কয়লামন্ত্রক
কোল ইন্ডিয়া লিমিটেডের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা: বার্ষিক ব্যয় বেড়ে প্রায় ১০০০ কোটি টাকা
প্রকাশিত:
22 SEP 2026 12:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের অত্যন্ত কম সম্পদ এবং আদিবাসী প্রভাবিত কিছু জেলায় সামাজিক দায়বদ্ধতা পালন কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)-এর কাছে নতুন কিছু নয়। 'কোম্পানি আইন, ২০১৩'-এর মাধ্যমে ভারতের কর্পোরেট জগতে 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি'(সিএসআর) বা সামাজিক দায়বদ্ধতা পালনকে আইনি বাধ্যবাধকতা হিসেবে অন্তর্ভুক্ত করার অনেক আগে থেকেই, সিআইএল এবং এর সহযোগী সংস্থাগুলি 'কমিউনিটি ডেভেলপমেন্ট (সিডি) পলিসি, ২০০৫'-এর আওতায় তাদের খনি-সংলগ্ন এলাকায় বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে। সহযোগী সংস্থাগুলি খনি কার্যক্রমের ৮ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত গ্রামগুলিতে পানীয় জলের সুবিধা, স্বাস্থ্য শিবির এবং ছোটখাটো পরিকাঠামোগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করত, যা স্থানীয় জনগোষ্ঠীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছিল। আইনটি কার্যকর হওয়ার আগের তিন বছরে (২০১১-১২ থেকে ২০১৩-১৪ অর্থবর্ষ), সিআইএল-এর সম্মিলিত সিডি ব্যয়ের পরিমাণ ৮২ কোটি টাকা (২০১১-১২ অর্থবছর) থেকে বেড়ে ৪০৯ কোটি টাকায় (২০১৩-১৪ অর্থবছর) পৌঁছে যায়।
'কোম্পানি আইন, ২০১৩' এবং এর ১৩৫ নম্বর ধারা এই পরিস্থিতিকে আমূল বদলে দেয়। এখন কোম্পানিগুলির জন্য তাদের গড় নিট মুনাফার একটি নির্দিষ্ট অংশ (আইন অনুযায়ী নির্ধারিত) সিএসআর খাতে ব্যয় করা বাধ্যতামূলক করা হয়।
বার্ষিক সিএসআর ব্যয়ের অন্তত ৮০ শতাংশ খনি ও স্থাপনাগুলির ২৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে (প্রকল্প-প্রভাবিত এলাকাকে অগ্রাধিকার দিয়ে) ব্যয় করা এবং অবশিষ্ট অংশ রাজ্য ও জাতীয় পর্যায়ের উদ্যোগের জন্য বরাদ্দ রাখা। স্থানীয় এলাকার ওপর এই বিশেষ গুরুত্ব প্রদানের স্বাভাবিক ফলাফল হিসেবে, সিআইএল-এর সিএসআর ব্যয়ের ৯০ শতাংশেরও বেশি অর্থ কয়লা-সমৃদ্ধ রাজ্যগুলিতেই ব্যয় করা হচ্ছে, যার ফলে সুফল ঠিক সেই অঞ্চলেই পৌঁছচ্ছে, যেখানে খনি কার্যক্রমের প্রভাব সবচেয়ে সরাসরি অনুভূত হয়।
এর ফলাফল পরিসংখ্যান থেকেই স্পষ্ট। সিআইএল কেবল তার আইনি বাধ্যবাধকতাই পূরণ করেনি, বরং বছরের পর বছর ধরে তা ছাড়িয়ে গিয়েছে। ২০১৪-১৫ অর্থবছর থেকে শুরু করে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত সামগ্রিকভাবে, সিআইএল ৭,২৭৬ কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে আরও উল্লেখযোগ্য বিষয় হলো ব্যয়ের ক্রমবর্ধিষ্ণু ধারা: একসময় বার্ষিক ব্যয়ের পরিমাণ যেখানে ৫০০ কোটি টাকার কাছাকাছি ছিল, তা এখন প্রায় ১,০০০ কোটি টাকায় পৌঁছেছে, যার ফলে সিআইএল দেশের বৃহত্তম কর্পোরেট সিএসআর ব্যয়কারী প্রতিষ্ঠানগুলির তালিকায় স্থান করে নিয়েছে।
