PIB Backgrounder
বর্জ্য থেকে জ্বালানি ও শক্তি: স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত বর্জ্য থেকে শক্তিতে রূপান্তরের কাহিনী
প্রকাশিত:
27 SEP 2026 11:57AM by PIB Kolkata
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২০১৪ সালের অক্টোবরে চালু হওয়া স্বচ্ছ ভারত মিশনের অধীনে পচনশীল বর্জ্যের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে। বর্তমানে জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করা হচ্ছে, যেটি রান্নার জ্বালানি হিসাবে অত্যন্ত কার্যকর ও সাশ্রয়ী। পাশাপাশি, উপজাত হিসাবে প্রাপ্ত সার মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। স্বচ্ছ ভারত মিশন-নগর ২.০-এর অধীনে বর্জ্য থেকে শক্তি উৎপাদনের কাজ দেশের বিভিন্ন প্রান্তে নানারূপে বাস্তবায়িত হচ্ছে, যা স্বনির্ভরতা ও স্থায়ী উন্নয়নের বার্তা দেয়।
গান্ধীনগর: এলপিজি নির্ভরতামুক্ত একটি শিক্ষাঙ্গন
গুজরাটের গান্ধীনগরের আদালজের কাছে শ্রীমতি মানেকবা বিনয় বিহার শিক্ষা প্রাঙ্গণে প্রতিদিন ৫০০ জনের বেশি মানুষের রান্না করা হয়। এই ক্যাম্পাসে ২২২টি গরুর গোবর, রান্নার বর্জ্য ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে প্রতিদিন ৯০ ঘনমিটার ক্ষমতার দুটি বায়োগ্যাস প্ল্যান্ট চালানো হয়। এর ফলে, প্রতি মাসে ৩০টি এলপিজি সিলিন্ডারের প্রয়োজনীয়তা দূর হয়েছে। গুজরাট সরকারের প্রাতিষ্ঠানিক বায়োগ্যাস প্ল্যান্ট প্রকল্প ও জিইডিএ (GEDA)-র সহায়তায় এই শিক্ষাঙ্গনটি জ্বালানি স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রয়াগরাজ: একটি প্ল্যান্ট, চারটি কাঁচামাল
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে স্থাপন করা হয়েছে এক বহুমুখী বায়ো-সিএনজি কেন্দ্র। এটি প্রতিদিন ৩৪৩ টন জৈব বর্জ্য (ভেজা বর্জ্য, খড়, গোবর ও পোল্ট্রি বর্জ্য) প্রক্রিয়াজাত করে প্রায় ২১ টন বায়ো-সিএনজি এবং ২৮ টন উচ্চমানের কম্পোস্ট সার তৈরি করে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পরিচালিত এই প্ল্যান্ট থেকে প্রাপ্ত বায়ো-সিএনজি শহরের পরিবহনে ব্যবহৃত হচ্ছে এবং কৃষি খড় পোড়ানোর সমস্যা কমিয়ে বার্ষিক প্রায় ৫৭,০০০ টন কার্বন নিঃসরণ হ্রাস করছে।
গোয়ালিয়র: বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তরিত একটি গোশালা
মধ্যপ্রদেশের গোয়ালিয়রের লালটিপাড়ার আদর্শ গোশালায় ২০২৪ সালের অক্টোবরে প্রতিদিন ১০০ টন ক্ষমতাসম্পন্ন একটি সংকুচিত বায়োগ্যাস (CBG) প্ল্যান্ট চালু করা হয়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত এই কারখানায় গোবরের পাশাপাশি, বাজার ও গৃহস্থলীর বর্জ্য প্রক্রিয়াজাত করা হয়। এটি প্রতিদিন ২ টন সিবিজি এবং ১০-১৫ টন শুষ্ক জৈব সার তৈরি করে, যা স্থানীয় কৃষকদের কাজে লাগে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।
বোয়েনপল্লী: সবজি বাজার থেকে শক্তি উৎপাদন
হায়দরাবাদের বোয়েনপল্লী সবজি বাজারে প্রতিদিন ১০ টন বর্জ্য ব্যবহার করে ৪০০-৫০০ ইউনিট বিদ্যুৎ ও ৩০ কেজি বায়োফুয়েল তৈরি করা হয়। উৎপন্ন বিদ্যুৎ দিয়ে বাজারের রাস্তার আলো, দোকানপাট ও জল সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এই প্ল্যান্টটি বাজারের বিদ্যুৎ বিল অর্ধেকেরও বেশি কমিয়ে এনেছে। এর সফলতার পর আরও পাঁচটি বাজারে এমন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, বর্জ্য পৃথকীকরণ ও পরিচালনার কাজে স্থানীয় মহিলাদের যুক্ত করে তাঁদের স্থায়ী আয়ের ব্যবস্থা করা হয়েছে।
এই চার উদ্যোগের কাঁচামাল আলাদা হলেও মূল নীতি এক। স্বচ্ছ ভারত মিশনের আওতায় গোবর, রান্নার বর্জ্য ও সবজির উচ্ছিষ্টাংশ শক্তি, বিদ্যুৎ ও সারে রূপান্তরিত হচ্ছে। বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনা, জনসাধারণের অংশীদারিত্ব এবং দূরদর্শী নীতির মাধ্যমে ভারতের শহরগুলি পরিষ্কার, হরিৎ ও স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে চলেছে।
তথ্যবিবরণী:
Ministry of Housing and Urban Affairs
Click to see pdf
*******
SSS/PK/Kol/...
(রিলিজ আইডি: 2316035)
ভিজিটরের কাউন্টার : 2