ভারী শিল্প মন্ত্রক
পিএম ই-ড্রাইভ প্রকল্পের অধীন দেশজুড়ে ইভি চার্জিং পরিকাঠামো গড়ে তুলতে জাতীয় সম্মেলন
প্রকাশিত:
12 MAY 2026 6:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ মে, ২০২৬
কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক বেঙ্গালুরু’তে আজ পিএম ই-ড্রাইভ প্রকল্পের অধীন দেশজুড়ে ইভি চার্জিং পরিকাঠামো গড়ে তুলতে এক জাতীয় সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী শ্রী এইচ ডি কুমারাস্বামী বলেন, পরিবেশ-বান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে ভারত সরকার দেশজুড়ে আধুনিক ও নির্ভরযোগ্য ইভি চার্জিং পরিমণ্ডল গড়ে তুলবে। তিনি বলেন, এই প্রকল্পের মধ্যেই প্রতিফলিত, সরকার বৈদ্যুতিক পরিবহণ ব্যবস্থাকে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং শহর ও গ্রামাঞ্চলে সহজলভ্য করে তুলতে চায়। এই লক্ষ্যে সর্বত্র ইভি চার্জিং পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
কর্ণাটকে ১২৩.২৬ কোটি টাকা ব্যয়ে ১২৪৩টি ইভি চার্জার স্থাপনের প্রস্তাবে অনুমোদনের ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেইসঙ্গে, বিভিন্ন রাজ্যে ৪৮৭৪টি ইভি চার্জার ব্যবস্থায় ৫০৩.৮৬ কোটি টাকা আর্থিক বরাদ্দের ঘোষণা করেন তিনি। তামিলনাডু, কর্ণাটক, তেলঙ্গনা, কেরল, গুজরাট, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান সহ রাজ্যগুলিতে এইচপিসিএল, আইওসিএল এবং বিপিসিএল – এর মতো বড় কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির প্রস্তাব এর অন্তর্ভুক্ত।
কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের অতিরিক্ত সচিব ডঃ হানিফ কুরেশি জানান, পিএম ই-ড্রাইভ উদ্যোগ দেশজুড়ে ই-চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলার এক নিরবচ্ছিন্ন এবং ভবিষ্যৎ-বান্ধবের ভিত্তি রচনা করেছে। সম্মেলনে ই-চার্জিং পরিকাঠামোকে ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এতে যোগ দেন। চার্জ পয়েন্ট অপারেটর্স, ইভি’র মূল যন্ত্রাংশ নির্মাণকারী, তেল বিপণন সংস্থা, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা, পরিবহণ শিল্প সংস্থা এবং অন্যান্য অংশীদাররাও এতে যোগ দিয়েছেন।
SC/AB/SB…
(রিলিজ আইডি: 2260555)
ভিজিটরের কাউন্টার : 6