PIB Backgrounder
azadi ka amrit mahotsav

দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা (DDU-GKY)

“দক্ষতা উন্মোচন নতুন পথ”

প্রকাশিত: 24 SEP 2026 12:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 

যে সব গ্রামে পরিবারের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে ফসলের ওপর, সেখানে নতুন কোনও দক্ষতা শেখা বিকল্প জীবিকার পথ খুলে দিতে পারে। বহু গ্রামীণ যুবকের ক্ষেত্রে সেই পথ তৈরি হয় শেখার, কাজের এবং নতুন আয়ের সুযোগের মাধ্যমে। সেই জায়গাতেই দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা (DDU-GKY)-এর ভূমিকা।

ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন (DAY-NRLM)-এর অধীনে ২৫ সেপ্টেম্বর ২০১৪ সালে DDU-GKY গ্রহণ করা হয়। প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ গ্রামীণ পরিবারের যুবসমাজকে এই কর্মসূচির আওতায় আনা হয়। চাকরির সঙ্গে যুক্ত দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে জীবিকার সুযোগ তৈরি করাই এর লক্ষ্য। ১৫ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের জন্য এই কর্মসূচি। দক্ষতা প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থানের সুযোগকে যুক্ত করা হয়েছে।

কর্মসংস্থানের ধরনও বদলাচ্ছে। DDU-GKY 2.0-এর সংশোধিত কাঠামোয় শিল্প সংস্থার নেতৃত্বে প্রশিক্ষণ, দীর্ঘস্থায়ী কর্মসংস্থান, চাকরি পাওয়ার পর সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং নতুন দক্ষতা অর্জনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশিক্ষণ, মূল্যায়ন, শংসাপত্র, নজরদারি এবং কর্মসংস্থানের তথ্য অনুসরণের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থা গড়ে উঠেছে। অংশীদারিত্ব, চাকরি মেলা, ক্যাম্পাস নিয়োগ এবং শিল্প সংস্থার সঙ্গে পরামর্শের মাধ্যমে নিয়োগকর্তাদের অংশগ্রহণও বাড়ানো হয়েছে।

লক্ষ্য স্পষ্ট। প্রশিক্ষণের পরে কাজের সুযোগ তৈরি হতে হবে। সেই কাজ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনাও বাড়াতে হবে। ২০২৬ সালের জুন পর্যন্ত DDU-GKY-এর অধীনে ১৮.৪৫ লক্ষ গ্রামীণ যুবক-যুবতী প্রশিক্ষণ পেয়েছেন। ১২.৩৫ লক্ষের কর্মসংস্থান হয়েছে।

এই পরিসংখ্যানের পিছনে রয়েছে বহু মানুষের জীবনকাহিনী। শেখার সুযোগ কিভাবে কর্মসংস্থান ও জীবিকার নতুন অধ্যায় খুলে দিয়েছে, সেই অভিজ্ঞতা তাঁদের জীবনে স্পষ্ট।

স্বপ্নকে বাঁচিয়ে রাখা

নাগাল্যান্ডের ভিমেথানো সাখরি বহু বছর ধরে দেখেছেন, কিভাবে তাঁর মা ১০ সদস্যের পরিবার চালাতে নিরলস পরিশ্রম করেছেন। উচ্চ মাধ্যমিক শেষ করার পরে ভিমেথানো উচ্চশিক্ষা নিতে চেয়েছিলেন। আর্থিক সমস্যায় সেই স্বপ্ন পূরণ করা কঠিন হয়ে পড়ে।

DDU-GKY সম্পর্কে জানার পর তাঁর জীবনে পরিবর্তন আসে। স্বপ্ন থেকে সরে দাঁড়াননি তিনি। DDU-GKY-এর পর্যটন ও আতিথেয়তা প্রশিক্ষণ কর্মসূচিতে ভর্তি হন। কয়েক মাস পরে বেঙ্গালুরুর The Den Bengaluru-তে Food & Beverage Service বিভাগে প্রথম চাকরি পান ভিমেথানো।

এটি শুধু একটি চাকরি ছিল না। তাঁর এবং তাঁর পরিবারের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।

ছোটখাটো কাজ থেকে বিদেশে কর্মজীবন

এক সময় চন্দন শাহের পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাও কঠিন ছিল। বিহারের সিওয়ানের তেতাহলি গ্রামে বসবাসকারী চন্দনের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ প্রায় ছিল না। উচ্চ মাধ্যমিকের পরে বাবাকে চাষের কাজে সাহায্য করতে তিনি স্কুল ছেড়ে দেন।

চারপাশে কাজের সুযোগ কম থাকায় চন্দন জীবিকা নির্বাহের জন্য ছোটখাটো কাজ নেন। সেই কাজ থেকে সংসার চালানোর মতো আয়ও হত না।

নতুন সম্ভাবনার কথা জানতে পারেন তাঁর মায়ের মাধ্যমে। তাঁর মা গেন্দা JEEViKA Self Help Group-এর সদস্য ছিলেন। তিনিই চন্দনকে DDU-GKY সম্পর্কে জানতে উৎসাহ দেন।

চন্দন পরামর্শ নেন। Assistant Electrician হিসাবে প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রশিক্ষণে তিনি কর্মজীবনের প্রথম ধাপে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন। প্রশিক্ষণ শেষ করে বদ্দিতে একটি ডিস্টিলারিতে সহকারী হিসাবে প্রথম চাকরি পান। মাসিক আয় ছিল ১০,৫০০ টাকা। এই কাজের অভিজ্ঞতা তাঁর পরবর্তী কর্মজীবনের ভিত্তি তৈরি করে।

পরে সেই দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কাজের সুযোগ নেন চন্দন। দুবাই-এ গিয়ে Al Shafa General Contracting-এ ইলেকট্রিশিয়ান হিসাবে যোগ দেন। তখন তাঁর মাসিক আয় বেড়ে দাঁড়ায় ৩৫,০০০ টাকা। এর প্রভাব তাঁর পরিবারের উপরও পড়ে। পরিবারের আর্থিক নিরাপত্তা বাড়ে। ভাইবোনদের বেসরকারি স্কুলে পড়াশোনার খরচে সাহায্য করতে পারেন চন্দন। তাঁর এই যাত্রা গ্রামের অন্য যুবকদের কাছেও অনুপ্রেরণা হয়ে ওঠে।

চন্দনের গল্প দেখায়, প্রথম চাকরির সুযোগ কীভাবে দীর্ঘমেয়াদী জীবিকার অগ্রগতির ভিত্তি তৈরি করতে পারে। DDU-GKY তাঁকে প্রথম ধাপের জন্য প্রয়োজনীয় দক্ষতা দিয়েছে। তাঁর নিজের চেষ্টা ও কাজের অভিজ্ঞতা পরবর্তী সুযোগের দরজা খুলেছে। দুয়ের সমন্বয়ে নিজের এবং পরিবারের জন্য আরও নিরাপদ ভবিষ্যৎ গড়তে পেরেছেন তিনি।

তবে, DDU-GKY-এর প্রতিটি যাত্রা নিজের এলাকা থেকে দূরে নিয়ে যায় না। রূপালি হাসদার ক্ষেত্রে এই সুযোগ তাঁকে শেষ পর্যন্ত নিজের এলাকাতেই ফিরিয়ে আনে।

চাকরি থেকে নিজের উদ্যোগ

অসমের চরাইদেওয়ের রূপালি হাসদা আর্থিক সমস্যার কারণে, নবম শ্রেণীর পরে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হন। তাঁর পরিবার কৃষির উপর নির্ভরশীল ছিল। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তাঁর বাবা।

রূপালির মা স্বনির্ভর গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন। তিনিও মেয়ের স্বপ্নকে উৎসাহ দিতেন। Jeevika Sakhi-এর মাধ্যমে রূপালি DDU-GKY সম্পর্কে জানতে পারেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে Sewing Machine Operator প্রশিক্ষণে ভর্তি হন।

প্রশিক্ষণ শেষ করে তামিলনাড়ুর তিরুপ্পুরে KPR Apparels Mills-এ চাকরি পান। পাঁচ মাস অপরিচিত শহরে কাজ করেন তিনি। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেন।

তবু তাঁর মন পড়ে থাকত বাড়িতেই। চাকরি থেকে সঞ্চয় করা অর্থ নিয়ে হাতিবান্ধায় ফিরে আসেন রূপালি। মোট ৫০,০০০ টাকা বিনিয়োগ করে একটি Sewing and Cutting Centre গড়ে তোলেন।

নিজের জীবিকার ব্যবস্থা করার এই উদ্যোগ দ্রুত অন্যের কর্মসংস্থানের সুযোগও তৈরি করে। একটি তরুণীকে নিজের কেন্দ্রে কাজে নিয়োগ করেন তিনি। নিজের এলাকায় একটি উদ্যোগ গড়ে তুলতে শুরু করেন।

রূপালির বার্ষিক আয় এখন প্রায় ১.১০ লক্ষ টাকা। তাঁর যাত্রা দক্ষতা অর্জনের আর একটি দিক তুলে ধরে। চাকরি তাঁকে শুরু করার সুযোগ দিয়েছিল। সেই অভিজ্ঞতাকে নিজের উদ্যোগে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রূপালি নিজের বাড়ির কাছেই জীবিকার পথ তৈরি করেছেন। হীরালাল অবশ্য অন্য পথ বেছে নিয়েছিলেন। নিজের জীবনের নানা বাধা সামলে কর্মজীবন গড়ে তুলতে চেয়েছিলেন তিনি।

নিজের কর্মজীবন গড়ে তোলা

ঝাড়খণ্ডের হীরালাল পণ্ডিত ছোটবেলা থেকেই দেখেছেন, প্রতিটি ফসল কাটার মরশুমে পরিবারের আয় কতটা হবে তা নির্ধারিত হয়। চার সদস্যের পরিবারটি তাঁর বাবার মরশুমি চাষের উপর নির্ভরশীল ছিল। মাসে আয় ছিল প্রায় ৫,০০০ টাকা।

দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পরে বাবাকে যতটা সম্ভব সাহায্য করতে শুরু করেন হীরালাল। প্রতিবন্ধী যুবক হিসাবে কাজ পাওয়া তাঁর জন্য সহজ ছিল না। কিন্তু পরিস্থিতিকে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেননি হীরালাল।

নিজের কর্মজীবন গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। একই সঙ্গে পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতেও অবদান রাখতে চেয়েছিলেন।

বিভিন্ন সুযোগ খুঁজতে গিয়ে DDU-GKY-এর কথা জানতে পারেন হীরালাল। এই কর্মসূচির অন্তর্গত বিনামূল্যের প্রশিক্ষণ এবং চাকরির সহায়তা তাঁকে নতুন দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ দেয়।

ঝাড়খণ্ডের দুমকার একটি প্রশিক্ষণ কেন্দ্রে Healthcare Multipurpose ট্রেডে ভর্তি হন তিনি।

প্রশিক্ষণ তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মোড় হয়ে ওঠে। সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে প্রশিক্ষণ নিয়ে নতুন ধরণের দক্ষতা অর্জন করেন হীরালাল। সেখানে মর্যাদা ও সমান আচরণ পেয়েছেন তিনি।

প্রশিক্ষণ শেষ করার পরে নাসিকের SMBT Hospital-এ General Duty Assistant হিসাবে চাকরি পান। এই কাজ তাঁকে নিজের আয় করার সুযোগ করে দেয়। একই সঙ্গে পরিবারের পাশে দাঁড়াতে পারেন তিনি।

এর থেকেও বড় কথা, এই অভিজ্ঞতা তাঁর আত্মবিশ্বাস বাড়ায়। নিজের ক্ষমতা সম্পর্কে তাঁর ধারণাও আরও বিস্তৃত হয়।

বর্তমানে হীরালাল অন্য যুবকদেরও নিজেদের পরিস্থিতির বাইরে তাকাতে উৎসাহ দেন। হাতে থাকা সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। তাঁর কাছে এই যাত্রার শুরু হয়েছিল প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস থেকে। DDU-GKY সেই প্রথম পদক্ষেপকে কর্মজীবন ও আরও নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সাহায্য করেছে।

দক্ষতা অর্জন যখন জীবিকার পথ খুলে দেয়

দক্ষতা অর্জন গ্রামীণ পরিবারের সব সমস্যা হয়তো দূর করতে পারে না। তবে, নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

ভিমেথানোর ক্ষেত্রে আর্থিক সমস্যার কারণে পড়াশোনা থমকে গিয়েছিল। দক্ষতাকেন্দ্রিক প্রশিক্ষণ তাঁকে কর্মসংস্থানের পথ দেখিয়েছে। চন্দনের ক্ষেত্রে এই প্রশিক্ষণ কর্মজীবনের প্রথম ধাপ তৈরি করেছে। পরে সেই পথ তাঁকে দুবাই পর্যন্ত নিয়ে গেছে।

রূপালি নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়িতে ফিরিয়ে এনে নিজস্ব উদ্যোগ গড়ে তুলেছেন। হীরালাল কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগও পেয়েছেন তিনি।

চারটি যাত্রার পথ আলাদা। কিন্তু সবার অভিজ্ঞতায় একটি মিল রয়েছে। দক্ষতা অর্জন, সেই দক্ষতা কাজে লাগানো এবং জীবিকার পথ তৈরি করার সুযোগ।

DDU-GKY গ্রামীণ যুবকদের জন্য সেই প্রথম পদক্ষেপের সুযোগ তৈরি করতে চায়। প্রশিক্ষণ থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে আরও নিরাপদ ও দীর্ঘস্থায়ী জীবিকার পথে এগিয়ে যেতে এই কর্মসূচি সহায়তা করে।

তথ্যসূত্র 

Ministry of Rural Development

http://ddugky.info/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289001

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297790

https://nsrlm.nagaland.gov.in/vimethano-sakhrie/

https://www.nitiforstates.gov.in/public-assets/Best_Practices/Compendiums/75%20Inspirational%20Stories%20of%20Aatmanirbhar%20Rural%20Women.pdf

https://asrlms.assam.gov.in/portlets/success-stories-0

Click here to see pdf


**

SSS/SS......


(রিলিজ আইডি: 2314469) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati