প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

কমনওয়েলথ গেমসে ৮টি সোনা সহ মোট ১৬টি পদক জয়ী ভারতীয় সেনাবাহিনীর দলের সঙ্গে আলাপচারিতা প্রতিরক্ষা মন্ত্রীর

प्रविष्टि तिथि: 14 AUG 2026 3:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ অগাস্ট ২০২৬

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং স্কটল্যান্ডের গ্লাসগোয় সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ১৬টি পদক (৮টি সোনা, ৭টি রুপা ও ১টি ব্রোঞ্জ) জয়ী ভারতীয় সেনাবাহিনীর দলের সদস্যদের সঙ্গে আজ একান্ত আলাপচারিতায় মিলিত হন। গেমস চলাকালীন ভারতের জেতা মোট ৩৯টি পদকের (১৩টি সোনা, ১৭টি রুপা ও ৯টি ব্রোঞ্জ) মধ্যে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ১৮টি পদক জয় করেন (যার মধ্যে ভারতীয় সেনাবাহিনী ১৬টি এবং ভারতীয় নৌবাহিনী ২টি পদক জিতেছে)।

 

প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় শারীরিক ও মানসিক চাপ জয় করে দেশের জন্য গৌরব বয়ে আনার ক্ষেত্রে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দৃঢ় মনোবল ও অটল সংকল্পের প্রশংসা করেন। এই সাফল্যকে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে তিনি বলেন যে, এই ক্রীড়াবিদরা সাধারণ মানুষ, বিশেষ করে যুবসমাজের কাছে প্রেরণার উৎস; কারণ তাঁরা হলেন ‘একজন সৈনিক ও একজন চ্যাম্পিয়নের এক নিখুঁত মেলবন্ধন’।

 

বক্সিংয়ে ৬টি স্বর্ণপদকের মধ্যে ৪টিই নারী বক্সারদের জয় প্রসঙ্গে শ্রী রাজনাথ সিং বলেন যে, এই সাফল্য ভারতের ক্রমবর্ধমান ‘নারী শক্তি’রই প্রমাণ। তিনি আরও বলেন, এই সাফল্য আরও বেশি সংখ্যক মেয়েকে খেলাধুলায় অংশ নিতে এবং প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে অনুপ্রাণিত করবে।

 

দেশের প্রতিটি প্রান্ত থেকে ভারতীয় চ্যাম্পিয়নরা উঠে আসছেন – এই বিষয়টির উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন যে, খেলাধুলার ক্ষেত্রটি আজ সর্বজনীন হয়ে উঠেছে এবং এটি আর কেবল গুটিকয়েক মানুষের একচেটিয়া বিষয় নয়। তিনি এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো আসন্ন ক্রীড়া প্রতিযোগিতাগুলির জন্য ক্রীড়াবিদদের শুভকামনা জানান।

 

সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ এবং ভারতীয় সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা নয়াদিল্লির কর্তব্য ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন। ২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় সেনা দলের অংশগ্রহণের ক্ষেত্রে বেশ কিছু নজিরবিহীন সাফল্য ও রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে রয়েছে:

 

 নায়েব সুবেদার সর্বেশ কুশারে হাই জাম্পে ভারতের হয়ে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসের রৌপ্যপদক জয় করেন, যা ভারতীয় অ্যাথলেটিক্সে এক যুগান্তকারী সাফল্য।

 

 নায়েব সুবেদার গুলবীর সিং একই কমনওয়েলথ গেমসে দুটি অ্যাথলেটিক্স পদক জয়কারী প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ইতিহাস গড়েছেন; তিনি ১০,০০০ মিটার দৌড়ে রৌপ্য এবং ৫,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।

 

 ৬০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে হাবিলদার হর্ষ জুডোতে ভারতের হয়ে প্রথম কমনওয়েলথ গেমস স্বর্ণপদক জয় করেন এবং দেশে এই খেলার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেন।

