PIB Backgrounder
নবম রাষ্ট্রীয় পোষণ মাস
পুষ্টি নিয়ে মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি
প্রকাশিত:
08 SEP 2026 5:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রতি বছর সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় পোষণ মাস বা জাতীয় পুষ্টি মাস পালন করা হয়। গর্ভবতী মহিলা, প্রসূতি মা, শিশু, কিশোর-কিশোরী এবং তাঁদের পরিবারের মধ্যে পুষ্টি, স্বাস্থ্য ও যত্ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির লক্ষ্য।
নবম পোষণ মাস ২০২৬-এর সূচনা হবে ৯ সেপ্টেম্বর, ২০২৬। এ বছর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুরুত্বের উপর বিশেষ জোর দেওয়া হবে। গর্ভবতী ও প্রসূতি মায়েদের সুষম ও প্রোটিনসমৃদ্ধ খাবার সম্পর্কে সচেতন করা হবে। আগের পোষণ মাসগুলিতে মাতৃ পুষ্টি, শিশু ও অল্পবয়সি শিশুদের খাওয়ানোর সঠিক পদ্ধতি, শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে।
দেশজুড়ে পুষ্টির মানোন্নয়নের জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
পটভূমি
অপুষ্টি এখনও ভারতের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। এর প্রভাব পড়ে নারী ও শিশুদের স্বাস্থ্য, শারীরিক বৃদ্ধি, শেখার ক্ষমতা এবং কর্মদক্ষতার উপর। এই সমস্যার মোকাবিলায় পুষ্টিকে উন্নয়নের মূল ধারায় আনতে ভারত সরকার ২০১৮ সালের মার্চ মাসে বহু মন্ত্রকের সমন্বয়ে পোষণ অভিযান শুরু করে। ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেটে বিভিন্ন পুষ্টি কর্মসূচিকে মিশন পোষণ ২.০-এর আওতায় আনা হয়। নারী ও শিশুবিকাশ মন্ত্রকের অধীনে এটি ভারতের একক জাতীয় পুষ্টি মিশন হিসেবে কাজ করছে।
পোষণ ২.০-এর আওতায় তিনটি প্রধান প্রকল্পকে একত্রিত করা হয়েছে :
পোষণ অভিযান
প্রযুক্তিনির্ভর নজরদারি, জন-আন্দোলন এবং আচরণগত পরিবর্তনের উদ্যোগ।
অঙ্গনওয়াড়ি পরিষেবা বা সমন্বিত শিশু বিকাশ পরিষেবা (ICDS)
সম্পূরক পুষ্টি, গরম রান্না করা খাবার এবং শিশুর প্রাথমিক পরিচর্যা।
কিশোরী প্রকল্প
স্কুলের বাইরে থাকা কিশোরী ও অন্যান্য কিশোরীদের পুষ্টি সহায়তা।
প্রতি বছর সেপ্টেম্বরে পালিত রাষ্ট্রীয় পোষণ মাস মিশন পোষণ ২.০-এর উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার অন্যতম মাধ্যম।
নবম রাষ্ট্রীয় পোষণ মাস
২০২৬ সালের ৯ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে রুদ্রাক্ষ ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড কনভেনশন সেন্টারে নবম রাষ্ট্রীয় পোষণ মাসের সূচনা হবে। এই বছরের মূল ভাবনা, ‘আমাদের অঙ্গনওয়াড়ি, আমাদের দায়িত্ব’। এই কর্মসূচির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুরুত্ব তুলে ধরা হবে। প্রত্যেক নাগরিককে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্ব ও উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বিশ্বের বৃহত্তম শিশু পরিচর্যা ব্যবস্থার অংশ। প্রত্যন্ত এলাকার শিশুদের কাছেও এই কেন্দ্রগুলির মাধ্যমে প্রয়োজনীয় পরিষেবা ও সহায়তা পৌঁছে দেওয়া হয়।
নবম রাষ্ট্রীয় পোষণ মাস ২০২৬
‘আমাদের অঙ্গনওয়াড়ি, আমাদের দায়িত্ব’ মূল ভাবনার ভিত্তিতে এবারের পোষণ মাসে পুষ্টি, পরিচর্যা ও শিশুর প্রাথমিক বিকাশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে জন-যোগাযোগ উদ্যোগের মূল কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
এই বছরের কর্মসূচিতে পাঁচটি প্রধান বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
