ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গে পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হতে চলেছে

প্রকাশিত: 22 MAY 2026 8:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ মে ২০২৬

 

 

ভারত সরকারের এমএসএমই মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং উন্নয়ন কমিশনার (এমএসএমই) ডঃ রজনীশ, পশ্চিমবঙ্গে পিএম বিশ্বকর্মা প্রকল্প বাস্তবায়নের জন্য ২২ মে, ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

ভারত সরকারের এমএসএমই মন্ত্রক ২০২৩ সালের ১৭ই সেপ্টেম্বর এই প্রকল্পটি চালু করে। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি রাজ্যে পিএম বিশ্বকর্মা চালুর জন্য রাজ্য পর্যবেক্ষণ কমিটি এবং জেলা বাস্তবায়ন কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে।

 

পিএম বিশ্বকর্মা প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে, সুবিধাভোগীদের দ্রুত শনাক্তকরণ, দক্ষতা উন্নয়ন জোরদার করা এবং ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের মধ্যে ব্যাপক প্রচার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এই বৈঠকে রাজ্যে অন্যান্য এমএসএমই প্রকল্পের বাস্তবায়ন এবং উন্নত সমন্বয় ও প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে এমএসএমই পরিমণ্ডলকে শক্তিশালী করার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

 

মুখ্য সচিব পশ্চিমবঙ্গে এমএসএমই উন্নয়নকে শক্তিশালী করার জন্য ভারত সরকারের এমএসএমই মন্ত্রকের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। তিনি কেন্দ্রের প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই ও বস্ত্র বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী রাজেশ পান্ডে এবং রাজ্যের কর্মকর্তাদের সঙ্গেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজ্যের আধিকারিক ও ব্যাঙ্ক কর্মীদের কাছে পিএম বিশ্বকর্মা প্রকল্পের প্রচার ও বাস্তবায়নের পদ্ধতিগুলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

 

ডঃ রজনীশ ভারতের ঐতিহ্যবাহী দক্ষতা সংরক্ষণ এবং আধুনিক সরঞ্জাম, আনুষ্ঠানিক আর্থিক সুবিধা ও উন্নত বাজার সুযোগের মাধ্যমে কারিগরদের ক্ষমতায়নে পিএম বিশ্বকর্মা প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী কারুশিল্প ও কারিগর সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্যের কারণে পশ্চিমবঙ্গে এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে ৭ লক্ষ ৭৯ হাজার কারিগর ও শিল্পী তালিকাভুক্ত রয়েছেন।

 

সফরকালে ডঃ রজনীশ পশ্চিমবঙ্গের এমএসএমই সমিতিগুলির সঙ্গেও মতবিনিময় করেন। তিনি এমএসএমই-এর প্রসার ও উন্নয়নে সহায়তা করার জন্য মন্ত্রকের ফ্ল্যাগশিপ কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করেন। পশ্চিমবঙ্গের এমএসএমই-গুলিকে প্রযুক্তিগত, টুলিং এবং টেস্টিং সহায়তা প্রসারিত করার জন্য কলকাতার টেকনোলজি সেন্টার এবং টেস্টিং সেন্টারের কাজ পর্যালোচনা করা হয়। 

 

তিনি ২১ মে, ২০২৬ তারিখে কলকাতার এমএসএমই টেস্টিং সেন্টারে “ট্রান্সফরমার টেস্টিং ফ্যাসিলিটি”-এরও উদ্বোধন করেন।এই আধুনিক ট্রান্সফরমার টেস্টিং ফ্যাসিলিটি স্থাপনের ফলে একই ছাদের নিচে সাশ্রয়ী মূল্যে এবং নির্ভরযোগ্য টেস্টিং পরিষেবা পাওয়া যাবে। এই সুবিধাটি ক্রমবর্ধমান শিল্প এবং ইউটিলিটির চাহিদা অনুযায়ী স্টেপ-আপ এবং স্টেপ-ডাউন উভয় ট্রান্সফরমার সহ বিভিন্ন ক্ষমতা-ভিত্তিক ট্রান্সফরমারের টেস্টিং-এ সহায়তা করবে।

 

এই প্রকল্পটি ট্রান্সফরমার উৎপাদনে নিযুক্ত ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগগুলিকে (এমএসএমই) উল্লেখযোগ্যভাবে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে।এটি নিকটবর্তী এলাকার মধ্যেই নির্ভরযোগ্য এবং মানসম্মত টেস্টিং সুবিধাগুলিতে প্রবেশাধিকার দেবে। এর ফলে দূরবর্তী পরীক্ষাগারের উপর নির্ভরতা কমবে এবং টেস্টিং সম্পন্ন হওয়ার সময়ও কমবে। 

 

 

 

SC/PM/AS


(রিলিজ আইডি: 2264440) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , हिन्दी