 

 কমনওয়েলথ গেমসের প্যারা শট পুট ইভেন্টে ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণ ও রৌপ্য পদক জিতে ইতিহাস গড়েছেন সুবেদার সোমান রানা এবং ল্যান্স নায়েক শুভম জুয়াল।

 

 ভারোত্তোলনে হাবিলদার অজয় বাবু ৭৯ কেজি বিভাগে রেকর্ড-গড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন; তিনি স্ন্যাচ ইভেন্টে ১৪৯ কেজি ওজন তুলে গেমস রেকর্ড গড়েছেন এবং সব মিলিয়ে মোট ৩৩০ কেজি ওজন তোলার কৃতিত্ব দেখিয়েছেন।

 

 বক্সিংয়ে ১০০ বছরের পুরনো একটি ইংরেজ রেকর্ড ভেঙে ভারতীয় সেনাবাহিনী এক অভূতপূর্ব ঐতিহাসিক অবদান রেখেছে। গেমসের কোনও একটি আসরে বক্সিংয়ে যে কোনও দেশের জেতা সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ মোট সাতটি, স্বর্ণপদক ভারত জয় করেছে। এই ৭টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পদকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর বক্সাররা ৬টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক দখল করেছেন।

 

এই সাফল্যগুলি ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সহায়তা প্রদানকারী কর্মীদের, পাশাপাশি ‘মিশন অলিম্পিক উইং’ এবং এর ‘হাই পারফরম্যান্স নোড’গুলির দীর্ঘদিনের সুশৃঙ্খল প্রশিক্ষণ, ত্যাগ, পেশাদার কোচিং, ক্রীড়া-বিজ্ঞান বিষয়ক সহায়তা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতি অবিচল নিষ্ঠারই প্রতিফলন। গ্লাসগোতে দেশের জন্য গৌরব বয়ে আনা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তালিকা নিচে দেওয়া হলো:

 

স্বর্ণপদক জয়ী

 

১. হাবিলদার সাক্ষী - বক্সিং (৫১ কেজি)

২. নায়েব সুবেদার প্রীতি - বক্সিং (৫৪ কেজি)

৩. নায়েব সুবেদার জেসমিন - বক্সিং (৬৭ কেজি)

৪. হাবিলদার অরুন্ধতী চৌধারী - বক্সিং (৭০ কেজি)

৫. হাবিলদার শচীন সেওয়াচ - বক্সিং (৬০ কেজি)

৬. হাবিলদার অঙ্কুশ - বক্সিং (৮০ কেজি)

৭. হাবিলদার হর্ষ সিং - জুডো (৬০ কেজি)

৮. সুবেদার সোমান রানা - প্যারা শট পুট (এফ-৫৭)

 

রৌপ্যপদক জয়ী

 

১. লেফটেন্যান্ট কর্নেল (সাম্মানিক) নীরজ চোপড়া - জ্যাভলিন থ্রো

২. এনবি সুবেদার সর্বেশ - হাই জাম্প

৩. হাবিলদার যদুমণি সিং - বক্সিং (55 কেজি)

৪. সুবেদার নরিন্দর - বক্সিং (90 কেজি)

৫. হাবিলদার অজয় বাবু - ভারোত্তোলন (79 কেজি)

৬. এনবি সুবেদার গুলবীর - 10,000 মি

৭. এল/এনকে শুভম জুয়াল - প্যারা শট পুট (এফ-৫৭)

৮. সিপিও কম (টেল) লভপ্রীত সিং - ভারোত্তোলন (+110 কেজি)

৯. সিপিও (পিটি) চনাম্বাম ঋষিকান্ত সিং - ভারোত্তোলন (60 কেজি)

 

ব্রোঞ্জ পদক বিজয়ী

 

নায়েব সুবেদার গুলবীর - ৫,০০০ মিটার

 

 

SC/MP/NS


(रिलीज़ आईडी: 2299587) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Telugu