শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রমিকের মর্যাদাকে সম্মান দেওয়া দেশ অগ্রগতির পথে অপ্রতিরোধ্য- ডঃ মান্ডভিয়া

প্রকাশিত: 24 APR 2026 1:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ এপ্রিল ২০২৬

 

কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া আজ বাদগাঁও-এর ওমপোড়ায় ৩০ শয্যা বিশিষ্ট কর্মচারী রাজ্য বিমান নিগম (ইএসআইসি) হাসপাতালের উদ্বোধন করেন। জম্মু-কাশ্মীরে কর্মচারী ও তাঁদের পরিবারের জন্য স্বাস্থ্য পরিষেবার সুযোগকে শক্তিশালী করতে এবং জনস্বাস্থ্য পরিকাঠামো গড়ার লক্ষ্যে এই হাসপাতালের উদ্বোধন। এটি কাশ্মীরে প্রথম ইএসআইসি হাসপাতাল। 

সমাবেশে ডঃ মান্ডভিয়া বলেন, যে দেশ শ্রমিকের মর্যাদাকে সম্মান দেয় যে দেশ অগ্রগতির পথে সে অপ্রতিরোধ্য। কর্মচারীদের নিরলস পরিশ্রমই দেশকে এগিয়ে নিয়ে যায়। ফলে সরকারি পরিচালন ব্যবস্থায় কর্মী কল্যাণ মূল অভিমুখ হওয়া উচিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের প্রত্যেকটি কর্মীর মর্যাদা সুরক্ষা এবং স্বাস্থ্য সেবাকে সুনিশ্চিত করতে দায়বদ্ধ। তিনি আরও বলেন, কর্মচারীদের প্রতি ভারতের দায়বদ্ধতা বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে। ২০২৫ সালে ইন্টারন্যাশনাল সোস্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন আমাদের দেশকে সামাজিক সুরক্ষায় শ্রেষ্ঠত্বের সম্মান দিয়েছে। তিনি আরও বলেন, ২০১৫ সালে আমাদের সামাজিক সুরক্ষা প্রাপকের সংখ্যা ১৯ শতাংশ থেকে বেড়ে আন্তর্জাতিক শ্রম সংগঠনে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালে ৬৪.৩ শতাংশে পৌঁছেছে। 

গত বছর কার্যকর হওয়া ৪টি শ্রম বিধির রূপান্তরমূলক প্রভাবকে তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এইসব সংস্কার ভারতের শ্রম পরিমণ্ডলকে আরও বেশি কর্মচারী কেন্দ্রিক, স্বচ্ছ ও পরিবেশ বান্ধব করে তুলেছে। তিনি বলেন, নতুন শ্রমবিধি সমূহ কর্মচারীদের বহু প্রতিক্ষিত সুরক্ষা প্রদান করছে। যেমন বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, বাধ্যতামূলক নিয়োগপত্র এবং ন্যূনতম মজুরি এর আওতাধীন। তিনি বলেন, ইএসআইসি হাসপাতালগুলিতে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার এই সংস্থান কর্মচারীদের প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় এবং রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবাকে সুনিশ্চিত করে তাঁদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ১৯৫২ থেকে চালু হওয়ার পর ইএসআইসি বিমাকৃত ৩.৮৪ কোটি মানুষের কাছে স্বাস্থ্য সুবিধা পৌঁছে দিচ্ছে এবং দেশজুড়ে প্রায় ১৫ কোটি সুবিধাভোগী রয়েছে। ইএসআইসি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সঙ্গে যুক্ত হওয়ায় নথিভুক্ত হাসপাতালগুলিতে নিখরচায় চিকিৎসার সুযোগ আরও প্রসারিত হয়েছে। 

ওমপোড়ার এই হাসপাতাল নির্মাণে শ্রমিকদের অবদানস্বরূপ ডঃ মনসুখ মান্ডভিয়া তাঁদের সম্বর্ধনা জানান এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে বিমাভুক্ত মানুষদের বহুবিধ সামাজিক সুরক্ষা প্রদান করেন।

১৬৫ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালটি নির্মিত হয়েছে। এতে ১০০টি শয্যা রয়েছে। ৫০,০০০-এরও বেশি কর্মী ও তাঁদের পরিবার প্রত্যক্ষভাবে এতে উপকৃত হবেন। ১৯৮৯ সালের ১৬ অক্টোবর ইএসআই প্রকল্প জম্মু-কাশ্মীরে চালু হয়। তখন জম্মু-কাঠোয়া-শ্রীনগরে ৭০০০ কর্মী এই পরিষেবার আওতাধীন ছিল। বর্তমানে ইএসআই প্রকল্প কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত জেলায় রূপায়িত হয়েছে। প্রায় ১,৮৩,১১৯ জন এই বিমার আওতাধীন ব্যক্তি রয়েছেন। সুবিধাভোগীদের পরিমাণ ৭,০০,০০০ জন। 

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পদস্থ আধিকারিকবৃন্দ, ইএসআইসি-র প্রতিনিধিবৃন্দ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

SC/AB/NS


(রিলিজ আইডি: 2255262) ভিজিটরের কাউন্টার : 16
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Gujarati , Urdu