বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

অস্ট্রেলিয়াগামী ভারতীয় শিক্ষার্থীদের নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত করতে এএইআরআই-এর সঙ্গে অংশীদারিত্ব ডিজি-লকারের

प्रविष्टि तिथि: 08 AUG 2026 10:48AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ অগাস্ট ২০২৬

 

 

বিদেশে পড়াশোনায় আগ্রহী ভারতীয় শিক্ষার্থীদের কাছে একটি বড় সুখবর হল, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ই-গভর্ন্যান্স ডিভিশন এবং 'অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ান এডুকেশন রিপ্রেজেন্টেটিভস ইন ইন্ডিয়া' (এএইআরআই) যৌথভাবে যাচাইকরণ প্রক্রিয়া চালু করেছে।

 

সরাসরি ডিজিলকার-এর সঙ্গে যুক্ত এই ডিজিটাল প্ল্যাটফর্মটি অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়গুলিতে আবেদনকারী শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পরিচয়পত্র এবং আর্থিক নথিপত্র যাচাইয়ের কাজকে নিরাপদ, কাগজমুক্ত এবং শিক্ষার্থীর সম্মতির ভিত্তিতে সম্পন্ন করার সুযোগ করে দেবে। ৭ অগাস্ট, ২০২৬ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এএইআরআই-এর বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মটি চালু করা হয়।

 

 

ন্যাশনাল ই-গভর্ন্যান্স ডিভিশনের সহযোগিতায় এএইআরআই-এর চালু করা 'এএইআরআই ভেরিফাই' একটি উৎস-যাচাইকৃত প্রমাণীকরণ প্ল্যাটফর্ম, যা অস্ট্রেলীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য শিক্ষার্থীদের নথিপত্র যাচাই প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এএইআরআই ভেরিফাই প্ল্যাটফর্মের সঙ্গে ডিজিলকারকে যুক্ত করার ফলে, শিক্ষার্থীরা বিশ্বস্ত উৎস থেকে সরাসরি আসল ও ইস্যুকারী কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইকৃত ডিজিটাল নথিপত্র নিরাপদে ভাগ করে নিতে পারবেন। এর ফলে কাগজের নথিপত্র এবং হাতে-কলমে যাচাই প্রক্রিয়ার ওপর নির্ভরতা কমে আসবে।

 

নতুন চালু হওয়া এই ডিজিটাল কর্মপদ্ধতিটি ধীরগতির ম্যানুয়াল নথিপত্র যাচাই প্রক্রিয়ার পরিবর্তে একটি নিরাপদ ব্যবস্থা নিয়ে এসেছে, যা দুটি কৌশলগত ধাপে বিভক্ত:

 

প্রথম ধাপ : শিক্ষার্থী যাচাই – বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া শুরুর আগেই এটি নির্বিঘ্নে সম্পন্ন করা হয়।

দ্বিতীয় ধাপ : স্পন্সর যাচাই – শিক্ষার্থীর ভর্তির পরপরই আর্থিক তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য এটি শুরু করা হয়।

 

শিক্ষার্থীর সুস্পষ্ট সম্মতিক্রমে, ডিজিলকার (DigiLocker) অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়গুলিকে মূল ইস্যুকারী কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া ডিজিটালভাবে স্বাক্ষরিত নথিপত্র সরাসরি দেখার সুযোগ করে দেবে। এটি জালিয়াতির ঝুঁকি দূর করে, তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করে এবং আবেদন প্রক্রিয়াকরণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।

 

এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে ন্যাশনাল ই-গভর্ন্যান্স ডিভিশের অধিকর্তা শ্রী জে এল গুপ্তা বলেন, "এই যৌথ উদ্যোগটি প্রমাণ করে যে, কীভাবে ভারতের 'ডিজিটাল গণ পরিকাঠামো' (ডিপিআই) বর্তমান বিশ্বের আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলির সমাধান করছে। এএইআরআই ভেরিফাই-এর সঙ্গে ডিজিলকারকে যুক্ত করার মাধ্যমে আমরা এমন একটি নিরাপদ, কাগজহীন এবং নির্ভরযোগ্য কাঠামো প্রদান করছি, যা আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক ভর্তি প্রক্রিয়াকে সহজতর করে তোলে।"

 

 

SC/MP/AS


(रिलीज़ आईडी: 2296543) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Malayalam