শিল্পওবাণিজ্যমন্ত্রক
দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করতে ভারত-কেনিয়া যৌথ বাণিজ্য কমিটির দশম বৈঠক নাইরোবিতে অনুষ্ঠিত হয়েছে
প্রকাশিত:
29 APR 2026 12:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ এপ্রিল ২০২৬
ভারত ও কেনিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করার লক্ষ্যে কেনিয়ার নাইরোবিতে ২৭ এবং ২৮ এপ্রিল ভারত-কেনিয়া যৌথ বাণিজ্য কমিটির দশম বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের বাণিজ্য সচিব শ্রী রাজেশ আগরওয়াল এবং কেনিয়ার পক্ষে সে দেশের বাণিজ্য দপ্তরের প্রধান সচিব শ্রীমতী রেজিনা আকোটা ওমবাম নেতৃত্ব দেন। কেনিয়ার অন্যতম ব্যবসায়িক অংশীদার হিসেবে ভারত বিবেচিত হয়। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পরিমাণ ২০২৪-২৫ অর্থবর্ষে ছিল ৩৪৫ কোটি মার্কিন ডলার। ২০২৫-২৬ অর্থবর্ষে তা ২৪.৯১ শতাংশ বেড়ে ৪৩১ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো, দুই দেশের উৎপাদিত পণ্য অন্যের বাজারে বিক্রির সুযোগ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, কৃষিজাত পণ্য এবং বৈদ্যুতিন পণ্য নিয়ে ব্যবসা-বাণিজ্যের সুযোগ বৃদ্ধির বিষয়টিকে বৈঠকে তুলে ধরা হয়।
ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবং কেনিয়ার কেনিয়া ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস-এর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে, সেই বিষয়টি বৈঠকে স্থান পায়। এছাড়াও, কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর ও সীমাশুল্ক পর্ষদ এবং কেনিয়া রেভিনিউ অথরিটির মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে সুবিধা হবে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়া কেনিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। উভয় পক্ষই স্থানীয় মুদ্রায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্যোগী হয়েছে। কেনিয়ায় গাড়ি শিল্প, নির্মাণ শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অটো এক্সপো কেনিয়া এবং বিগ ফাইভ কনস্ট্রাক্ট কেনিয়া-র মতো প্রদর্শনীতে ভারতীয় সংস্থাগুলি অংশ নিয়েছে। কেনিয়ায় রেললাইনের গেজ পরিবর্তনে ভারত সহায়তার প্রস্তাব রেখেছে। ওষুধ শিল্পে ব্যয়সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের ক্ষেত্রে ভারত নিজের অবস্থান স্পষ্ট করেছে। এছাড়াও, কেনিয়ায় পরিবেশ-বান্ধব জ্বালানি উৎপাদনের উদ্যোগে সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত। ইউপিআই-এর মতো ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে।
ভারত-কেনিয়া চেম্বার অফ কমার্স এই বৈঠকের ফাঁকে স্থানীয় ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে একটি মতবিনিময় কর্মসূচির আয়োজন করে।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2256587)
ভিজিটরের কাউন্টার : 8