প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১৫ অক্টোবর লাদাখে ৩,৩৫০ কোটি টাকার ৫টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন
প্রকাশিত:
14 OCT 2026 3:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ অক্টোবর লাদাখে বেলা ১২.৩০ মিনিটে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৩,৩৫০ কোটি টাকার ৫টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এই ৫টি প্রকল্প সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে, জ্বালানীর পরিকাঠামোর মানোন্নয়ন ঘটাবে, সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করবে এবং জল সংক্রান্ত সুরক্ষা বৃদ্ধি করবে।
প্রধানমন্ত্রী ৬৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত লেহ-র কুশোক বাকুলা রিমপোচে বিমান বন্দরের যাত্রীদের জন্য নতুন টার্মিনাল ভবনটির উদ্বোধন করবেন। ২৩,৮০০ বর্গমিটার এলাকা জুড়ে এই আধুনিক টার্মিনালটি তৈরি করা হয়েছে। এরফলে বছরে ৩৫ লক্ষ যাত্রী এই বিমান বন্দর ব্যবহার করতে পারবেন। লাদাখের সংবেদনশীল বাস্তুতন্ত্রের কথা বিবেচনা করে এই অঞ্চলের সুস্থায়ী উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে ভুগর্ভস্থ তাপমাত্রাকে কাজে লাগানো হবে। ফলস্বরূপ দক্ষতার সঙ্গে জ্বালানীর ব্যবহার বৃদ্ধি করার পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস পাবে। লাদাখের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যাত্রীদের জন্য আধুনিক নানা ধরনের সুযোগ-সুবিধার মেলবন্ধন ঘটাবে এই বিমান বন্দর। এর ফলে এই টার্মিনাল দিয়ে যাতায়াত করা আরও সুবিধা হবে এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে আকাশপথে যোগাযোগ শক্তিশালী হবে।
শ্রী মোদী সীমান্ত সড়ক সংগঠন নির্মিত ২৯৮ কিলোমিটার দীর্ঘ নিম্মু-পাদুম-দরচা সড়কটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এর ফলে প্রত্যন্ত জাস্কর উপত্যকার মধ্য দিয়ে লে-র নিম্মু থেকে হিমাচল প্রদেশের দরচা পর্যন্ত সড়ক ব্যবস্থা গড়ে উঠবে। এটি লাদাখ অঞ্চলের একটি বিকল্প করিডর হিসেবে বিবেচিত হবে। শ্রীনগর থেকে লেহ এবং মানালি থেক লেহ-র মধ্যে মহাসড়করের পাশাপাশি নতুন এই সড়কটি সুউচ্চ সিংকুনলার মধ্য দিয়ে যাবে। এই সড়ক নির্মাণে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি নির্মিত হওয়ার ফলে সশস্ত্র বাহিনীর কাছে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার নতুন আরও একটি রাস্তা পাওয়া যাবে। পাশাপাশি জাসকর অঞ্চলের নাগরিকদের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা সহজলভ্য হবে। তাঁরা নতুন নতুন বাজারের সুযোগ পাবেন।
জ্বালানী নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তুলতে এবং লাদাখে পুনর্নবীকরণযোগ্য জ্বালানীর সম্ভাবনাকে আরও কাজে লাগাতে প্রধানমন্ত্রী ৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং ৬৬ কেভি ক্ষমতাসম্পন্ন ডাবল সার্কিট দাহ-হানু-খালতসি পরিবহণ ব্যবস্থাপনার উদ্বোধন করবেন। এরফলে সংশ্লিষ্ট অঞ্চলের বিদ্যুৎ পরিবহণ পরিকাঠামোর মানোন্নয়ন ঘটবে। এছাড়াও লাদাখের বিদ্যুৎ সরবরাহ সুস্থিত হবে।
লাদাখের প্রাচীন পুরাতাত্ত্বিক ঐতিহ্যকে রক্ষা করার বিষয়টি সব সময় গুরুত্ব সহকারে বিবেচিত হয়। প্রধানমন্ত্রী লেহ-র সিন্ধুহাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ উদ্যানের উদ্বোধন করবেন। লাদাখে প্রাক ঐতিহাসিক সময়কালে বেশ কিছু পার্বত্য স্থাপত্যের নিদর্শন রয়েছে। এই স্থাপত্যগুলি থেকে সংশ্লিষ্ট অঞ্চলের বণ্যপ্রাণী এবং মানুষের জীবনযাত্রার ধারণা পাওয়া যায়। এগুলি হাজার হাজার বছরেরর পুরনো মানব সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন। এই অঞ্চলের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির প্রতীক এই পেট্রোগ্লিফগুলি। এই উদ্যানটি অমূল্য পুরাতাত্ত্বিক নিদর্শনগুলিকে রক্ষা করবে। ফলে এই অঞ্চলের সভ্যতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠবে। পাশাপাশি ঐতিহ্যকে ঘিরে এক পর্যটনের প্রসার ঘটবে।
প্রধানমন্ত্রী প্রজেক্ট হিম সরোবরের আওতায় ৪০টি নতুন জলাশয়ের উদ্বোধন করবেন। এগুলি ৪০টি গ্রামে খনন করা হয়েছে। লাদাখের অনন্য ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু সংক্রান্ত সমস্যার মধ্যে জল সংরক্ষণকে গুরুত্ব দিয়ে অমৃত সরোবর প্রকল্পের সঙ্গে সাযুজ্য রেখে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এই অঞ্চলে প্রয়োজনের তুলনায় কম জল পাওয়ার ফলে কৃষিকাজে বেশ সমস্যা দেখা দেয়। তুষারপাতের সময় কৃষকরা জলকষ্টে ভোগেন। বছরের অন্য সময়ে অবশ্য হিমবাহ এবং বরফগলা জল কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। হিম সরোবর প্রকল্পের আওতায় কৃষিকাজে সেচের জল পাওয়া নিশ্চিত হবে। এছাড়াও সংশ্লিষ্ট অঞ্চলের জলের দীর্ঘমেয়াদী চাহিদা পূরণ হবে।
SC/CB/NS
(রিলিজ আইডি: 2323303)
ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam