শিক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের উদ্যোগে প্রশস্ত-এর মাধ্যমে সমন্বিত শিক্ষাব্যবস্থা নিয়ে দেশব্যাপী সচেতনতামূলক মডিউলের প্রদর্শনের উদ্যোগ 

৬০ হাজারেরও বেশি স্কুলের অংশগ্রহণ; ইতিমধ্যেই ৭২ লক্ষের বেশি শিক্ষককে সচেতন করা হয়েছে

পোস্ট করার দিনক্ষণ: 08 OCT 2026 1:59PM by PIB Agartala

নয়াদিল্লী, ৮ অক্টোবর ২০২৬: শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তর-এর উদ্যোগে সারা দেশের স্কুলগুলিতে প্রশস্ত পোর্টালের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সমন্বিত শিক্ষাব্যবস্থা বিষয়ে ৩০ মিনিটের সচেতনতামূলক ও ওরিয়েন্টেশন মডিউলের দেশব্যাপী প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্কুলজুড়ে সমন্বিত শিক্ষার পরিবেশ গড়ে তোলা। এর মাধ্যমে শিক্ষক, স্পেশাল এডুকেটর এবং অশিক্ষক কর্মীদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজন সম্পর্কে সচেতন করা এবং তাঁদের জন্য নিরাপদ, সহজলভ্য ও সহায়ক স্কুল-পরিবেশ তৈরিতে সকলকে যুক্ত করা।

এই মডিউলে বাস্তব উদাহরণ ও বিভিন্ন ইন্টার‌্যাকটিভ কার্যক্রমের মাধ্যমে স্কুলের কর্মীদের উপযুক্ত ও সংবেদনশীল আচরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এটি ভারতের ১২টি ভাষায় উপলব্ধ। স্কুলের প্রধান, শিক্ষক, বিশেষ শিক্ষাবিদ এবং অশিক্ষক কর্মী—যেমন আয়া, গাড়িচালক, ক্লার্ক, রিসেপশনিস্ট, ডিন ও ওয়ার্ডেনদের জন্যও এই মডিউলটি প্রযোজ্য।

গত তিন মাস ধরে প্রশস্ত-এর মাধ্যমে সাধারণ শিক্ষকদের মধ্যে সমন্বিত শিক্ষা বিষয়ে ধারাবাহিক সচেতনতা কর্মসূচি চালিয়ে আসছে দপ্তর। ইতিমধ্যেই এই বিশেষ মডিউলের মাধ্যমে ৭২ লক্ষেরও বেশি শিক্ষককে সচেতন করা হয়েছে।

প্রশস্ত হল একটি স্কুলভিত্তিক ডিজিটাল টুল, যার মাধ্যমে রাইটস অব পার্সনস ওয়িথ ডিসেবেলেটিস এক্ট ২০১৬-এর আওতাভুক্ত সম্ভাব্য প্রতিবন্ধকতা রয়েছে এমন শিশুদের শনাক্ত করা হয়। এর দুই-পর্যায়ের চেকলিস্টের মাধ্যমে শিক্ষকরা পর্যবেক্ষণযোগ্য বিভিন্ন লক্ষণের ভিত্তিতে পড়ুয়াদের প্রাথমিকভাবে শনাক্ত করেন। এরপর বিশেষ শিক্ষাবিদরা সেই বিষয়গুলি যাচাই করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসাগত মূল্যায়নের জন্য সংশ্লিষ্টদের কাছে পাঠানোর ব্যবস্থা করেন।

দেশব্যাপী এই স্ক্রিনিং কর্মসূচিতে ৬০ হাজারেরও বেশি স্কুল অংশ নিয়েছে। চলতি মাসে এই অংশগ্রহণের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে যে সমন্বিত শিক্ষা একটি যৌথ দায়িত্ব। স্কুলে একটি শিশুর প্রতিটি অভিজ্ঞতা—শ্রেণিকক্ষ, অফিস, যাতায়াত ব্যবস্থা কিংবা অন্যান্য সাধারণ স্থান—তার অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অভিজ্ঞতাকে প্রভাবিত করে।

জাতীয় শিক্ষানীতি, ২০২০ এবং রাইটস অব পার্সনস ওয়িথ ডিসেবেলেটিস এক্ট ২০১৬-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সমতাভিত্তিক, সহজলভ্য ও সমন্বিত শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রকের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ এই উদ্যোগ।

মডিউলটি প্রশস্ত পোর্টালের মাধ্যমে দেখা যাবে।

https://prashast.education.gov.in/

*****

PS/SG


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2320742) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Punjabi , Malayalam