বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ও ভিয়েতনাম উচ্চ পর্যায়ের আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদার করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডীপ-টেক এবং উদ্ভাবনে সহযোগিতা সম্প্রসারিত

প্রকাশিত: 07 MAY 2026 4:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ মে, ২০২৬ 

 

বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, জনঅভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং আজ নতুনদিল্লিতে ভিয়েতনামের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অধ্যাপক ডঃ ভু হাই কুয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। এই আলোচনায় উভয় পক্ষই প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা এবং স্টার্টআপ ইকোসিস্টেমের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডিপ টেকনোলজি, সেমিকন্ডাক্টর, রোবোটিক্স, জৈবপ্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি এবং উদ্ভাবন-নির্ভর গবেষণার ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মূলত আলোচনা হয়। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের মধ্যকার প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরও শক্তিশালী করা নিয়েও বৈঠকে কথা হয়।

ভিয়েতনামের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ডঃ জিতেন্দ্র সিং ভারত ও ভিয়েতনামকে 'সভ্যতার অংশীদার' হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, গত এক দশকে দুই দেশের মধ্যে 'ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব' নতুন গতি লাভ করেছে এবং ২০২৪ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী ফাম মিন চিন-এর ভারত সফরের পর এই অংশীদারিত্ব আরও নিবিড় হয়েছে।

মন্ত্রী বলেন, ভারতের 'অ্যাক্ট ইস্ট নীতি' এবং 'ভারত-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গি' বাস্তবায়নে ভিয়েতনাম একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা পালন করছে। 

ডঃ জিতেন্দ্র সিং ভারতের দ্রুত উন্নয়নশীল স্টার্টআপ পরিমন্ডলের কথা উল্লেখ করেন এবং দুই দেশের স্টার্টআপ, উদ্ভাবক ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি বলেন, উদীয়মান প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা এবং তরুণ গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে ভারত ও ভিয়েতনাম যৌথভাবে কাজ করতে পারে।

তিনি ভারত-আসিয়ান বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ক কর্মসূচিগুলোতে ভিয়েতনামের সক্রিয় অংশগ্রহণের কথাও উল্লেখ করেন। 'ভারত-আসিয়ান গবেষণা ও প্রশিক্ষণ ফেলোশিপ কর্মসূচি'-র আওতায় ভিয়েতনামের প্রায় দশজন গবেষক ফেলোশিপের সুবিধা গ্রহণ করেছেন। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে বেশ কিছু যৌথ প্রকল্প চালু রয়েছে। আঞ্চলিক সহযোগিতার কাঠামোর আওতায় আয়োজিত বিভিন্ন উদ্ভাবন ও বৈজ্ঞানিক মঞ্চেও ভিয়েতনামের উদ্ভাবক এবং মহিলা বিজ্ঞানীরা অংশগ্রহণ করেছেন।

প্রস্তাবিত পরবর্তী ভারত-ভিয়েতনাম যৌথ কমিটির বৈঠক নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে । এছাড়া সুসংহত প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে দ্বিপাক্ষিক যোগাযোগ এগিয়ে নেওয়ার প্রস্তুতি পর্যালোচনা করেছে।

অধ্যাপক ডঃ ভু হাই কুয়ান বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টিকে স্বাগত জানান এবং ব্যবহারিক প্রয়োগ ও সামাজিক সুফল রয়েছে এমন 'ডিপ টেকনোলজি' বা গভীর প্রযুক্তির ক্ষেত্রে সুসংহত সহযোগিতা গড়ে তোলার বিষয়ে ভিয়েতনামের আগ্রহ প্রকাশ করেন। তিনি নিয়মিত সমন্বয় সাধনের লক্ষ্যে উভয় মন্ত্রক থেকে নির্দিষ্ট 'নোডাল পয়েন্ট' বা সমন্বয়কারী প্রতিনিধি মনোনয়নের এবং দ্বিপাক্ষিক উদ্যোগগুলোকে বাস্তবসম্মত ফলাফলে রূপান্তর করার জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির প্রস্তাব দেন।

ভিয়েতনামের মন্ত্রী উভয় মন্ত্রকের মধ্যে যৌথ কমিটির কার্যপদ্ধতি অব্যাহত রাখার বিষয়টিকেও সমর্থন জানান। ভারতের সঙ্গে ভবিষ্যতের কর্মসূচি সমন্বয়ের জন্য ভিয়েতনাম একজন উপমন্ত্রী-পর্যায়ের প্রতিনিধি নিযুক্ত করবে বলে তিনি জানান।

আলোচনায়, উভয় পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক মিশন, সাইবার নিরাপত্তা কাঠামো, উদ্ভাবন-সহায়ক পরিবেশ এবং প্রযুক্তি হস্তান্তর উদ্যোগগুলোর ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে মত বিনিময় করে। ভারত এই ক্ষেত্রগুলোতে নিজের অভিজ্ঞতা এবং সর্বোত্তম অনুশীলন বিনিময় করার বিষয়ে তাদের প্রস্তুতির কথা ব্যক্ত করে।

এই বৈঠকে দুই দেশের মধ্যে চলতি শিক্ষাগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগও পর্যালোচনা করা হয়। আলোচনায় স্টার্টআপ বিনিময় কর্মসূচি, যৌথ উদ্ভাবন কেন্দ্র এবং শিল্প-সংযুক্ত গবেষণা অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করা হয়।

ভারত ও ভিয়েতনাম তাদের 'ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব' কাঠামোর আওতায় একটি শক্তিশালী ও ক্রমবর্ধমান অংশীদারিত্ব বজায় রেখে চলেছে। উভয় পক্ষ নিয়মিত যোগাযোগ বজায় রাখতে এবং দ্বিপাক্ষিক আলোচনার ফলাফলগুলোকে এমন সব সুনির্দিষ্ট সহযোগিতামূলক উদ্যোগে রূপান্তর করতে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। এই বিষয়গুলি উভয় দেশের জনগণের জন্য প্রযুক্তিগত, অর্থনৈতিক ও সামাজিক সুফল বয়ে আনবে।

 

SC/PM/SB


(রিলিজ আইডি: 2258807) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Tamil , Telugu