PIB Backgrounder
azadi ka amrit mahotsav

পাম্পড স্টোরেজ জলবিদ্যুৎ

ভারতের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে শক্তি জোগাচ্ছে

প্রকাশিত: 19 OCT 2026 11:02AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ অক্টোবর ২০২৬

 

পরিচ্ছন্ন জ্বালানি ভারতের বিদ্যুৎ ব্যবস্থার চিত্র বদলে দিচ্ছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের একটি প্রযুক্তি শক্তিশালী নতুন জ্বালানি ভবিষ্যতের পথ প্রশস্ত করছে। প্রায়শই ‘জলের ব্যাটারি’ হিসেবে পরিচিত পাম্পড স্টোরেজ প্রযুক্তিতে জল ও অভিকর্ষ বল ব্যবহার করে বিদ্যুৎ সঞ্চয় করা হয়। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের চাহিদার সময়ের মধ্যে ব্যবধান পূরণ করা সম্ভব হয়। জলাধার থেকে আধুনিক বিদ্যুৎ গ্রিড পর্যন্ত এই প্রযুক্তি পরিচ্ছন্ন, নির্ভরযোগ্য ও স্থিতিস্থাপক জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করছে।

সঞ্চিত শক্তির মাধ্যমে ভারতের জ্বালানি ভবিষ্যৎ নির্মাণ

জ্বালানি নিরাপত্তা ও স্থায়িত্ব শক্তিশালী করতে ভারতের জ্বালানি রূপান্তর ক্রমশ পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর নির্ভরশীল হয়ে উঠছে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পরিচ্ছন্ন উৎসের মাধ্যমে মেটাতে দেশ দ্রুত সৌর ও বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে। ২০২৬ সালের জুলাই পর্যন্ত ভারতে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত ক্ষমতা ৩০০ গিগাওয়াট ছাড়িয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে দেশে প্রায় ৫৫.২৯ গিগাওয়াট জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে। ২০৩০ সালের মধ্যে এই ক্ষমতা ৫০০ গিগাওয়াটে পৌঁছনোর লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে ভারত। এই লক্ষ্য অর্জনে সৌর ও বায়ুশক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তবে সূর্যালোক, আবহাওয়া এবং দৈনিক চাহিদার ধরন অনুযায়ী পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন পরিবর্তিত হয়। পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ চাহিদার তুলনায় বেশি হলে তা সঞ্চয় করার প্রয়োজন ক্রমশ বাড়ছে। পরে যখন পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন কম থাকে অথবা বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়, তখন সঞ্চিত শক্তি ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করা যায়।

পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে শক্তি সঞ্চয়ের প্রয়োজনও দ্রুত বাড়বে। Central Electricity Authority (CEA)-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৩১-৩২ সালের মধ্যে দেশে ৭৩.৯৩ গিগাওয়াট শক্তি সঞ্চয় ক্ষমতার প্রয়োজন হবে। এর মধ্যে Pumped Storage Projects (PSPs) থেকে ২৬.৬৯ গিগাওয়াট এবং Battery Energy Storage Systems (BESS) থেকে ৪৭.২৪ গিগাওয়াট ক্ষমতা পাওয়ার হিসাব রয়েছে।

দীর্ঘ সময় ধরে শক্তি সঞ্চয়ের এই চাহিদা মেটাতে PSP গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিদ্যুতের অতিরিক্ত উৎপাদনের সময় জল পাম্প করে উচ্চতর জলাধারে তোলা হয়। বিদ্যুতের চাহিদা বাড়লে সঞ্চিত জল টারবাইনের মধ্য দিয়ে ছেড়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর ফলে পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ অন্য সময়ে ব্যবহার করা সম্ভব হয় এবং গ্রিডের স্থিতিশীলতা বজায় থাকে। দীর্ঘ সময়ের জন্য শক্তি সঞ্চয় এবং সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ সরবরাহের সুবিধাও পাওয়া যায়। বৃহৎ পরিমাণে পুনর্নবীকরণযোগ্য শক্তিকে বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে তাই এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ।

PSP-র কার্যপদ্ধতি: শক্তি সঞ্চয় ও সরবরাহের চক্র

একটি Pumped Storage Project-এ সাধারণত ভিন্ন উচ্চতায় অবস্থিত দুটি জলাধার থাকে। বিদ্যুতের অতিরিক্ত উৎপাদনের সময় নিচের জলাধার থেকে জল পাম্প করে উপরের জলাধারে তোলা হয়। সেখানে জল বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে। বিদ্যুতের প্রয়োজন হলে উপরের জলাধার থেকে জল টারবাইনের মধ্য দিয়ে ছেড়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিদ্যুতের চাহিদা কমে গেলে বা অতিরিক্ত বিদ্যুৎ পাওয়া গেলে জল আবার পাম্প করে উপরের জলাধারে তোলা হয়। এর মাধ্যমে সঞ্চয়ের চক্র সম্পূর্ণ হয়। তাই Pumped Storage Project বৃহৎ পরিসরের শক্তি সঞ্চয় ব্যবস্থা হিসেবে কাজ করে এবং বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা ও পুনর্নবীকরণযোগ্য শক্তির সংযুক্তি বাড়াতে সাহায্য করে।

পাম্পড স্টোরেজ বিদ্যুৎকেন্দ্রের শ্রেণিবিভাগ

প্রাকৃতিক জলপ্রবাহের সঙ্গে জলাধারগুলির সংযোগ এবং অবস্থানের ভিত্তিতে PSP-কে শ্রেণিবদ্ধ করা হয়। এই প্রকল্পগুলি তিন ধরনের: on-stream, off-stream open-loop এবং off-stream closed-loop। এই শ্রেণিবিভাগের মাধ্যমে প্রকল্পের জলাধারগুলির সঙ্গে প্রাকৃতিক জলপ্রবাহের বিভিন্ন ধরনের সম্পর্ক বোঝানো হয়।

অন-স্ট্রিম ওপেন-লুপ পাম্পড স্টোরেজ

অন-স্ট্রিম পাম্পড স্টোরেজ প্রকল্পে উভয় জলাধারই কোনও নদী, ছোট জলধারা বা নালার উপর অবস্থিত থাকে। বিদ্যুতের চাহিদা মেটাতে উপরের জলাধারে সঞ্চিত জল টারবাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং বিদ্যুৎ উৎপন্ন করে। বিদ্যুতের চাহিদা কম থাকলে বা অতিরিক্ত বিদ্যুৎ পাওয়া গেলে জল আবার পাম্প করে উপরের জলাধারে তোলা হয়। পরে সেই জল পুনরায় ব্যবহার করা যায়।

 অফ-স্ট্রিম ওপেন-লুপ পাম্পড স্টোরেজ

অফ-স্ট্রিম ওপেন-লুপ পাম্পড স্টোরেজ প্রকল্পে একটি জলাধার নদী, ছোট জলধারা বা নালার উপর অবস্থিত থাকে। অন্য জলাধারটি কোনও নদী, সারা বছর প্রবাহিত জলধারা বা সারা বছর জলপ্রবাহ থাকে এমন নালার উপর অবস্থিত থাকে না। বিদ্যুতের প্রয়োজন হলে উপরের জলাধার থেকে জল টারবাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিদ্যুৎ উৎপাদন করে। পরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে জল আবার উপরের জলাধারে পাম্প করা হয়। এর মাধ্যমে পরবর্তী চক্রের জন্য ব্যবস্থা পুনরায় প্রস্তুত হয়।

