প্রতিরক্ষামন্ত্রক
যৌথ সামরিক মহড়া ‘কাজিন্ড-২০২৬’-এ যোগদানের উদ্দেশ্যে যাত্রা ভারতীয় সশস্ত্র বাহিনীর
প্রকাশিত:
28 SEP 2026 12:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ভারত ও কাজাখস্তানের যৌথ সামরিক মহড়া 'কাজিন্ড'-এর নবম সংস্করণে অংশ নিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ৬০ সদস্যের একটি দল আজ কাজাখস্তানের ওস্কেমেনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই মহড়াটি ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় দলটিতে মূলত 'গাড়ওয়াল রাইফেলস'-এর একটি ব্যাটালিয়নের পাশাপাশি অন্যান্য শাখা ও সেনা এবং ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন।কাজাখস্তান সশস্ত্র বাহিনীরও সমসংখ্যক সদস্যের একটি দল এতে অংশ নেবে, যার মধ্যে মূলত তাদের স্থল বাহিনীর সদস্যরা থাকবেন।
রাষ্ট্রসঙ্ঘের অধীনে যুদ্ধের বাইরের পরিবেশে যৌথ সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে উভয় বাহিনীর পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধি এবং যৌথ সক্ষমতা জোরদার করাই এই মহড়ার লক্ষ্য।
'কাজিন্ড-২০২৬' মহড়ায় আধা-শহর ও পার্বত্য এলাকায় যৌথ সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এতে যৌথ পরিকল্পনা ও বাস্তবায়ন, আকাশপথে চলাচলের সক্ষমতা এবং চালকহীন আকাশযান ব্যবস্থা প্রভৃতি প্রাধান্য পাবে। অংশগ্রহণকারী দলগুলি সন্ত্রাসবাদী কার্যকলাপের মোকাবিলা, হানা, তল্লাশি ও ধ্বংস অভিযান, এলাকা ঘিরে তল্লাশি, হেলিপ্যাড ও অবতরণস্থল সুরক্ষিত করা এবং বিশেষ হেলিকপ্টার-বাহিত অভিযান সহ বিভিন্ন কার্যক্রমে যৌথভাবে প্রশিক্ষণ গ্রহণ করবে।
'কাজিন্ড-২০২৬' মহড়াটি উভয় পক্ষের জন্য একে অপরের অভিযান-সংক্রান্ত অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার পাশাপাশি পেশাগত বন্ধন, পারস্পরিক বিশ্বাস ও সৌহার্দ্য জোরদার করার সুযোগ করে দেবে। এই মহড়া ভারত ও কাজাখস্তানের মধ্যে সামরিক সহযোগিতাকে আরও গভীর করবে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সম্মিলিত নিরাপত্তার প্রতি উভয় দেশের যৌথ অঙ্গীকারকে সুদৃঢ় করবে।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2316003)
ভিজিটরের কাউন্টার : 5