প্রধানমন্ত্রীরদপ্তর
৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় ‘টিম ইন্ডিয়া’-র প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
প্রকাশিত:
09 OCT 2026 4:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৭, লোক কল্যাণ মার্গে সাংহাই-এ অনুষ্ঠিত 'ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ২০২৬'-এ অংশগ্রহণকারী 'টিম ইন্ডিয়া'-র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
প্রতিযোগীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে বলেন, বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তাঁরা গর্বিত। আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় নতুন যন্ত্রপাতি, সফটওয়্যার, প্রযুক্তিগত ব্যবস্থা এবং কাজের পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে তাঁরা আলোচনা করেন। এছাড়া, যুবসমাজের সহায়তায় সরকার যে দক্ষতা উন্নয়নমূলক কাজ করছে, সে বিষয়েও তাঁরা কথা বলেন।
বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য প্রধানমন্ত্রী প্রতিযোগীদের অভিনন্দন জানান। তিনি তাঁদের দক্ষতা উন্নয়নের দূত হয়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ডিগ্রির মতোই ব্যবহারিক দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষায়িত দক্ষতার গুরুত্বের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের প্রতিনিয়ত নতুন দক্ষতা অর্জন করতে হবে, নিজেদের বর্তমান সক্ষমতা বাড়াতে হবে এবং উদীয়মান প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে হবে। তিনি প্রতিযোগীদের আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে এবং নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমে ভারতের দক্ষতা প্রশিক্ষণ ব্যবস্থাকে উন্নত করতে অবদান রাখার আহ্বান জানান। দক্ষ মানবসম্পদের বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে ভারতকে গড়ে তোলার লক্ষ্যে যুবসমাজ, সরকার এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির সমন্বিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রী দক্ষতা উন্নয়নের জন্য একটি পৃথক মন্ত্রক গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং বলেন, দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির গুরুত্ব কোনোভাবেই আইআইটি বা আইআইএম-এর চেয়ে কম নয়। ভারতের দক্ষতা প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নে সহায়তার জন্য তিনি প্রতিযোগীদের সরকারের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও পরামর্শ ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
'ওয়ার্ল্ডস্কিলস' হলো বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক দক্ষতা বিষয়ক প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন দেশ ও অঞ্চলের তরুণ পেশাদাররা একত্রিত হয়ে নানা ধরনের বৃত্তিমূলক ও কারিগরি দক্ষতায় তাদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেন। ৪৮তম 'ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ২০২৬' সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে ২২ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় 'টিম ইন্ডিয়া' ৬টি রৌপ্য পদক এবং ২০টি উৎকর্ষ পদক জিতে দশম স্থান অধিকার করে। ৬৩টি ভিন্ন দক্ষতায় ৭০ জন প্রতিযোগীর সমন্বয়ে গঠিত ভারতের সর্ববৃহৎ দলটি এই প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে। এই মতবিনিময় সভায় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী এবং ভারত সরকারের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2321437)
ভিজিটরের কাউন্টার : 3