Off-stream Closed-loop Pumped Storage

Off-stream closed-loop পাম্পড স্টোরেজ প্রকল্পে কোনও জলাধারই নদী, সারা বছর প্রবাহিত জলধারা বা সারা বছর জলপ্রবাহ থাকে এমন নালার উপর অবস্থিত থাকে না। উভয় জলাধারই সারা বছর জলপ্রবাহ থাকে এমন প্রাকৃতিক জলপথ থেকে দূরে অবস্থিত। বিদ্যুতের প্রয়োজন হলে উপরের জলাধার থেকে জল টারবাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং বিদ্যুৎ উৎপন্ন করে। বিদ্যুতের চাহিদা কম থাকলে বা অতিরিক্ত বিদ্যুৎ পাওয়া গেলে জল আবার পাম্প করে উপরের জলাধারে তোলা হয়।

ভৌগোলিক অবস্থান ও প্রযুক্তিগত পরিস্থিতির ভিত্তিতে এই তিন ধরনের Pumped Storage Project-ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে নদী থেকে দূরে অবস্থিত আরও বেশি off-stream প্রকল্প চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং জলজ বাস্তুতন্ত্র ও পার্শ্ববর্তী পরিবেশের উপর প্রভাব কমানো সম্ভব হবে।

শক্তি সঞ্চয় ক্ষমতার সম্প্রসারণ: পাম্পড স্টোরেজে ভারতের অগ্রগতি

ক্রমবর্ধমান পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকে সহায়তা করতে ভারত দ্রুত পাম্পড স্টোরেজ ক্ষমতা বাড়াচ্ছে। বর্তমানে চালু প্রকল্প, নির্মাণাধীন প্রকল্প এবং নির্মাণের আগের পর্যায়ে থাকা প্রকল্পগুলির মাধ্যমে এই সম্প্রসারণ এগিয়ে চলেছে। এর ফলে ভারতের দীর্ঘমেয়াদি শক্তি সঞ্চয় পরিকাঠামো আরও শক্তিশালী হচ্ছে।

- চালু প্রকল্পের ক্ষমতা: ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ভারতে ১০টি প্রকল্পের মাধ্যমে মোট ৭.৪৩ গিগাওয়াট পাম্পড স্টোরেজ ক্ষমতা কার্যকর রয়েছে। প্রতিটি প্রকল্পের স্থাপিত ক্ষমতা ২৫ মেগাওয়াটের বেশি।

- নির্মাণাধীন ও বাস্তবায়ন পর্যায়ে: দেশের বিভিন্ন স্থানে আরও ১১টি PSP-তে মোট ১৫.৮৭ গিগাওয়াট ক্ষমতা নির্মাণাধীন অথবা বাস্তবায়ন পর্যায়ে রয়েছে।

- পরবর্তী পর্যায়ের প্রকল্প: মোট ৮টি প্রকল্পে ১০.৪০ গিগাওয়াট ক্ষমতার প্রস্তাবে Central Electricity Authority সম্মতি দিয়েছে অথবা সেগুলির মূল্যায়ন করেছে।

ভারতের বিভিন্ন অঞ্চলে পাম্পড স্টোরেজের সম্ভাবনা

ভারতে মোট ৩২০টি পাম্পড স্টোরেজ প্রকল্প চিহ্নিত করা হয়েছে। এগুলির সম্মিলিত সম্ভাব্য ক্ষমতা ৩৪৫.৩৮ গিগাওয়াট। এর মধ্যে ৬২টি on-stream প্রকল্পের সম্ভাব্য ক্ষমতা ৫৬.৬৭ গিগাওয়াট এবং ২৫৮টি off-stream প্রকল্পের সম্ভাব্য ক্ষমতা ২৮৮.৭১ গিগাওয়াট। দেশের পাঁচটি অঞ্চলে এই প্রকল্পগুলি বিস্তৃত। এর মধ্যে বিভিন্ন পর্যায়ের প্রকল্প রয়েছে, এমনকি ইতিমধ্যে উৎপাদন শুরু করা প্রকল্পও অন্তর্ভুক্ত।

