উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

মিজোরাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়ার

উত্তর-পূর্বাঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও উন্নয়নের সম্ভাবনার উপর জোর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

ডোনার মন্ত্রকের ‘অষ্টলক্ষ্মী দর্শন’ কর্মসূচিতে গত এক বছরে অংশগ্রহণ ৫৯০-রও বেশি পড়ুয়ার

পোস্ট করার দিনক্ষণ: 13 OCT 2026 12:56AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৩ অক্টোবর, ২০২৬: মিজোরাম সফরের দ্বিতীয় দিনে মিজোরাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করলেন কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া। উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের ‘অষ্টলক্ষ্মী দর্শন’ কর্মসূচির আওতায় উত্তর-পূর্ব ভারত ভ্রমণে আসা গোয়া ও চণ্ডীগড়ের পড়ুয়াদের সঙ্গেও সোমবার কথা বলেন তিনি। এই অঞ্চলে তাঁদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে খোঁজখবর নেন কেন্দ্রীয় মন্ত্রী।

পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রী সিন্ধিয়া উত্তর-পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, পরম্পরা এবং উন্নয়নের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের মতবিনিময় কর্মসূচি তরুণ প্রজন্মকে উত্তর-পূর্বাঞ্চল সম্পর্কে আরও ভালোভাবে জানতে সাহায্য করে। পাশাপাশি, সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক বোঝাপড়া এবং জাতীয় সংহতি আরও সুদৃঢ় করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যকে দেশের ‘অষ্টলক্ষ্মী’ হিসেবে গড়ে তোলার ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং উন্নয়নের সম্ভাবনা সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন।

ডোনার মন্ত্রকের এই কর্মসূচিতে গত এক বছরে ৫৯০-রও বেশি পড়ুয়া অংশগ্রহণ করেছেন। এর ফলে উত্তর-পূর্বাঞ্চল এবং দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় হয়েছে।

শ্রী সিন্ধিয়া আরও বলেন, এই উদ্যোগ ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, ভারতের বৈচিত্র্যকে উদ্‌যাপন করা এবং দেশের উন্নয়নযাত্রায় উত্তর-পূর্বাঞ্চলের ভূমিকা আরও শক্তিশালী করে তোলাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

এই মতবিনিময়ের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা, সাংস্কৃতিক আদান-প্রদান বৃদ্ধি এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। পাশাপাশি, আরও সংযুক্ত ও উন্নত ভারত গড়ে তুলতে তরুণদের অনুপ্রাণিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2322682) ভিজিটরদের কাউন্টার : 7
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Assamese , Tamil