আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী শ্রী জুয়াল ওঁরাও আদিবাসী শিল্পকলা, সংস্কৃতি এবং ঐতিহ্যগত জ্ঞানের ডিজিটাল শিক্ষণ প্ল্যাটফর্ম ‘ট্রাইবেক্স’ চালু করলেন

प्रविष्टि तिथि: 07 JUL 2026 7:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ জুলাই, ২০২৬

 

জনজাতি শিক্ষাকে ডিজিটাল রূপ দিতে এবং ভারতের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণের এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে, জনজাতি বিষয়ক মন্ত্রক আজ ‘ট্রাইবেক্স’ (TribeX) চালু করেছে। এটি জনজাতি শিল্পকলা, সংস্কৃতি, ঐতিহ্যগত জ্ঞান এবং দক্ষতা উন্নয়নের জন্য নিবেদিত সর্বপ্রথম ডিজিটাল শিক্ষণ প্ল্যাটফর্ম। ওড়িশার ভুবনেশ্বরে ‘জনজাতি গবেষণা প্রতিষ্ঠান শক্তিশালীকরণ’ বিষয়ক জাতীয় কর্মশালায় কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী শ্রী জুয়াল ওঁরাও এই প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে, নীতি আয়োগের সদস্য ডঃ আর. বালাসুব্রহ্মণিয়ম, ওড়িশা সরকারের তফসিলি জাতি ও উপজাতি উন্নয়ন, সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের মন্ত্রী শ্রী নিত্যানন্দ গোন্দ, দেশের বিভিন্ন জনজাতি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষাবিদ, জনজাতি জ্ঞান বিশেষজ্ঞ প্রমুখ উপস্থিত ছিলেন। 

শ্রী জুয়াল ওঁরাও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ট্রাইবেক্স ভারতের সমৃদ্ধ জনজাতি ঐতিহ্যের সংরক্ষণ, প্রচার এবং বিশ্বজুড়ে এর প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের কাছে জনজাতি জ্ঞানকে সহজলভ্য করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে। তিনি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জনজাতি গবেষণা প্রতিষ্ঠান এবং জনজাতি কল্যাণ বিভাগকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এই প্ল্যাটফর্মটি সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করার জন্য অনুরোধ করেন। 

সুসমন্বিত ডিজিটাল শিক্ষার মাধ্যম হিসেবে পরিকল্পিত, ট্রাইবএক্স জনজাতীয় ভাষা, শিল্পকলা, কারুশিল্প এবং ঐতিহ্যবাহী জ্ঞানের উপর বিনামূল্যে সার্টিফিকেট কোর্স এবং ইউজিসি-স্বীকৃত স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের মাধ্যমে কাঠামোগত শিক্ষার সুযোগ প্রদান করে। এই প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে শিক্ষার্থী, গবেষক, শিক্ষাবিদ এবং উৎসাহীদের জনজাতীয় জ্ঞান বিশেষজ্ঞ এবং প্রধান কারিগরদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ করে দেয় এবং একই সঙ্গে ভারতের বৈচিত্র্যময় জনজাতীয় ঐতিহ্য সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। শিক্ষার বাইরেও, ট্রাইবএক্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য জনজাতীয় ভাষা, মুখে মুখে চলে আসা পরম্পরা, পরিবেশন শিল্প, সাংস্কৃতিক চর্চা এবং দেশীয় জ্ঞান ব্যবস্থার নথিভুক্তি, সংরক্ষণ এবং প্রচারের জন্য একটি ডিজিটাল ভান্ডার হিসেবে কাজ করে।

প্ল্যাটফর্মটিতে বর্তমানে চিত্রকলা, হস্তশিল্প, তাঁতশিল্প, শিল্পকর্ম এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সহ বিভিন্ন জনজাতীয় শিল্পকলার উপর ২০টি বিনামূল্যে সার্টিফিকেট কোর্স রয়েছে এবং ১০০টিরও বেশি সার্টিফিকেট কোর্সে সম্প্রসারণের একটি রোডম্যাপ রয়েছে।

পিজি ডিপ্লোমা কোর্সগুলির জন্য ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রক এবং বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  ট্রাইবেক্স-এ ইউজিসি-স্বীকৃত পাঁচটি এক বছর মেয়াদী হাইব্রিড ডিপ্লোমা কর্মসূচি রয়েছে। এগুলি হল:

আদিবাসী ভাষা: সাঁওতালি (অলচিকি)

সুস্থিত আদিবাসী সংস্কৃতি ভিত্তিক জীবিকা নির্বাহ পদ্ধতি

জাদুঘরবিদ্যা এবং আদিবাসী জাদুঘর ব্যবস্থাপনা

ভারতের আদিবাসী শিল্পকলা ও কারুশিল্প

আদিবাসী বস্ত্রশিল্প


এর হেরিটেজ আর্কাইভে ৫০০০-এর বেশি মাল্টিমিডিয়া উপাদান রয়েছে, যা ১০০০০ পর্যন্ত বাড়ানো যেতে পারে। এর মধ্যে রয়েছে অডিও, ভিডিও এবং সাহিত্য, যা দেশজুড়ে জনজাতি উৎসব, সামাজিক-সাংস্কৃতিক প্রথা এবং মৌখিক পরম্পরাকে নথিভুক্ত করে।

 

 

SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2282400) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Malayalam