PSP নির্মাণ এবং উপযুক্ত স্থান নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তিগত ও পরিবেশগত দিক মূল্যায়ন করা প্রয়োজন। এর মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, ভূতত্ত্ব, জলবিদ্যা, জলাধারের বৈশিষ্ট্য, ভিত্তিভূমির অবস্থা, ভূমিকম্পের ঝুঁকি এবং পরিবেশগত বিষয়। প্রকল্প মূল্যায়নের সময় নির্মাণসামগ্রী, বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা এবং বিদ্যুৎ সঞ্চালন সংযোগও পরীক্ষা করা হয়।

পশ্চিমাঞ্চলে পাম্পড স্টোরেজের চিহ্নিত সম্ভাবনা সর্বাধিক, ১২৯.৭২ গিগাওয়াট। CEA-র মতে, এর প্রধান কারণ পশ্চিমঘাট থেকে উৎপন্ন নদীগুলির ভূপ্রকৃতি এবং খাড়া ঢাল। মহারাষ্ট্রে সম্ভাব্য ক্ষমতা ৬৭.৩৬ গিগাওয়াট। এর পরে রয়েছে গুজরাট, যেখানে এই সম্ভাব্য ক্ষমতা ৩৩.৩৬ গিগাওয়াট।

পাম্পড স্টোরেজ প্রকল্পের সম্ভাব্য ক্ষমতা বৃদ্ধি

এই বিপুল সম্পদভিত্তি দীর্ঘমেয়াদি শক্তি সঞ্চয়ের পরিধি বাড়ানোর জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। তাই Central Electricity Authority ২০৩৫-৩৬ সাল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চয় ক্ষমতা বৃদ্ধির একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করেছে। ২০৩৫-৩৬ সালের মধ্যে মোট ১০০.৮১ গিগাওয়াট ক্ষমতার প্রকল্পে উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতিমধ্যে নির্মাণাধীন প্রকল্পগুলিও অন্তর্ভুক্ত। এই সম্প্রসারণের ফলে পাম্পড স্টোরেজের মোট ক্ষমতা বেড়ে ১০৫.৫৬ গিগাওয়াটে পৌঁছবে।

পরিকল্পিত এই সম্প্রসারণ বিদ্যুৎ গ্রিডের নমনীয়তা উল্লেখযোগ্যভাবে বাড়াতে এবং আরও বেশি পুনর্নবীকরণযোগ্য শক্তিকে বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে। ভারতের ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবেও পাম্পড স্টোরেজের অবস্থান আরও শক্তিশালী হবে।

সরকারি উদ্যোগ ও পদক্ষেপ

PSP-র উন্নয়ন ও ব্যবহার বাড়াতে ভারত সরকার নীতি, নিয়ন্ত্রণ, চাহিদা এবং সরবরাহ, এই সব ক্ষেত্রেই একাধিক সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে।

- PSP উন্নয়নের জন্য নির্দিষ্ট নির্দেশিকা: বিদ্যুৎ মন্ত্রক ২০২৩ সালের এপ্রিল মাসে ভারতে Pumped Storage Projects-এর উন্নয়ন প্রসারের জন্য নির্দেশিকা জারি করে।
  
  এই নির্দেশিকায় PSP-র উন্নয়ন দ্রুততর করার জন্য একটি নীতিগত কাঠামো নির্ধারণ করা হয়েছে। নির্দেশিকা পেতে এখানে ক্লিক করুন।

- সহায়ক পরিকাঠামোর জন্য সমর্থন: PSP উন্নয়নের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পরিকাঠামো নির্মাণে বাজেট থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে রাস্তা, সেতু, রেলপথের সংযোগ শাখা, রোপওয়ে, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন। এই পদক্ষেপগুলি প্রকল্পের যোগাযোগ ব্যবস্থা উন্নত করে এবং আর্থিক ও প্রযুক্তিগত বাস্তবায়নযোগ্যতা শক্তিশালী করে।

- প্রতিযোগিতামূলক ক্রয় কাঠামো: Tariff-Based Competitive Bidding (TBCB) সংক্রান্ত নির্দেশিকা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জারি করা হয়। PSP-র মাধ্যমে শক্তি সঞ্চয় ক্ষমতা এবং সঞ্চিত বিদ্যুৎ সংগ্রহের জন্য এতে স্বচ্ছ ও মানসম্মত কাঠামো নির্ধারণ করা হয়েছে।

- আন্তঃরাজ্য বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার মাশুলে ছাড়: ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণের জন্য বরাত পাওয়া PSP-গুলি ১০০ শতাংশ Inter-State Transmission System (ISTS) মাশুলে ছাড় পাওয়ার যোগ্য। বাণিজ্যিক উৎপাদন শুরুর পর ২৫ বছর পর্যন্ত এই ছাড় প্রযোজ্য হবে। এর ফলে PSP-গুলির আর্থিক বাস্তবায়নযোগ্যতা বাড়বে।

- দ্রুত প্রকল্প অনুমোদন: CEA-র সংশোধিত নির্দেশিকায় Detailed Project Report-এর অনুমোদন প্রক্রিয়ার সময়সীমা কমানো হয়েছে। সব PSP-র ক্ষেত্রে এই সময়সীমা ৯০ দিন থেকে কমিয়ে ৫০ দিন করা হয়েছে। আন্তঃরাজ্য সংক্রান্ত বিষয়ের জন্য পৃথক ছাড়পত্রের প্রয়োজনীয়তাও তুলে দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলি প্রকল্পের উন্নয়ন দ্রুততর করতে সাহায্য করবে।

জ্বালানি রূপান্তরের পরবর্তী অপরিহার্য পদক্ষেপ

২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০০ গিগাওয়াটে পৌঁছনোর ভারতের লক্ষ্য দেশের বিদ্যুৎ ব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। পুনর্নবীকরণযোগ্য শক্তির ভূমিকা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সঞ্চয় এবং চাহিদা অনুযায়ী তা সরবরাহ করার সক্ষমতা একটি নির্ভরযোগ্য ও ভারসাম্যপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা বজায় রাখার ক্ষেত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বৃহৎ পরিসরে দীর্ঘ সময়ের জন্য শক্তি সঞ্চয়ের ক্ষমতা এবং বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন প্রয়োজন মেটানোর সুবিধার কারণে Pumped Storage Hydropower এই চাহিদা পূরণের উপযুক্ত প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ সরবরাহ, পরিবর্তনশীল পুনর্নবীকরণযোগ্য শক্তির সংযুক্তি এবং বিদ্যুৎ গ্রিডের নমনীয়তা ও স্থিতিস্থাপকতা বাড়ানো, সব ক্ষেত্রেই এর ভূমিকা রয়েছে।

পরিচ্ছন্ন জ্বালানির ব্যবস্থা ক্রমশ বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন পরিকাঠামোর পাশাপাশি শক্তি সঞ্চয় ব্যবস্থার কার্যকর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর মাধ্যমে এমন একটি বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে, যা আরও পরিচ্ছন্ন, নমনীয় এবং ভবিষ্যতের চাহিদা মেটাতে প্রস্তুত।

তথ্যসূত্র

Ministry of Power

· https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286558&lang=1&reg=3&utm_source

· https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286558&lang=1&reg=3

· https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293896&lang=2&reg=48&utm_source

· https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047047&lang=2&reg=48&utm_source

· https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290015&reg=48&lang=2

 

 

Ministry of New and Renewable Energy

· https://mnre.gov.in/en/physical-progress/

· https://www.pib.gov.in/newsite/erelcontent.aspx?lang=2&reg=48&relid=293063&utm_source

 

Central Electricity Authority

National Thermal Power Corporation Limited

  • https://ntpc.co.in/media/employee-blog/role-water-batteries-energy-transition-and-green-energy-integration-india?utm_source

International Renewable Energy Agency

Click here for pdf file


**
SSS/S Saha


(রিলিজ আইডি: 2325533) ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Tamil , Malayalam