ভোক্তা বিষয়ক,খাদ্য ও গণবন্টন মন্ত্রক
azadi ka amrit mahotsav

সার্থক-গণবণ্টনের অধীনে দুটি প্রকল্প অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা

আগামী ৫ বছরে সার্থক গণবণ্টন প্রকল্পের জন্য কেন্দ্র ২৫,৫৩০ কোটি টাকা ব্যয় করবে

খাদ্যশস্যে শেষ প্রান্ত পর্যন্ত সরবরাহ নিশ্চিত করা এবং ডিলারদের জন্য উচ্চতর কমিশন নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রাধিকার

সরকার উন্নত প্রযুক্তির মাধ্যমে গণবণ্টন কার্যক্রমে স্বচ্ছতা, নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে সচেষ্ট

পোস্ট করার দিনক্ষণ: 27 MAY 2026 2:57PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৭ মে, ২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সি সি ইএ) ‘গণবণ্টন ব্যবস্থায় স্বয়ংক্রিয়তার মাধ্যমে রেশন পরিবহন ও আয় ব্যবস্থাপনায় সহায়তা প্রকল্প’ -সার্থক পিডিএস'কে একটি সমন্বিত প্রকল্প হিসেবে অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে, যেখানে কেন্দ্রীয় অংশ হিসেবে ২৫,৫৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সিসিইএ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আন্তঃরাজ্য খাদ্যশস্য চলাচল ও ব্যবস্থাপনা এবং এফপিএস ডিলারদের মার্জিন বাবদ ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সহায়তার নিয়মাবলী সংশোধন করার এবং কেন্দ্রীয় সহায়তার বিদ্যমান অর্থায়ন কাঠামো অব্যাহত রাখার সিদ্ধান্তও নিয়েছে।

এই প্রকল্পটি একটি সমন্বিত প্রকল্প হিসেবে পরিকল্পিত হয়েছে, যা জাতীয় খাদ্য সুরক্ষা আইন, ২০১৩ এর বাস্তবায়নকে সার্বিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে চলমান দুটি প্রকল্পকে একীভূত করবে: (১) “জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রাজ্যের অভ্যন্তরে খাদ্যশস্য চলাচল এবং এফপিএস ডিলারদের মার্জিনের জন্য রাজ্য সংস্থাগুলিকে সহায়তা” এবং (২) “গণবন্টন ব্যবস্থায় প্রযুক্তির মাধ্যমে আধুনিকীকরণ ও সংস্কার প্রকল্প (স্মার্ট পিডিএস)”।

সার্থক-পিডিএস প্রকল্পের লক্ষ্য হলো (ক) রাজ্যের অভ্যন্তরে পণ্য চলাচল, হ্যান্ডলিং এবং এফপিএস ডিলারের মার্জিনের জন্য নিশ্চিত আর্থিক সহায়তা প্রদান করা, এবং (খ) একটি সমন্বিত, নাগরিক-কেন্দ্রিক, বুদ্ধিমান ও আন্তঃকার্যকরী গণবণ্টন কাঠামো তৈরি করা, যা শেষ প্রান্ত পর্যন্ত পরিষেবা প্রদান নিশ্চিত করবে, অপচয় কমাবে এবং এনএফএসএ-এর অধীনে খাদ্য সুরক্ষার প্রতি দেশের অঙ্গীকারকে শক্তিশালী করবে। এই সংযুক্ত প্রকল্পটি ৩১.০৩.২০৩১ পর্যন্ত চালু থাকবে।

সার্থক-পিডিএস প্রকল্পের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং , ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং ব্লকচেইনের মতো উন্নত প্রযুক্তির মাধ্যমে গণবণ্টন কার্যক্রমকে আধুনিকীকরণ, সমন্বিত এবং বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালিত করা। পিডিএস কার্যক্রমে স্বচ্ছতা, নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে আইএসও-প্রত্যয়িত প্রক্রিয়া কাঠামো তৈরি করা হবে।

দেশের জনগণের প্রতি ভারত সরকারের একটি সামাজিক ও আইনগত দায়বদ্ধতা রয়েছে - পর্যাপ্ত পরিমাণে উন্নত মানের খাদ্যশস্যের প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে তাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিয়ে একটি মর্যাদাপূর্ণ জীবন প্রদান করা। এই প্রকল্পটি এন.এফ.এস.এ -এর আওতাভুক্ত ৮১.৩৫ কোটি ব্যক্তির প্রতি ভারত সরকারের এই দায়বদ্ধতা পূরণের লক্ষ্যে কাজ করবে। বিধিবদ্ধ এবং নীতিগত কাঠামোর উপর ভিত্তি করে, সার্থক-পিডিএস আর্থিক সহায়তার উপাদানটিকে ধরে রাখে ও সুবিন্যস্ত করে এবং একই সাথে এটিকে একটি আধুনিক, প্রযুক্তি-চালিত পিডিএস ইকোসিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করে।

গত এক দশকে, সরকার পিডিএস-এর সমন্বিত ব্যবস্থাপনা এবং স্মার্ট পিডিএস-এর মতো একাধিক ডিজিটাইজেশন উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর পাশাপাশি ‘মেরা রেশন’, ‘অন্ন মিত্র’, ‘রাইটফুল টার্গেটিং ড্যাশবোর্ড’ এবং ‘অন্ন সহায়তা’-র মতো নাগরিক-কেন্দ্রিক অ্যাপ্লিকেশনও চালু করেছে। এবং ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে, স্মার্ট পিডিএস প্রকল্পটি ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে রেশন কার্ডের সম্পূর্ণ ডিজিটাইজেশন, আধার সিডিং, ই-পিওএস-এর মাধ্যমে এফপিএস অটোমেশন, অনলাইন বরাদ্দ এবং কম্পিউটারাইজড সাপ্লাই-চেইন ম্যানেজমেন্ট সক্ষম করার মাধ্যমে প্রযুক্তি-চালিত সংস্কারের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করছে।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2265953) ভিজিটরদের কাউন্টার : 8
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam