নির্বাচনকমিশন
পশ্চিমবঙ্গে অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করল ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)
প্রকাশিত:
02 MAY 2026 3:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ মে ২০২৬
১. ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গ বিধানসভার চলমান সাধারণ নির্বাচন-২০২৬ উপলক্ষে, গণনা পর্যবেক্ষকদের সহায়তা করার জন্য ১৬৫ জন 'অতিরিক্ত গণনা পর্যবেক্ষক' এবং গণনা কেন্দ্রগুলোর আশেপাশে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করার জন্য ৭৭ জন 'পুলিশ পর্যবেক্ষক' মোতায়েন করেছে।
২. গণনা প্রক্রিয়াটি যেন একটি নিরাপদ, শান্তিপূর্ণ, ভয়ভীতিমুক্ত এবং স্বচ্ছ পরিবেশে পরিচালিত হয়—তা নিশ্চিত করার লক্ষ্যেই এই অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষকদের মোতায়েন করা হয়েছে।
৩. ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং 'জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১'-এর ২০(খ) ধারার অধীনে নির্বাচন কমিশনের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করে এই নিয়োগ দেওয়া হয়েছে। এই সময়কালে, পর্যবেক্ষকদের কমিশনের অধীনে 'ডেপুটেশনে' কর্মরত হিসেবে গণ্য করা হবে এবং তাঁরা কমিশনের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের অধীনেই তাঁদের দায়িত্ব পালন করবেন।
৪. ১৬৫টি বিধানসভা কেন্দ্রের (এসি) জন্য অতিরিক্ত গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে; উল্লেখ্য যে, এই কেন্দ্রগুলোতে একাধিক গণনা কক্ষ (কাউন্টিং হল) রয়েছে এবং সেখানে মূল গণনা পর্যবেক্ষকদের সহায়তা করার জন্যই এঁদের নিয়োগ করা হচ্ছে।
৫. পুলিশ পর্যবেক্ষকরা তাঁদের জন্য নির্ধারিত বিধানসভা কেন্দ্রগুলির গণনা কেন্দ্রগুলির আশেপাশে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির তদারকি করবেন এবং নিশ্চিত করবেন যে, গণনা কেন্দ্রগুলির চারপাশের নিরাপত্তা ব্যবস্থা যেন কমিশনের নির্দেশিকা অনুযায়ী থাকে। তবে, ভোট গণনার দিন কোনো অবস্থাতেই পুলিশ পর্যবেক্ষকরা গণনা কক্ষের ভেতরে প্রবেশ করতে পারবেন না।
৬. পুলিশ পর্যবেক্ষকরা গণনা পর্যবেক্ষক এবং গণনা প্রক্রিয়ার জন্য মোতায়েনকৃত অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে তাঁদের দায়িত্ব পালন করবেন।
৭. রিটার্নিং অফিসার (আর ও)-গণ, গণনা কাজে নিযুক্ত কর্মী, প্রার্থী এবং তাঁদের নির্বাচনী এজেন্টদের জন্য পরিচয়পত্র বা 'আইডি কার্ড'গুলি ECINet-এর একটি নির্দিষ্ট মডিউলের মাধ্যমে ইস্যু করা হবে।
৮. গণনা কেন্দ্রগুলিতে প্রবেশের বিষয়টি কঠোরভাবে কিউআর কোড-ভিত্তিক সচিত্র পরিচয়পত্রের ওপর নির্ভরশীল হবে; এই পরিচয়পত্রগুলি রিটার্নিং অফিসারদের মাধ্যমে ECINet-এর মাধ্যমে গণনা কর্মী, প্রার্থী এবং তাঁদের এজেন্টদের জন্য ইস্যু করা হবে।
৯. এছাড়াও এই নির্দেশ দেওয়া হয়েছে যে, গণনা পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার ছাড়া অন্য কোনো ব্যক্তির গণনা কক্ষের ভেতরে মোবাইল ফোন বহন করার অনুমতি নেই।
১০. কন্ট্রোল ইউনিট থেকে প্রাপ্ত ভোট গণনার ফলাফল সম্বলিত ‘ফর্ম 17C-II’ গণনা সুপারভাইজারগণ গণনা এজেন্টদের উপস্থিতিতে প্রস্তুত করবেন এবং তাঁদের স্বাক্ষরের জন্য গণনা এজেন্টদের নিকট পেশ করবেন। গণনা এজেন্টগণ যদি ইচ্ছা প্রকাশ করেন, তবে এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করা হবে।
১১. প্রতিটি টেবিলে নিয়োজিত মাইক্রো-অবজার্ভাররাও স্বাধীনভাবে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লে থেকে ফলাফলটি লিপিবদ্ধ করবেন এবং পারস্পরিক যাচাইয়ের (ক্রশ - ভেরিফিকেশন) উদ্দেশ্যে প্রতিটি রাউন্ড শেষে তা গণনা পর্যবেক্ষকের নিকট হস্তান্তর করবেন।
SC/SB/DM
(রিলিজ আইডি: 2257545)
ভিজিটরের কাউন্টার : 5