লোকসভা সচিবালয়
লোকসভার অধ্যক্ষ : ফ্রান্স ভারতের অন্যতম বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ অংশীদার
প্রকাশিত:
15 APR 2026 4:40PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৫ এপ্রিল ২০২৬
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ ফ্রান্সকে ভারতের অন্যতম বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখ করেছেন দুই দেশের বহুদিনের মৈত্রীর গভীর শিকড়ের কথা। তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট শ্রী ইমান্যুয়েল ম্যাক্রঁ-র মধ্যে আন্তরিক ব্যক্তিগত সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার এবং গভীর করতে শক্তি জুগিয়েছে।
ভারত সফররত ফ্রান্স-ইন্ডিয়া ইন্টার পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ অফ দ্য সেনেট অফ ফ্রান্সের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতার সময়ে শ্রী বিড়লা এই মন্তব্য করেন। ওই প্রতিনিধিদল আজ সংসদভবনে তাঁর সঙ্গে দেখা করেন।
২০২৬-এর ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ম্যাক্রঁ-র ভারত সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে শ্রী বিড়লা বলেন যে, দ্বিপাক্ষিক সম্পর্ক “বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব”-তে যেভাবে উন্নীত হয়েছে, তা দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতার ক্রমবর্ধমান গভীরতার প্রতিফলন।
ফরাসি সংসদে মহিলাদের উল্লেখযোগ্য প্রতিনিধিত্বের (৩৬ শতাংশ) প্রশংসা করে শ্রী বিড়লা বলেন, ভারতও প্রশাসনে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করতে আইনগত এবং প্রাতিষ্ঠানিভাবে প্রয়াস চালাচ্ছে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন যে, তৃণমূল স্তরে বিশেষ করে পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলিতে মহিলাদের প্রতিনিধিত্ব অত্যন্ত উৎসাহ ব্যাঞ্জক।
শ্রী বিড়লা প্রতিনিধিদলকে জানান যে, নবনির্মিত সংসদ ভবনে যে বিলটি প্রথম পাশ হয়েছে, সেটি হলো নারী শক্তি বন্দন অধিনিয়ম যাতে নির্বাচিত আইনসভাগুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণের সংস্থান রাখা হয়েছে। তিনি বলেন, এই ঐতিহাসিক আইন মহিলাদের নেতৃত্বে উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রশাসনে ভারতের দৃঢ় দায়বদ্ধতার প্রতিফলন।
২০২৬-এ নতুন দিল্লি এবং ২০২৫-এ প্যারিসে আয়োজিত আইএ শিখর সম্মেলনের প্রসঙ্গে শ্রী বিড়লা বলেন, ভারত এবং ফ্রান্স দুই দেশই সংসদীয় কার্যকারিতা, স্বচ্ছ্বতা এবং আওতা বৃদ্ধি করতে কৃত্রিম মেধা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। তিনি বলেন, এআই এবং ডিজিটাল উপকরণের ব্যবহার উল্লেখযোগ্যভাবে নাগরিক এবং সংসদের মধ্যে থাকা পার্থক্য কমিয়ে এনেছে। এই প্রসঙ্গে তিনি দুই দেশের আইনসভাগুলির মধ্যে সেরা ব্যবহার্য পদ্ধতির আদান-প্রদানের পরামর্শ দেন।
ভারত এবং ফ্রান্সের মধ্যে কূটনৈতিক এবং সংসদীয় স্তরে নিয়মিত ও গঠনমূলক আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন শ্রী বিড়লা। গতবছর অপারেশন সিঁদুরের পরে ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের ফ্রান্স সফরের কথা উল্লেখ করেন তিনি এবং সেইসময় যেভাবে ফ্রান্স সন্ত্রাসবাদের কঠোর নিন্দা করেছিল, তার প্রশংসা করেন অধ্যক্ষ। লাগাতার সাহায্য এবং সংহতি দেখানোর জন্য ফরাসি প্রতিনিধিদলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
SC/AP/CS
(রিলিজ আইডি: 2252499)
ভিজিটরের কাউন্টার : 6