ব্যয়ের পরিমাণের এই বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেড়েছে কাজের পরিধি ও উদ্দেশ্য; সিআইএল-এর সিএসআর কার্যক্রম এখন সুপরিকল্পিতভাবে জাতীয় কর্মসূচির সাথে একীভূত হয়েছে। 'স্বচ্ছ বিদ্যালয় অভিযান'-এ সিআইএল ছিল শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত উদ্যোগ; স্কুলগুলিতে ৫০,০০০-এরও বেশি শৌচাগার নির্মাণ সম্পন্ন করা হয়েছে। এছাড়া 'পিএম-কেয়ারস' তহবিলে অন্যতম প্রথম বড় দাতা হিসেবে কোভিড-১৯ মোকাবিলায় ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে, যার মধ্যে ওড়িশা ও ছত্তিশগড়ে বিশেষ হাসপাতাল স্থাপন থেকে শুরু করে 'মিশন প্রাণ বায়ু'-র আওতায় অক্সিজেন প্ল্যান্ট স্থাপন অন্তর্ভুক্ত ছিল। বেশ কিছু বিশেষ উদ্যোগ এই কর্মসূচিকে এক স্বতন্ত্র পরিচিতি দিয়েছে। যেমন খনি-সমৃদ্ধ জেলাগুলির ১,৩০০-এরও বেশি ইউপিএসসি পরীক্ষার্থীকে সহায়তা প্রদানকারী 'নির্মাণ' প্রকল্প; ১,০০০-এরও বেশি জীবন রক্ষাকারী বোন ম্যারো প্রতিস্থাপনে সহায়তাকারী 'থ্যালাসেমিয়া বাল সেবা যোজনা'; ২ লক্ষেরও বেশি শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও ১,৭০০-এরও বেশি শিশুর জন্মগত হৃদরোগ নিরাময়কারী 'নন্হা সা দিল' কর্মসূচি; এবং ভারতের সুপ্রিম কোর্টের সাথে যৌথ উদ্যোগে ২,৫০০-এরও বেশি শিশুর কাছে পৌঁছনো বৃত্তি প্রকল্প। এর পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষার পরিকাঠামো উন্নয়নেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে; যেমন — আঙ্গুলে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ঝারসুগুডায় কার্ডিয়াক কেয়ার সেন্টার (উভয় প্রকল্পে মোট মূল্য ৫৯৬ কোটি টাকা), যা এখন সংশ্লিষ্ট অঞ্চলের জন্য উন্নত চিকিৎসা সেবার কেন্দ্র হিসেবে কাজ করছে। একই সাথে, 'ডিজিটাল বিদ্যা' কর্মসূচির আওতায় সরকারি স্কুলগুলিতে ২,৩০০-এরও বেশি স্মার্ট ক্লাসরুম ও ৫০০টি আইসিটি/স্টেম ল্যাব চালু করা হয়েছে এবং রাঁচিতে ৫,০০০ আসনবিশিষ্ট একটি রাজ্য-স্তরের লাইব্রেরি নির্মাণের কাজ চলছে।
প্রগতি প্রকল্প, আদিবাসী মহিলাদের পোল্ট্রি সহায়তা, এবং প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং এবং বহু-দক্ষ প্রশিক্ষণ সহ দক্ষতা ও জীবিকা কর্মসূচি – শুধুমাত্র গত চারটি আর্থিক বছরে ৪৮,০০০ জনেরও বেশি মানুষকে উপকৃত করেছে। ঝাড়খণ্ড সরকারের সাথে অংশীদারিত্বে পরিচালিত খেলগাঁও স্পোর্টস অ্যাকাডেমি আন্তর্জাতিক পর্যায়ে ১৫টি সহ ১,৮০০ টিরও বেশি পদকজয়ী তৈরি করেছে; এবং উল্লেখযোগ্য জনস্বার্থমূলক কাজগুলি - আইআইটি (আইএসএম) ধানবাদের শতবার্ষিকী ভবন থেকে কলকাতার হাওড়া সেতুর আলোকসজ্জা পর্যন্ত – সিআইএল-এর সিএসআর দেশের প্রধান প্রতিষ্ঠানগুলিতে পৌঁছে গিয়েছে৷
এসসি/এসটি সম্প্রদায়, প্রতিবন্ধী ব্যক্তি এবং মহিলা সুবিধাপ্রাপক সহ এই প্রয়াসগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আনুমানিক ৩.৫৬ কোটি জীবনকে স্পর্শ করেছে।
৮ সেপ্টেম্বর ভারত সরকারের প্রথম মন্ত্রক হিসেবে কয়লা মন্ত্রক সেক্টর-জুড়ে একটি সিএসআর কাঠামো চালু করে, যার লক্ষ্য হল, রাষ্ট্রায়ত্ত এই সংস্থার সিএসআর প্রচেষ্টাকে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ এবং দায়বদ্ধতার মধ্যে আনা।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2313456)
ভিজিটরের কাউন্টার : 5