১. খাদ্যে বৈচিত্র্য ও পর্যাপ্ত প্রোটিন
২. অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টাটকা গরম রান্না করা খাবার
৩. জনযোগাযোগ ও দায়বদ্ধতা
৪. শিশুর বিকাশে পুষ্টি ও প্রাথমিক উদ্দীপনা
৫. প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার ১০ বছর
১. খাদ্যে বৈচিত্র্য ও পর্যাপ্ত প্রোটিন
শস্য ও মিলেট, ডাল, ফল ও সবজি, বাদাম ও বীজ, দুধ ও দুগ্ধজাত খাবারের পাশাপাশি উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস থেকে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ সুস্বাস্থ্য ও সঠিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈচিত্র্যময় খাবার শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগায় এবং অপুষ্টি প্রতিরোধে সাহায্য করে। বিশেষ করে শিশুকে বাড়তি খাবার দেওয়ার সময় থেকেই বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের অভ্যাস গড়ে তোলা জরুরি।
সম্ভাব্য কর্মসূচি
স্বাস্থ্যকর ও বৈচিত্র্যময় রান্নার প্রদর্শনী
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থানীয় ও সহজলভ্য উপকরণ ব্যবহার করে পুষ্টিকর খাবার তৈরির সরাসরি প্রদর্শনী করা হবে।
পোষণ মেলা
স্থানীয় পুষ্টিকর খাবার, রান্নার প্রদর্শনী এবং বিভিন্ন বয়সের মানুষের জন্য সুষম খাবার সম্পর্কে পরামর্শ দেওয়া হবে।
প্রোটিনসমৃদ্ধ খাবার প্রচার অভিযান
ডাল, শস্য, বাদাম ও বীজ, দুধ ও দুগ্ধজাত খাবার এবং ডিমের মতো উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিনের উৎস সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হবে।
পোষণ বাটিকা ও স্থানীয় খাবারের প্রচার
পোষণ বাটিকায় উৎপাদিত এবং স্থানীয়ভাবে পাওয়া মরসুমি খাবারকে দৈনন্দিন খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দেওয়া হবে।
২. অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টাটকা গরম রান্না করা খাবার
ভোক্তাদের নিয়মিত টাটকা, বৈচিত্র্যময় ও পুষ্টিকর গরম খাবার পৌঁছে দেওয়া সম্পূরক পুষ্টি কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।
স্থানীয় উপকরণ, মিলেট, ডাল ও মরসুমি সবজি দিয়ে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করার উপর গুরুত্ব দেওয়া হবে।
পোষণ মাস ২০২৬-এ সাপ্তাহিক মেনু পরিবর্তন, জনসম্পৃক্ততা এবং খাবারের গুণমান নিশ্চিত করার ব্যবস্থা জোরদার করা হবে।
সম্ভাব্য কর্মসূচি
সাপ্তাহিক মেনু পরিবর্তন
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সপ্তাহের বিভিন্ন দিনে ভিন্ন ধরনের গরম খাবার দেওয়ার ব্যবস্থা করতে উৎসাহিত করা হবে।
গরম রান্না করা খাবারের প্রদর্শনী
সম্পূরক পুষ্টি কর্মসূচির নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্যকর ও সুষম খাবার তৈরির সরাসরি প্রদর্শনী করা হবে। খাবারের গুণমান পরীক্ষা
FSSAI-এর সহযোগিতায় দেশজুড়ে গরম রান্না করা খাবারের গুণমান ও নিরাপত্তা পরীক্ষা করা হবে।খাবার চেখে দেখার কর্মসূচি
অভিভাবক, পঞ্চায়েত, স্বনির্ভর গোষ্ঠী এবং অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে খাবার চেখে দেখার কর্মসূচি আয়োজন করা হবে।
৩. জনসংযোগ ও দায়বদ্ধতা
নারী ও শিশুবিকাশ মন্ত্রকের ২৩ জুন, ২০২৬-এর নির্দেশিকা অনুযায়ী সম্প্রতি অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটি বা AMC গঠন করা হয়েছে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের নেতৃত্বে এই কমিটিগুলি জনসম্পৃক্ততা বাড়ানো, পরিষেবার মান পর্যবেক্ষণ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কার্যক্রম আরও কার্যকর করার কাজ করবে। পোষণ মাস ২০২৬ এই কমিটিগুলিকে সক্রিয়ভাবে কাজে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সম্পূরক পুষ্টি কর্মসূচির মেনু বোর্ড প্রদর্শনের মাধ্যমে উপভোক্তারা প্রতিদিনের খাবার ও তাঁদের প্রাপ্য পরিষেবা সম্পর্কে জানতে পারবেন। এতে পরিষেবার স্বচ্ছতা ও জননজরদারি বাড়বে।
সম্ভাব্য কর্মসূচি
অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করা
দেশের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে AMC-কে সক্রিয় করে জনসম্পৃক্ততা ও পুষ্টি পরিষেবার মানোন্নয়নে যুক্ত করা হবে। পোষণ মাসে প্রতিটি কমিটির অন্তত একটি বৈঠক করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সম্পূরক পুষ্টি কর্মসূচির মেনু বোর্ড
সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেনু বোর্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিদিনের গরম খাবার ও বাড়িতে নিয়ে যাওয়া খাবারের তালিকা সম্পর্কে মানুষকে জানানো হবে।
খাবারের গুণমান পর্যবেক্ষণ
AMC এবং মাতৃ কমিটিগুলিকে খাবারের গুণমান, পরিমাণ এবং নির্ধারিত মেনু মেনে চলা পর্যবেক্ষণে যুক্ত করা হবে।
৪. শিশুর বিকাশে পুষ্টি ও প্রাথমিক উদ্দীপনা
শিশুর কি খাওয়া দরকার এবং তার মানসিক বিকাশ কীভাবে হবে, এই দুটি বিষয় পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।
জীবনের প্রথম ১,০০০ দিনে সঠিক পুষ্টি ও যত্ন শিশুর মস্তিষ্কের সুস্থ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে অপুষ্টি হলে শিশুর মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।
শূন্য থেকে ৩ বছর বয়সী শিশুদের বিকাশ পর্যবেক্ষণের জন্য সংশোধিত হোম ভিজিট শিডিউল তৈরি করা হয়েছে। এতে ৩৪টি বিকাশের ধাপ অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীরা অভিভাবকদের আরও ভালোভাবে পরামর্শ দিতে পারবেন।
সম্ভাব্য কর্মসূচি
সংশোধিত হোম ভিজিট শিডিউলের ব্যবহার
জীবনের প্রথম ১,০০০ দিন এবং শৈশবের প্রাথমিক পর্যায়ে পরিবারকে সঠিক পরামর্শ ও সহায়তা দিতে এই ব্যবস্থা চালু করা হবে।
নবচেতনা ও আধারশিলা পাঠক্রমের মাধ্যমে বয়স উপযোগী শিক্ষা, বিকাশ এবং স্কুলে যাওয়ার প্রস্তুতির উপর গুরুত্ব দেওয়া হবে।
বিকাশে বিলম্ব হওয়া শিশুদের চিহ্নিতকরণ ও চিকিৎসা পরিষেবায় পাঠানো
বিকাশগত সমস্যায় আক্রান্ত শিশুদের চিহ্নিত করে স্বাস্থ্য পরিষেবা ও RBSK দলের কাছে পাঠানোর ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে।
পুষ্টি ও শিশুর মানসিক বিকাশ সম্পর্কে সচেতনতা
পর্যাপ্ত পুষ্টি এবং শিশুর প্রাথমিক পর্যায়ের বিকাশে যত্ন ও উদ্দীপনার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা হবে।
৫. প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা
২০২৬ সালে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা বা PMMVY ১০ বছর পূর্ণ করছে। এটি দেশের প্রধান মাতৃত্বকালীন সুবিধা কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে মাতৃ পুষ্টি, স্বাস্থ্য পরিষেবা গ্রহণের অভ্যাস এবং গর্ভাবস্থায় আর্থিক সহায়তার উপর গুরুত্ব দেওয়া হয়। পোষণ মাস ২০২৬-এ এই প্রকল্পের আওতা বাড়ানো, উপযুক্ত উপভোক্তাদের সচেতন করা এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে গত এক দশকের অগ্রগতি তুলে ধরা হবে। জীবনের প্রথম ১,০০০ দিনে মা ও শিশুর পুষ্টি ও যত্নের গুরুত্বও এই কর্মসূচিতে বিশেষভাবে তুলে ধরা হবে।
সম্ভাব্য কর্মসূচি
শতভাগ অন্তর্ভুক্তির উদ্যোগ
সমস্ত যোগ্য গর্ভবতী ও প্রসূতি মহিলাকে চিহ্নিত করে PMMVY-র আওতায় নথিভুক্ত করার জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হবে। আবেদন যাচাই, অনুমোদন এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানোর কাজ দ্রুত করার উপর জোর দেওয়া হবে। জনসচেতনতা অভিযান
প্রকল্পে কারা সুবিধা পাবেন, কী কী সুবিধা রয়েছে এবং কীভাবে আবেদন করতে হবে, সে সম্পর্কে প্রচার চালানো হবে। PMMVY টুলকিট প্রকাশ
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মসূচি বাস্তবায়নের জন্য PMMVY টুলকিট প্রকাশ করা হবে। স্থানীয় ভাষায় এই উপকরণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যগুলিকে উৎসাহিত করা হবে।
জনযোগাযোগ : পুষ্টিকে জনআন্দোলনে পরিণত করা
পোষণ অভিযানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল পুষ্টির উন্নয়নকে একটি প্রকৃত জন-আন্দোলন হিসেবে গড়ে তোলা। এই কর্মসূচির লক্ষ্য শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে পরিষেবা দেওয়া নয়। মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় স্তরে দায়িত্ববোধ গড়ে তোলাও এর গুরুত্বপূর্ণ অংশ। শিশুকে খাওয়ানোর সঠিক পদ্ধতি, বৈচিত্র্যময় খাবার গ্রহণ, গর্ভকালীন পরিচর্যা, হাত পরিষ্কার রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা গ্রহণের ক্ষেত্রে স্থায়ী পরিবর্তন আনতে জনযোগাযোগ জরুরি।
পোষণ মাস ও পোষণ পক্ষওয়াড়া দেশের বৃহত্তম পুষ্টিকেন্দ্রিক জনসচেতনতামূলক কর্মসূচিগুলির মধ্যে অন্যতম। প্রতি বছর নির্দিষ্ট সময়ে এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অভ্যাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা হয়।
পোষণ পখওয়াড়া, এপ্রিল ২০২৬
২০১৮ সাল থেকে প্রতি বছর এপ্রিল মাসে পোষণ পক্ষওয়াড়া পালন করা হচ্ছে। এটি দুই সপ্তাহের একটি বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি।
এ বছর অষ্টম পোষণ পক্ষওয়াড়া পালিত হয় ৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত।
বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, শিশুর ছয় বছর বয়সের মধ্যে মস্তিষ্কের ৮৫ শতাংশের বেশি বিকাশ ঘটে। এর মধ্যে জীবনের প্রথম ১,০০০ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই সময় শিশুর মস্তিষ্কের বিকাশ, শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক সুস্থতার ভিত্তি তৈরি হয়।
এই বিষয়ের গুরুত্ব বিবেচনা করে ২০২৬ সালের অষ্টম পোষণ পখওয়াড়ার মূল বিষয় ছিল :
‘জীবনের প্রথম ছয় বছরে মস্তিষ্কের সর্বোত্তম বিকাশ’
এই কর্মসূচির মাধ্যমে শুধু ‘সুস্বাস্থ্যের জন্য পুষ্টি’ নয়, বরং ‘মস্তিষ্কের সর্বোত্তম বিকাশের জন্য পুষ্টি ও শৈশবের প্রাথমিক উদ্দীপনা’-র উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস
২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ধারে প্রধানমন্ত্রী অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাসের সূচনা করেন।
একই সঙ্গে ‘সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান’-এরও সূচনা হয়।
নারী ও শিশুবিকাশ মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
২০২৫ সালের রাষ্ট্রীয় পোষণ মাসে পুষ্টি সম্পর্কে সচেতনতা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
প্রধান বিষয়গুলির মধ্যে ছিল :
মাতৃ পুষ্টি
শিশু ও অল্পবয়সী শিশুদের সঠিক খাদ্যাভ্যাস
শিশুর প্রাথমিক পরিচর্যা ও শিক্ষা
স্থূলতা কমাতে চিনি ও তেল খাওয়া কমানো
দেশের ২০টিরও বেশি মন্ত্রকের সমন্বয়ে ২০২৫ সালের পোষণ মাসে দেশজুড়ে মোট ১৪.৩৩ কোটি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পোষণ ট্র্যাকার: পুষ্টি ব্যবস্থাপনার ডিজিটাল মঞ্চ
২০২১ সালের ১ মার্চ পোষণ ট্র্যাকার চালু হয়।
অঙ্গনওয়াড়ি পরিষেবার পরিকাঠামো ও পরিষেবা প্রদান পর্যবেক্ষণের প্রধান ডিজিটাল ব্যবস্থা হিসাবে এটি কাজ করছে।
এই অ্যাপের মাধ্যমে প্রায় বাস্তব সময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।
এর মধ্যে রয়েছে :
অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা রয়েছে কি না
শিশুদের দৈনিক উপস্থিতি
শিশুর প্রাথমিক পরিচর্যা ও শিক্ষা সংক্রান্ত কার্যক্রম
শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ
বর্তমানে এই ব্যবস্থার মাধ্যমে গর্ভবতী মহিলা, প্রসূতি মা, ৬ বছর পর্যন্ত শিশু এবং কিশোরীদের তথ্য পর্যবেক্ষণ করা হয়।
এবছর ৩১ জুলাই পর্যন্ত দেশে প্রায় ১৩.৯৯ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলিতে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মীর সংখ্যা প্রায় ১৩.৩০ লক্ষ।
এই বিশাল পরিষেবা ব্যবস্থার মাধ্যমে প্রায় ৮.৯৪ কোটি উপভোক্তার কাছে পৌঁছনো হচ্ছে।
ছয় মাস থেকে ৬ বছর বয়সী শিশুর সংখ্যা ৭.২ কোটির বেশি। পুষ্টি ও শিশুর প্রাথমিক বিকাশে এই বয়সের শিশুদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়ের সংখ্যা মিলিয়ে প্রায় ১.১ কোটি। জীবনের প্রথম ১,০০০ দিনে মাতৃস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনায় তাঁদের বিশেষ নজরে রাখা হচ্ছে।
সুস্থ পরিবার থেকে সুস্থ জাতি
প্রযুক্তিনির্ভর তাৎক্ষণিক তথ্য পর্যবেক্ষণ এবং বৃহৎ জনসম্পৃক্ততার সমন্বয়ে রাষ্ট্রীয় পোষণ মাস পুষ্টিকে দেশব্যাপী জনআন্দোলনে পরিণত করেছে।
মিশন পোষণ ২.০-এর অধীনে এই বার্ষিক কর্মসূচির মাধ্যমে পরিষেবা প্রদানের ঘাটতি কমানো, বৈচিত্র্যময় খাবারের প্রচার এবং শিশুর জীবনের প্রথম কয়েকটি গুরুত্বপূর্ণ বছরে পুষ্টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই, সুস্থ পরিবার গড়ে তোলা এবং অপুষ্টিমুক্ত, সুস্থ ভারত নির্মাণ।
তথ্যসূত্র
Ministry of Women and Child Development
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1910097®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180384®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249920®=48&lang=2
https://www.poshantracker.in/aboutus
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307291®=48&lang=1
https://cdn.poshantracker.in/public-assets/pdf/Resources/Awareness/Navchetana/Navchetana_en.pdf
Ministry of Health and Family Welfare
https://www.nfhsiips.in/nfhsuser/assets/National%20Family%20Health%20Survey%20(NFHS-6)%202023-2024%20Fact%20Sheets.pdf
https://www.nfhsiips.in/nfhsuser/publication.php
PIB Backgrounders
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc2025918640501.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2251769®=3&lang=1
UNICEF
https://www.unicef.org/laos/ensuring-healthy-start-first-1000-days-0
9th Rashtriya Poshan Maah
*****
SSS/AS....
(রিলিজ আইডি: 2308187)
ভিজিটরের কাউন্টার : 10