শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্ব যখন প্রাচীর তুলছিল, ভারত নিয়োজিত ছিল সেতুবন্ধনে ¬: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল

প্রকাশিত: 08 OCT 2026 2:34PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ৮ অক্টোবর, ২০২৬

 

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বলেছেন, “বিশ্ব যখন প্রাচীর তুলছিল, ভারত তখন সেতু নির্মাণ শুরু করেছিল।” আজ নতুন দিল্লিতে ৩১তম CII পার্টনারশিপ সামিটের প্রাক্-অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ও নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারত তার বৃদ্ধির ধারাকে অব্যাহত রেখেছে।

শ্রী গোয়েল বলেন, গত বছর ভারতের মোট রপ্তানির পরিমাণ ছিল ৮৬৩ বিলিয়ন মার্কিন ডলার এবং চলতি বছরে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের দিকে দেশ এগিয়ে চলেছে। এই লক্ষ্যে পৌঁছতে রপ্তানিতে প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি প্রয়োজন, যেখানে বিশ্ব বাণিজ্যের বৃদ্ধি ২.৫ থেকে ৩ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং বৈশ্বিক বৃদ্ধির হার ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে। এই পরিস্থিতিতেও ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, এটি শুধু সরকারের লক্ষ্য নয়; ৬ কোটি ৩০ লক্ষ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার এবং প্রায় ২ লক্ষ ৫০ হাজার স্টার্টআপ-সহ সমগ্র শিল্প ও ব্যবসায়িক মহল এই লক্ষ্যে অংশীদার।

তিনি জানান, ভারত বর্তমানে প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি এবং চলতি বছরে ৭ শতাংশের বেশি বৃদ্ধি বজায় রাখার পথে রয়েছে। আগামী ১২ ও ১৩ নভেম্বর বিশাখাপত্তনমে ৩১তম CII পার্টনারশিপ সামিট অনুষ্ঠিত হবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী নারা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে প্রাক্-অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল বিশ্বের বিভিন্ন দেশকে শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে সামিটে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই সম্মেলন ভারতের উন্নয়নের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ তৈরি করবে।

মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)-র সুযোগ আরও বেশি সংখ্যক MSME-র কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দিয়ে শ্রী গোয়েল CII-কে প্রতিটি রাজ্য পরিষদের অধীনে FTA ব্যবহার সহায়তা ডেস্ক গড়ে তোলার আহ্বান জানান। এর মাধ্যমে MSME-গুলি নতুন বাজারে প্রবেশের সুযোগ, ‘রুলস অব অরিজিন’ এবং বাণিজ্য সংক্রান্ত বিধি সম্পর্কে জানতে পারবে এবং প্রতিনিধিদল, প্রদর্শনী ও আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের পণ্য ও প্রযুক্তি তুলে ধরতে পারবে। তিনি বলেন, ভারতের বাণিজ্যিক চুক্তিগুলিতে কৃষি, মৎস্যজীবী এবং MSME-সহ সংবেদনশীল ক্ষেত্রগুলির স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে। একইসঙ্গে কৃষিপণ্য, মৎস্য ও সামুদ্রিক পণ্য, ইঞ্জিনিয়ারিং ও বৈদ্যুতিন পণ্যের জন্য নতুন রপ্তানি বাজার তৈরি হচ্ছে এবং বিদেশি সংস্থা ও বিনিয়োগকারীদের জন্যও ভারতীয় বাজারে অংশ নেওয়ার সুযোগ বাড়ছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সরকারপ্রধান হিসেবে ২৫ বছরের নিরবচ্ছিন্ন জনসেবার কথা উল্লেখ করে শ্রী গোয়েল বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের ২১ নম্বর শ্লোক উদ্ধৃত করে তিনি বলেন, “মহান নেতা যা করেন, অন্যরা তা অনুসরণ করেন। তিনি যে মানদণ্ড স্থাপন করেন, বিশ্বও সেই পথ অনুসরণ করে।” প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুশাসন ও জনকল্যাণের সুফল সমাজের শেষ প্রান্তে পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন। গুজরাটের জ্যোতিগ্রাম যোজনা, জনধন-আধার-মোবাইল বা ‘JAM’ ত্রয়ী, ‘ডিজিটাল ইন্ডিয়া’ এবং GST-এর উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগগুলি দেশের অর্থনৈতিক ও ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করেছে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের প্রসঙ্গ তুলে তিনি জানান, গত ১২ বছরে ‘ডিজিটাল ইন্ডিয়া’র মাধ্যমে দেশের ৫ লক্ষ কোটি টাকারও বেশি, অর্থাৎ ৫৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সাশ্রয় হয়েছে।

শ্রী গোয়েল বলেন, ভারত এখন নতুন প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। AI, কোয়ান্টাম কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ তৈরি করছে। প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বিশ্ববাজারে ভারতীয় পণ্য ও পরিষেবার প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর উপরও তিনি গুরুত্ব দেন। পাশাপাশি ভারতীয় শিল্প অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণের সঙ্গে সঙ্গে কার্বন নিঃসরণ কমানো ও স্থায়িত্বের লক্ষ্যে কাজ করছে। শ্রম সংস্কারের মাধ্যমে শিল্পের বিকাশের পাশাপাশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা, উন্নত বেতন-মজুরি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবসা করার সুবিধা বৃদ্ধি এবং শিল্প ও সরকারের মধ্যে নিয়মিত সংলাপের মাধ্যমে শিল্পের প্রয়োজন পূরণে সরকার কাজ করছে।

বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে বিশ্বাসের কথা উল্লেখ করে শ্রী গোয়েল বলেন, কোভিড-১৯ অতিমারির সময়ও ভারত তার আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণ করেছে। কঠিন পরিস্থিতিতেও রপ্তানিমুখী শিল্প সংস্থাগুলি কাজ চালিয়ে গিয়েছে এবং পরিষেবা-স্তর চুক্তিগুলি যথাযথভাবে পালন করা হয়েছে। ২০২২ সালে রোমে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিশ্বের নেতারা ভারতকে একটি ‘বিশ্বস্ত অংশীদার’ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। সম্প্রতি একাধিক ক্রেডিট রেটিং সংস্থা ভারতের ঋণমান উন্নীত করেছে বলেও তিনি জানান। পার্টনারশিপ সামিটের প্রসঙ্গে তিনি পাঁচটি ‘T’—Technology, Trust, Trade, Talent এবং Tradition-এর কথা উল্লেখ করে বলেন, এই পাঁচটি উপাদানই শক্তিশালী অংশীদারিত্বের ভিত্তি।

অন্ধ্রপ্রদেশের উন্নয়ন প্রসঙ্গে শ্রী গোয়েল মুখ্যমন্ত্রী শ্রী নারা চন্দ্রবাবু নাইডুর প্রশংসা করে বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন, বিনিয়োগ এবং ব্যবসা করার সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যটি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বিশাখাপত্তনমে গুগলের প্রথম AI হাব গড়ে উঠছে এবং অমরাবতী ‘কোয়ান্টাম ভ্যালি’ হিসেবে গড়ে উঠছে। কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগকে তিনি “সর্বোত্তম রূপে টিম ইন্ডিয়া” হিসেবে বর্ণনা করেন। কেন্দ্রের মুক্ত বাণিজ্য চুক্তি ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে তৈরি বিশ্ববাজারের সুযোগকে অন্ধ্রপ্রদেশ শিল্প, ডেটা সেন্টার এবং কর্মসংস্থানে রূপান্তরিত করছে বলেও তিনি জানান। AI, কোয়ান্টাম কম্পিউটিং ও অন্যান্য নতুন প্রযুক্তির ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের মানুষের অবদানের কথাও তিনি তুলে ধরেন।

পার্টনারশিপ সামিটকে ভারতের সাফল্য বিশ্বের সামনে তুলে ধরা এবং নতুন অংশীদারিত্ব গড়ে তোলার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উল্লেখ করে শ্রী গোয়েল বলেন, কঠিন সময়েও ভারত তার বন্ধু ও অংশীদারদের পাশে থাকবে। ‘বসুধৈব কুটুম্বকম্’-এর চেতনায় বিশ্বকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার ভারতের অঙ্গীকার অব্যাহত থাকবে। তিনি বলেন, “আজ ভারত উচ্চাকাঙ্ক্ষী, ভারতীয় ব্যবসা আত্মবিশ্বাসী এবং বিশ্বে ভারতের মর্যাদা সুদৃঢ়।” ১৪০ কোটি ভারতবাসীর সম্মিলিত অঙ্গীকারই দেশকে এগিয়ে নিয়ে চলেছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ভারতের উন্নয়ন ও ভারতীয় শিল্পের অগ্রগতির কাহিনিতে ৩১তম CII পার্টনারশিপ সামিট আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। 

 

SC / AC /AG


(রিলিজ আইডি: 2320897) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati