রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন লাও পিডিআর-এর উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী

प्रविष्टि तिथि: 03 JUN 2026 7:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ জুন, ২০২৬

 

রাষ্ট্রপতি ভবনে আজ (৩ জুন, ২০২৬) রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন লাও পিডিআর-এর উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী শ্রী থংসাভান ফমবিহানে।

প্রথম ভারত সফরে শ্রী ফমবিহানেকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত এবং লাও পিডিআর-এর মধ্যে সভ্যতাকেন্দ্রিক নিকট মৈত্রী বর্তমান, যা আমাদের বৌদ্ধ এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের প্রতিফলন। এবছর আমরা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উদযাপন করছি, যা দ্বিপাক্ষিক সম্পর্কের একটি উল্লেখযোগ্য মাইলফলক।

রাষ্ট্রপতি বলেন, ২০২৪-এর অক্টোবরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আশিয়ান সম্পর্কিত শিখর সম্মেলনে অংশ নিতে লাও পিডিআর সফর করেছিলেন। সেই সফরে একাধিক চুক্তি সম্পন্ন হয়। আমাদের সহযোগিতায় নতুন করে গতি আসে।

রাষ্ট্রপতি বলেন, ভারত এবং লাও পিডিআর-এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু ব্যবসা এবং লগ্নিতে আরও অগ্রগতির যথেষ্ট সম্ভাবনা আছে। রাষ্ট্রপতি বলেন, ভারত, লাও পিডিআর-এর সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্বাস্থ্য, ওষুধ, কৃষি, সেচ, উৎপাদন শিল্প, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বিদ্যুতের মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারলে খুশি হবে। আমরা উদ্ভাবন এবং জ্ঞান ভিত্তিক অর্থনীতি ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিতেও আগ্রহী।

রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে বলেন, দুই দেশের মধ্যে উন্নয়নে অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে এবং এটি লাও-এর যুব সমাজের প্রত্যাশা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

দুই নেতাই আমাদের মানুষের প্রভূত উপকার করতে দুই দেশের মধ্যে নিবিড় সহযোগিতায় সম্মত হয়েছেন।

 


SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2268800) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam