শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় ভারতকে বিশ্বমানের গন্তব্য হিসেবে গড়ে তোলার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের

প্রকাশিত: 07 SEP 2026 2:46PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৭ সেপ্টেম্বর  ২০২৬

 

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বিশ্বের ফার্মেসি হিসেবে ভারতকে তার বর্তমান অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি চিকিৎসা ও স্বাস্থ্যসেবায়  একটি বিশ্বমানের গন্তব্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। নয়াদিল্লিতে আয়োজিত ফার্মা ম্যাকটেক অ্যান্ড ল্যাবনেক্সট এক্সপো ২০২৬-এ ভাষণে তিনি কেবল চিকিৎসার বাইরেও স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন। এর মধ্যে রোগ প্রতিরোধ, সুস্থতা বজায় রাখা, সেবা প্রদান, রোগ নির্ণয়, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসা সরঞ্জাম, টেলিমেডিসিন, টেলি-পরামর্শ, ডিজিটাল স্বাস্থ্য সমাধান, উদ্ভাবন এবং নতুন ওষুধ ও আধুনিক সরঞ্জামের জন্য গবেষণা ও উন্নয়নের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত।

মন্ত্রী সংশ্লিষ্ট শিল্পমহলকে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি থেকে উদ্ভূত সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, ২০১৪ সালের আগে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিসমূহের  আওতাভুক্ত অর্থনীতির সম্মিলিত জিডিপি ছিল প্রায় ১০ ট্রিলিয়ন ডলার; অথচ গত চার থেকে সাড়ে চার বছরে চূড়ান্ত হওয়া নয়টি মুক্ত বাণিজ্য ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতাভুক্ত অর্থনীতির সম্মিলিত জিডিপি প্রায় ৬০ ট্রিলিয়ন ডলার। তিনি বলেন, বর্তমানে চলমান আলোচনাগুলোর মাধ্যমে এই সম্ভাবনা আরও বেড়ে প্রায় ৭৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অগ্রাধিকারমূলক কম শুল্কের বাজারে প্রবেশ, পরিষেবা এবং চলাচলের ক্ষেত্রে সুযোগ তৈরি করবে।

শ্রী গোয়েল জোর দিয়ে বলেন যে, সরকার তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক অংশীদার হিসেবে ভারতের অবস্থানকে শক্তিশালী করেছে। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে দেশের উন্নয়ন যাত্রায় অংশ নেওয়ার এবং সবার জন্য আদর্শ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, চিকিৎসা ও ওষুধ শিল্পের যন্ত্রপাতি, প্রয়োজনীয় সামগ্রী এবং সংশ্লিষ্ট খাতগুলো পণ্য রপ্তানি, আমদানি-বিকল্প উৎপাদন এবং পরিষেবা রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনার একটি ক্রমবর্ধমান ক্ষেত্র। তিনি উল্লেখ করেন যে, স্বাস্থ্যসেবা বিষয়ক সামগ্রিক ব্যবস্থা বা পরিমন্ডলের মাধ্যমে কোটি কোটি কর্মসংস্থান, হাজার হাজার ব্যবসায়িক সুযোগ এবং লক্ষ লক্ষ নতুন স্টার্টআপ গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেডটেক অর্থাৎ চিকিৎসা প্রযুক্তি  ক্ষেত্রে এই সম্ভাবনা প্রআল। তিনি বলেন, এই খাতটি তরুণদের জন্য ব্যবসায়িক সুযোগ, কর্মসংস্থান ও আয়ের পথ তৈরির পাশাপাশি সারা দেশে গুণগত স্বাস্থ্যসেবা  নিশ্চিত করতেও ভূমিকা রয়েছে।

মন্ত্রী মেডটেক, চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে স্টার্টআপ ইনকিউবেশন পরিমন্ডলকে শক্তিশালী করার পাশাপাশি ডিজাইন, কপিরাইট, পেটেন্ট আইন এবং মেধা-সম্পদ বিষয়ক ব্যবস্থার উন্নতির আহ্বান জানান। তিনি অন্যান্য দেশের গবেষণা ও উন্নয়ন  কেন্দ্রগুলোর সাথে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বিশ্বমানের উদ্ভাবক ও বড় বড় ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোকে ভারতে আমন্ত্রণ জানানো এবং দেশে ডিজাইন সেন্টার স্থাপনের বিষয়ে উৎসাহ প্রদান করেন।

শ্রী গোয়েল এই খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে প্রযুক্তিগত অংশীদারিত্ব, ক্রেতা-বিক্রেতার মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং যৌথ উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন উপযুক্ত বিশ্বমানের প্রযুক্তি যেমন ভারতে আনা সম্ভব, তেমনই ভারতীয় প্রযুক্তিও বিশ্ববাজারে নিয়ে যাওয়া যেতে পারে। তিনি যৌথভাবে নকশা ও উন্নয়ন লাইসেন্সিং এবং জ্ঞান আদান-প্রদান ও হস্তান্তরের বিষয়গুলোকেও উৎসাহিত করেন।

তিনি গবেষণা, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করেন। এই প্রচেষ্টায় রপ্তানি উন্নয়ন পরিষদ ও সংশ্লিষ্ট শিল্প-অংশীদারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেবলে জানান। তিনি বলেন, এই খাতে পণ্য ও পরিষেবা কর ব্যবস্থায় প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। এছাড়া, গবেষণা ও উন্নয়ন, উদ্ভাবন এবং অর্থায়নের জন্য ১ লক্ষ কোটি টাকার যে প্রতিশ্রুতির কথাও তিনি তুলে ধরেন। সংশ্লিষ্ট অংশীদারদের এই সুযোগ কাজে লাগিয়ে নতুন নতুন সরঞ্জাম ও উদ্ভাবনী ওষুধ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

শ্রী গোয়েল চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে দেশীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যসেবা সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্থিতিস্থাপক করে তোলার ওপর জোর দেন। 

মন্ত্রী বলেন, ভারতের লক্ষ্য হওয়া উচিত কেবল প্রতিটি ভারতীয়কে উন্নত মানের স্বাস্থ্যসেবা প্রদান করা নয়, বরং ভারত থেকে বিশ্বজুড়ে সুস্থতা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। তিনি একটি সুসংহত স্বাস্থ্যসেবা পরিমন্ডল বা পরিকাঠামো গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরেন।

শ্রী গোয়েল স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কথা উল্লেখ করেন।

মন্ত্রী গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে ভারতের ব্যয়-সাশ্রয়ী সুবিধার কথা তুলে ধরেন এবং বলেন যে, শিল্পমহল, শিক্ষাজগৎ, মেডিকেল কলেজ, আইআইটি এবং অন্যান্য উৎকর্ষ কেন্দ্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে গবেষণা ও উন্নয়নের পরিধি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হতে পারে। তিনি দেশে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের পাশাপাশি উদ্ভাবন, নকশা এবং ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক চিকিৎসার ক্ষেত্রে ভারতের সম্ভাবনার ওপর গুরুত্ব দেন।

শিল্পখাত, উদ্যোক্তা, স্টার্টআপ, গবেষক, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যে ২০৪৭ সালের মধ্যেম ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান।


SC/AB/NS…


(রিলিজ আইডি: 2307527) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Kannada