প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

কোচি সফরে রয়্যাল নেদারল্যান্ডস নৌবাহিনীর ডেপুটি কমান্ডার এবং এইচএনএলএমএস ডি রুইটার জাহাজ

প্রকাশিত: 06 MAY 2026 11:50AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ মে, ২০২৬

 

রয়্যাল নেদারল্যান্ডস নেভির 'ডি জেভেন প্রভিনসিয়েন' শ্রেণির ফ্রিগেট যুদ্ধজাহাজ এইচএনএলএমএস ডি রুইটার (এফ৮০৪) গত ৪ মে ২০২৬ তারিখে কোচি বন্দরে পৌঁছয়। রয়্যাল নেদারল্যান্ডস নেভির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল (রয়্যাল মেরিনস) রব ডি উইট এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিসা জেরার্ডসসহ এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যখন কোচির 'সাদার্ন নেভাল কমান্ড' পরিদর্শন করছেন, তখনই এই যুদ্ধজাহাজ কোচিতে পৌঁছল।  কোচি বন্দরে পৌঁছানোর পর, এইচএনএলএমএস ডি রুইটার -কে ভারতীয় নৌবাহিনীর 'ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট'-এর পাহারায় বন্দরে নিয়ে আসা হয় এবং নৌবাহিনীর ব্যান্ডের মূর্ছনায় জাহাজটিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। বর্তমানে এই যুদ্ধজাহাজটি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাঁচ মাসের এক মিশনে রয়েছে, এই সময়ের মধ্যে এটি বিভিন্ন সহযোগী রাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়ায় অংশগ্রহণ করবে। উল্লেখ্য, রয়্যাল নেদারল্যান্ডস নেভির ডেপুটি কমান্ডার এর আগে গত ফেব্রুয়ারি ২০২৬ সালে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত 'মিলান ২৬' মহড়ার অংশ হিসেবে 'IONS Conclave of Chiefs' শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। নেদারল্যান্ডসের নৌ-প্রতিনিধিদলটি সাদার্ন নেভাল কমান্ডের চিফ অফ স্টাফ রিয়ার অ্যাডমিরাল প্রকাশ গোপালনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। দুই নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ  সামুদ্রিক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেদারল্যান্ডসের 'জাতীয় স্মরণ দিবস' উপলক্ষ্যে  মেজর জেনারেল রব ডি উইট এবং রাষ্ট্রদূত মারিসা জেরার্ডস এসএনসি যুদ্ধ-স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন। নেদারল্যান্ডসের এই প্রতিনিধিদলটির বেশ কিছু দ্বিপাক্ষিক কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে। প্রতিনিধিদলটি সাদার্ন নেভাল কমান্ডের আওতাধীন বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবে এবং সেখানে থাকা উন্নতমানের সিমুলেটর ও অত্যাধুনিক প্রশিক্ষণ পরিকাঠামো দেখবে। এছাড়া, ভারতের জাহাজ নির্মাণ সক্ষমতা সম্পর্কে সম্যক ধারণা লাভ এবং শিল্পক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি অন্বেষণের উদ্দেশ্যে প্রতিনিধিদলটির 'কোচিন শিপইয়ার্ড লিমিটেড' পরিদর্শনেরও কথা রয়েছে। দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত ও সামাজিক আদান-প্রদানের লক্ষ্যে বেশ কিছু কর্মসূচির পরিকল্পনাও করা হয়েছে। কোচি থেকে বিদায় নেওয়ার সময়, এইচএনএলএমএস ডি রুইটার একটি ভারতীয় নৌ-যুদ্ধজাহাজের সঙ্গে যৌথভাবে সমুদ্রপথের মহড়ায় অংশগ্রহণ করবে। এই মহড়া দুই নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও যৌথ কার্যক্ষমতাকে আরও সুদৃঢ় করবে। 

 

SC/SD/DM....


(রিলিজ আইডি: 2258418) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Malayalam