্ষণ/সিভিল ডিফেন্স (১৯৬৫), মাই লেনিন (১৯৭০), সায়েন্টিস্টস অব টুমরো (১৯৬৭), পুরুলিয়ার ছৌ (১৯৭০), আদিবাসিয়োঁ কা জীবন, ইয়ে কিউঁ (১৯৭০) এবং দুর্বার গতি পদ্মা (১৯৭১)। এই চলচ্চিত্রগুলি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের বাইরেও তথ্যচিত্র নির্মাণ, সাংস্কৃতিক ঐতিহ্য ও রীতিনীতি, জনজীবন এবং শিল্পসৃজনের বিভিন্ন ক্ষেত্রে ঋত্বিক ঘটকের সংযোগের পরিচয় তুলে ধরে।

এই চলচ্চিত্র  উৎসবে বিশেষ আর্কাইভগত গুরুত্ব রয়েছে এমন কয়েকটি অসমাপ্ত কাজও প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে রঙের গোলাম, বগলার বঙ্গদর্শন, কত অজানারে (১৯৫৯) এবং বিশিষ্ট ভাস্কর রামকিঙ্কর বেইজের জীবন অবলম্বনে ঋত্বিক ঘটকের একটি অসমাপ্ত জীবনীমূলক চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশনের (NFHM) আওতায় এই অসমাপ্ত  কাজগুলির সংরক্ষিত অংশবিশেষ পুনরুদ্ধার ও ডিজিটাইজ করে ২কে/৪কে প্রযুক্তিতে প্রস্তুত করা হয়েছে।

এই অসমাপ্ত চলচ্চিত্রগুলির সংরক্ষিত অংশবিশেষের সর্বসাধারণের জন্য প্রদর্শন দর্শকদের সামনে  বিরল চলচ্চিত্র-উপাদান প্রত্যক্ষ করার সুযোগ এনে দেবে।

এই অংশবিশেষগুলি আরও একবার তুলে ধরবে চলচ্চিত্র আর্কাইভের গুরুত্বপূর্ণ ভূমিকা—শুধু সম্পূর্ণ চলচ্চিত্র নয়, বরং অসমাপ্ত ও স্বল্পপরিচিত কাজগুলিকেও সংরক্ষণ করা, যা একজন চলচ্চিত্রকারের সৃজনশীল যাত্রাকে আরও পূর্ণাঙ্গভাবে বুঝতে সাহায্য করে।

এই চলচ্চিত্রগুলির পুনরুদ্ধারের কাজ  তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অন্যতম প্রধান উদ্যোগ জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশনের অধীনে সম্পন্ন করা হয়েছে। দেশের দৃশ্য-শ্রাব্য ঐতিহ্য সংরক্ষণে নিবেদিত এই উদ্যোগের লক্ষ্য ভারতের চলচ্চিত্র-ঐতিহ্যকে সুরক্ষিত রাখা।

এনএফডিসি–এনএফএআই-এর কাছে কয়েক দশক ধরে সংরক্ষিত মূল চলচ্চিত্র উপাদান এবং পশ্চিমবঙ্গ রাজ্য চলচ্চিত্র অভিলেখ্যাগারের মূল্যবান সামগ্রী ব্যবহার করে অত্যন্ত যত্নসহকারে এই চলচ্চিত্রগুলি ৪কে রেজোলিউশনে পুনরুদ্ধার করা হয়েছে। চলচ্চিত্রগুলির দৃশ্যগত সত্যতা এবং ঋত্বিক ঘটকের মূল চলচ্চিত্র-ভাবনার যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে রঙের বিন্যাস ও সংশোধনের (কালার গ্রেডিং) কাজটি তদারকি করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক শ্রী অভীক মুখোপাধ্যায়। এই পুনরুদ্ধার উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

বিস্তারিত সময়সূচি জানতে আগ্রহীরা nfaifilmcircle@nfdcindia.com ঠিকানায় ই-মেল করতে পারেন অথবা এনএফডিসি–এনএফএআই-এর সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলি দেখতে পারেন।

 

SC


(রিলিজ আইডি: 2326456) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Telugu