দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
ওয়ার্ল্ড স্কিলস সাংহাই ২০২৬-এ এগারোটি নতুন দক্ষতা বিভাগে প্রথমবার অংশগ্রহণ ভারতের
প্রকাশিত:
09 SEP 2026 12:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর ২০২৬
২০২৬ সালের ২২ থেকে ২৭ সেপ্টেম্বর চিনের সাংহাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ৪৮তম 'ওয়ার্ল্ডস্কিলস কম্পিটিশন'।
এতে প্রথমবারের মত এগারোটি নতুন দক্ষতা বিভাগে অংশ নিয়ে বিশ্বমঞ্চে নিজের দক্ষতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে চলেছে ভারত।
'টিম স্কিল ইন্ডিয়া' মোট ৬৪টি দক্ষতার মধ্যে ৬৩টিতেই অংশ নেবে। প্রায় ৭০ জন প্রতিযোগী নিয়ে গঠিত এই দলটি 'ওয়ার্ল্ডস্কিলস'-এ এ যাবৎকালের মধ্যে ভারতের অন্যতম বৃহৎ প্রতিনিধি দল হতে চলেছে।
যে এগারোটি নতুন দক্ষতা বিভাগে ভারত প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করবে, সেগুলি হল – ডেন্টাল প্রস্থেটিক্স, ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া ডিজাইন, ইন্টেলিজেন্ট সিকিউরিটি টেকনোলজি, ল্যান্ডস্কেপ গার্ডেনিং, অপটো-ইলেক্ট্রনিক টেকনোলজি, রিটেইল সেলস, আনম্যানড এরিয়াল সিস্টেমস (ড্রোন প্রযুক্তি), ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স, সফটওয়্যার টেস্টিং, হেভি ভেহিক্যাল টেকনোলজি এবং এয়ারক্রাফট মেইন্টেন্যান্স।
ভারতের এই অংশগ্রহণ প্রসঙ্গে এমএসডিই-র সচিব শ্রীমতি দেবশ্রী মুখার্জি বলেন, "নতুন এই দক্ষতা বিভাগগুলিতে ভারতের অংশগ্রহণ আমাদের দক্ষতা উন্নয়ন ব্যবস্থার এমন এক বিবর্তনের প্রতিফলন, যা ভবিষ্যৎ-মুখী এবং বিশ্বমানের সক্ষমতা অর্জনের পথে এগিয়ে চলেছে। শক্তিশালী অংশীদারিত্ব এবং কঠোর প্রস্তুতির মাধ্যমে আমরা আমাদের তরুণদের আত্মবিশ্বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং বিশ্বমানের তুলনায় নিজেদের দক্ষতা যাচাইয়ে সক্ষম করে তুলছি।"
নতুন এই বিভাগগুলি কর্মক্ষেত্রের ভবিষ্যৎ রূপদানকারী উদীয়মান ক্ষেত্রগুলিকে প্রতিনিধিত্ব করছে; এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ডিজিটাল ডিজাইন, ইন্টেলিজেন্ট সিস্টেম, ড্রোন প্রযুক্তি, উন্নত উৎপাদন ব্যবস্থা, মবিলিটি সলিউশন এবং গ্রাহক-কেন্দ্রিক পরিষেবা।
প্রথমবার অন্তর্ভুক্ত এই বিভাগগুলির প্রস্তুতির কাজে বিশেষভাবে দক্ষ প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং শিল্প-অংশীদারদের একটি সহযোগিতামূলক নেটওয়ার্ক সহায়তা প্রদান করছে। এর মধ্যে রয়েছে, গভর্নমেন্ট টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার, কর্নাটক; মেট্রুউডস ল্যান্ডস্কেপ; ন্যামটেক, গান্ধীনগর; বেনেট ইউনিভার্সিটি; ক্রোমা; টাইটান কোম্পানি লিমিটেড, তানিশক; শপার্স স্টপ; রিলায়েন্স ট্রেন্ডস; স্যানি হেভি ইন্ডাস্ট্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড; প্রখর সফটওয়্যার সলিউশনস লিমিটেড; এবং ডেনএক্সপার্ট ডেন্টাল ল্যাব।
বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় ভারত গত কয়েক বছর ধরে ধারাবাহিক উন্নতির স্বাক্ষর রেখে চলেছে। ২০১৫ সালের 'ওয়ার্ল্ডস্কিলস'-এ ২৯তম স্থান থেকে ভারত ২০২৪ সালে ১৩তম স্থানে উঠে আসে। 'ওয়ার্ল্ডস্কিলস এশিয়া ২০২৫'-এ এশিয়ায় অষ্টম স্থান এবং 'তাইপেই ক্যাপিটাল কাপ ২০২৬'-এ পাঁচটি পদক জয়ের মাধ্যমে ভারত বিশ্ব আঙিনায় নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
'স্কিল ইন্ডিয়া মিশন'-এর আওতায় ভারত এমন একটি শক্তিশালী প্রস্তুতি-কাঠামো গড়ে তুলছে, যা শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব, বিশেষজ্ঞদের তত্ত্বাবধান, সুশৃঙ্খল প্রশিক্ষণ এবং বিশ্বমানের অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠিত।
SC/MP/NS
(রিলিজ আইডি: 2308374)
ভিজিটরের কাউন্টার : 6