অর্থমন্ত্রক
নতুন দিল্লিতে পঞ্চম কৌটিল্য অর্থনৈতিক সম্মেলন ৩ থেকে ৫ অক্টোবর
প্রকাশিত:
01 OCT 2026 2:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ অক্টোবর ২০২৬
পঞ্চম কৌটিল্য অর্থনৈতিক সম্মেলন (কেইসি ২০২৬) ৩ থেকে ৫ অক্টোবর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল বিষয় হল – রেজিলিয়েন্স ইন অ্যান এজ অফ ফ্লাক্স অর্থাৎ অনিশ্চয়তার যুগে ঘুরে দাঁড়ানোর শক্তি। তিনদিনব্যাপী এই সম্মেলনে বরিষ্ঠ নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আর্থিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক চিন্তাবিদরা যোগ দেবেন।
কেইসি-র এই পঞ্চম সংস্করণে ১৮০ জনেরও বেশি নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আর্থিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক চিন্তাবিদ অংশ নেবেন, যার মধ্যে থাকবেন ৩০টি দেশ থেকে আগত ৮০ জনেরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি। তাঁরা সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন, মতবিনিময়মূলক আলোচনা এবং সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।
১৯৫২ সালে অধ্যাপক ভি.কে.আর.ভি. রাও ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ (আইইজি) প্রতিষ্ঠা করেন। বর্তমানে শ্রী এন. কে. সিং আইইজি-র বোর্ড অফ ট্রাস্টিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ডঃ মাইকেল দেবব্রত পাত্র বোর্ড অফ গভর্নরস-এর চেয়ারম্যান এবং অধ্যাপক সব্যসাচী কর এই ইনস্টিটিউটের পরিচালক।
কৌটিল্য ইকোনমিক কনক্লেভ ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ -এর একটি উদ্যোগ, যা ভারত সরকারের অর্থ মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত হয়। ২০২২ সাল থেকে আয়োজিত এই সম্মেলনটি সমসাময়িক অর্থনৈতিক ও নীতিগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনার একটি মঞ্চ হিসেবে কাজ করে।
২০২২ সালে যাত্র শুরুর পর থেকে কৌটিল্য ইকোনমিক কনক্লেভ অর্থনৈতিক ও নীতিগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে।
ভারতের উপ-রাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন ৩রা অক্টোবর সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন।
অস্থিরতার যুগে ঘুরে দাঁড়ানোর শক্তি: ভারতের অর্থনৈতিক অগ্রাধিকার-এই বিষয়ে একটি বিশেষ পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচনা হবে। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন এতে বিশেষ ভাষণ দেবেন। এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্সের কুর দে কঁত-এর প্রেসিডেন্ট তথা ফ্রান্সের প্রাক্তন পাবলিক অ্যাকশন অ্যান্ড অ্যাকাউন্টস বিষয়ক মন্ত্রী অ্যামেলি দ্য মঁশালিঁ।
ভারত ও বিশ্ব: অভিযোজন-ক্ষমতা ও কৌশলগত বিন্যাস এই বিষয়ে সমাপ্তি অধিবেশনটি সঞ্চালনা করবেন ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ-এর বোর্ড অফ ট্রাস্টিজের সভাপতি শ্রী এন. কে. সিং। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর এতে ভাষণ দেবেন এবং সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী মিঃ জর্জ ইয়েও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি হবে কেইসি ২০২৬-এর আরেকটি অন্যতম প্রধান দিক। কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া কানেক্টিভিটি থেকে এআই : ডিজিটাল অর্থনীতির নতুন কাঠামো শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে মূল ভাষণ দেবেন
সংস্কৃতি ও পর্যটন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত অনুষ্ঠানের শেষের আগের দিন সম্পদ হিসেবে সংস্কৃতি : ঐতিহ্য থেকে দিগন্তের পানে-এই বিষয়ে মূল ভাষণ দেবেন।
উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনের বিষয় -এ ওয়ার্ল্ড প্রাইসড ফর রিস্ক। এতে পর্যালোচনা করা হবে কীভাবে জ্বালানি খাতের আকস্মিক সংকট, সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং বাণিজ্য ও অর্থনৈতিক সুযোগ-সুবিধাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাপনা, বিনিয়োগ ও স্থিতিস্থাপকতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এতে মূল ভাষণ দেবেন প্রধানমন্ত্রীর প্রধান সচিব শ্রী পি. কে. মিশ্র এবং আলোচক হিসেবে থাকবেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল গ্রিনস্টোন।
এই সম্মেলনে কৌটিল্য অ্যান্ড আ রিসার্জেন্ট ইন্ডিয়া : লেসেন্স ফর এমার্জিং মার্কেটস- বিষয়ে পূর্ণাঙ্গ অধিবেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি-২ এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর শ্রী শক্তিকান্ত দাস। এই অধিবেশনে ভারতের অর্থনৈতিক অভিজ্ঞতা থেকে উদীয়মান বাজারগুলো কী শিক্ষা নিতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।
সেন্ট্রাল ব্যাঙ্কিং ইন অ্যান এজ অফ ফ্লাক্স -এই বিষয়ে পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শ্রী সঞ্জয় মালহোত্রা বিশেষ ভাষণ দেবেন। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন প্রেসিডেন্ট এবং ব্যাংক দ্য ফ্রঁস-এর প্রাক্তন গভর্নর জঁ-ক্লোদ ত্রিশে অধিবেশনে সভাপতিত্ব করবেন।
তিন দিনব্যাপী এই সম্মেলনে পূর্ণাঙ্গ অধিবেশন, অংশগ্রহণমূলক সমান্তরাল অধিবেশন এবং শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য রুদ্ধদ্বার গোলটেবিল বৈঠকের আয়োজন থাকবে। গোলটেবিল বৈঠকগুলিতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য অভ্যন্তরীণ পুঁজি সংগ্রহের মতো বিষয়গুলোর ওপর আলোকপাত করা হবে।
SC/AB/DM
(রিলিজ আইডি: 2317756)
ভিজিটরের কাউন্টার : 2