শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

বৈদেশিক বাণিজ্য নীতি ২০২৩-এর আওতায় আন্তঃসীমান্ত ই-কমার্স রপ্তানি কাঠামো ঘোষণা

प्रविष्टि तिथि: 05 AUG 2026 2:36PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৫ অগাস্ট  ২০২৬

 

ভারত সরকার ৫ অগাস্ট ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি নং ২৭/২০২৬-২৭ এবং সংশ্লিষ্ট গণ বিজ্ঞপ্তি নং ২৫/২০২৬-২৭-এর মাধ্যমে বৈদেশিক বাণিজ্য নীতি ২০২৩-এর আওতায় 'ইনভেন্টরি-ভিত্তিক আন্তঃসীমান্ত ই-কমার্স রপ্তানি কাঠামো' কার্যকর করেছে। এই কাঠামোটি ভারতে উৎপাদিত পণ্যের ইনভেন্টরি-ভিত্তিক আন্তঃসীমান্ত ই-কমার্স রপ্তানি সহজতর করার জন্য একটি সামগ্রিক নীতি ও পদ্ধতিগত ব্যবস্থা প্রদান করে।

আন্তঃসীমান্ত ই-কমার্সের দ্রুত প্রসার ভারতীয় নির্মাতা, কারিগর এবং এমএসএমই -গুলির জন্য বিশ্ববাজারে প্রবেশের এক উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করেছে। প্রেস নোট নং ৩ (২০২৬ সিরিজ)-এর মাধ্যমে এফডিআই নীতিতে সংশোধনী আনার ফলে শুধুমাত্র রপ্তানির উদ্দেশ্যে ইনভেন্টরি-ভিত্তিক ই-কমার্স কার্যক্রম পরিচালনার অনুমতি পাওয়া গেছে। 


একজন নিবন্ধিত 'এক্সপোর্টার-অন-রেকর্ড'-এর সহায়তা নিয়ে ভারতীয় বিক্রেতারা বিদেশের বাজারে প্রবেশ করতে পারেন। এর মাধ্যমে তাঁরা রপ্তানি সংক্রান্ত নথিপত্র তৈরি, শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা, গন্তব্য দেশের নিয়মকানুন মেনে চলা, পণ্যের পরীক্ষা ও সনদ গ্রহণ, প্যাকেজিং, লেবেলিং, বরাত পূরণ, লজিস্টিকস এবং রিভার্স লজিস্টিকসের মতো কাজগুলো ইওআর-এর ওপর ন্যস্ত করতে পারেন। এই কাঠামোটি বিক্রেতাদের সময়মতো অর্থপ্রাপ্তি, বিদেশের বাজারে বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং রপ্তানি সংক্রান্ত নিয়মকানুন পালনের বিষয়ে স্পষ্ট দায়বদ্ধতা সুনিশ্চিত করে। ফলে নিয়মকানুন মেনে চলার খরচ কমে এবং ভারতীয় প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি উৎপাদন ও উদ্ভাবনের ওপর মনোযোগ দিতে পারে।

নিয়ন্ত্রক সংস্থার তদারকি বজায় রেখে ই-কমার্স রপ্তানির সুফল যাতে ভারতীয় প্রস্তুতকারক এবং এমএসএমই-গুলির কাছে পৌঁছয়, তা নিশ্চিত করতে এই কাঠামোতে বেশ কিছু সুরক্ষামূলক ব্যবস্থা রাখা হয়েছে। শুধুমাত্র নিশ্চিত রপ্তানি অর্ডারের বিপরীতে রপ্তানিযোগ্য পণ্য সংগ্রহ করা যাবে; রপ্তানির উদ্দেশ্যে আগাম বা অনুমান-নির্ভর পণ্য মজুত করার অনুমতি নেই। পণ্যের উৎস সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিশ্চিত করার লক্ষ্যে, রপ্তানিযোগ্য পণ্যগুলিকে আলাদাভাবে চিহ্নিত ও পৃথক রাখতে হবে এবং একটি ডিজিটাল ভাণ্ডারের মাধ্যমে সেগুলির হিসেব রাখতে হবে। 


এই কাঠামো অনুযায়ী, বিদেশি ক্রেতার কাছ থেকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে নয়, বরং নির্ধারিত সময়সীমার মধ্যেই ভারতীয় বিক্রেতাদের অর্থ পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। রপ্তানি সংক্রান্ত ছাড়  এবং অর্থ ফেরতের সুবিধা বিক্রেতাদের পণ্যের এফওবি  মূল্যের অনুপাতে ভাগ করে তাঁদের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি, বিক্রেতারা তাঁদের পণ্যের চূড়ান্ত বিক্রয়মূল্য,  বরাতের বর্তমান অবস্থা এবং শিপমেন্ট বা পণ্য পরিবহনের গতিবিধি সম্পর্কেও তথ্য জানতে পারেন।

ফেরত আসা বা প্রত্যাখ্যাত পণ্যসম্ভার অবশ্যই পুনঃ-রপ্তানি করতে হবে, বিক্রেতার কাছে ফেরত পাঠাতে হবে অথবা নির্ধারিত পদ্ধতি অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। 


স্বচ্ছতা, সময়ে অর্থপ্রদান, রপ্তানি-সুবিধার কার্যকর সুফল প্রদান এবং শক্তিশালী নিয়ন্ত্রণমূলক তদারকি নিশ্চিত করার পাশাপাশি সুসংগঠিত পণ্য সরবরাহ ও ব্যবস্থাপনা নেটওয়ার্ক সুবিধা প্রদানের মাধ্যমে এই কাঠামোটি বিশ্বব্যাপী ই-কমার্স সরবরাহ শৃঙ্খলে ভারতীয় নির্মাতা, ব্যবসায়ী এবং এমএসএমই -গুলির অংশগ্রহণ আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

 


SC/MP/NS…. 


(रिलीज़ आईडी: 2295006) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Gujarati