উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
আইআইপিএ’তে পঞ্চম ডঃ রাজেন্দ্র প্রসাদ স্মারক বক্তৃতায় বৃহত্তর কল্যাণে কৃত্রিম মেধা গ্রহণের আহ্বান উপ-রাষ্ট্রপতির
প্রকাশিত:
15 APR 2026 1:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ এপ্রিল, ২০২৬
উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ নতুন দিল্লিতে আজ আইআইপিএ – এর ৭২তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই উপলক্ষ্যে, পঞ্চম ডঃ রাজেন্দ্র প্রসাদ স্মারক বক্তৃতায় সুশাসনের জন্য কৃত্রিম মেধা নিয়ে তাঁর বক্তব্যে উপ-রাষ্ট্রপতি কৃত্রিম মেধার উপর আলোকপাত করেন।
ডঃ রাজেন্দ্র প্রসাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের বিশ্বাস ও নৈতিক চেতনার প্রতি ডঃ রাজেন্দ্র প্রসাদের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তৎকালীন সময়ে প্রথম সারির নেতাদের প্রতিরোধ উপেক্ষা করেও তাঁর সোমনাথ মন্দির সফরের কথা উল্লেখ করেন তিনি। উপরাষ্ট্রপতি বলেন, জনস্বার্থে তাঁর দায়বদ্ধতা,সততা ও সারল্যের জন্য তিনি আজও স্মরণীয় হয়ে আছেন। ক্ষমতার জন্য নয়, সেবার স্বার্থেই প্রকৃত শাসনের আদর্শ জীবনে মেনে চলতেন তিনি।
উপ-রাষ্ট্রপতি বলেন, আমরা এখন কৃত্রিম মেধার যুগে বাস করছি। পরিচালন ব্যবস্থাকে নতুন করে সংজ্ঞায়িত করছে কৃত্রিম মেধা, যা সরকারের কাছে এক নতুন সুপার পাওয়ার হিসেবে দেখা দিয়েছে। পরিচালন ব্যবস্থা কেবলমাত্র নীতি ও পদ্ধতিমাফিক নয়, মানুষের ক্ষমতায়ন এর মূল উদ্দেশ্য এবং কেউ যাতে পিছিয়ে না থাকেন, তা নিশ্চিত করা তার দায়িত্ব। এই লক্ষ্য অর্জনে কৃত্রিম মেধা নির্ণায়ক ভূমিকা পালন করছে।
২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যাত্রাপথে কৃত্রিম মেধাকে এক বৃহৎ শক্তি হিসেবে বর্ণনা করেছেন তিনি। এরফলে, পরিচালন ব্যবস্থা অনেক বেশি গতিশীল, স্বচ্ছ এবং অনেক আধুনিক হয়ে উঠবে। প্রান্তিক মানুষের কাছেও পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ – এর লক্ষ্য পূরণে তা শক্তি যোগাবে এবং জনকল্যাণ ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করবে। তথ্য-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং জনপরিষেবার মানোন্নয়নের পাশাপাশি, প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে আস্থা এবং বিশ্বাস আরও বেশি করে গড়ে তোলার ক্ষেত্রে কৃত্রিম মেধা কার্যকরি ভূমিকা পালন করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক সরকারের কৃত্রিম মেধাকে ব্যবহার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এতে ভাষাগত বাধা কাটিয়ে উঠে ভারতের মতো নানা ভাষার দেশে কৃত্রিম মেধা এক শক্তিশালী মঞ্চ হিসেবে দেখা দিয়েছে। তিনি বলেন, সংসদীয় নথিপত্র এখন কৃত্রিম মেধা ইন্টারফেসের এর মাধ্যমে নানাবিধ ভারতীয় ভাষায় পাওয়া যায়। ভাষিণীর মতো কৃত্রিম মেধা-নির্ভর জাতীয় ভাষা মঞ্চের উপর আলোকপাত করে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক সরকার এবং ভাষাগত ক্ষমতায়নে এটা উল্লেখযোগ্য পদক্ষেপ।
উপ-রাষ্ট্রপতি নানা ক্ষেত্রে কৃত্রিম মেধা ব্যবহারের উপর আলোকপাত করে বলেন, কৃত্রিম মেধা এক রূপান্তরমূলক ভূমিকা পালন করছে। কৃত্রিম মেধা-নির্ভর যক্ষ্মা চিহ্নিতকরণ অথবা পোর্টেবেল এক্স-রে যন্ত্র, ই-সঞ্জীবনীর মতো স্বাস্থ্য সেবা ক্ষেত্রে দূরত্ব এখন আর কোনও বাধা নয়। কৃষি, এমএসএমই, সাইবার সুরক্ষা, বিচার বিভাগ প্রশাসনিক ব্যবস্থা – সমস্ত ক্ষেত্রেই এআই পরিপূরক ভূমিকা পালন করছে।
উপ-রাষ্ট্রপতি বলেন, বিশ্ব মঞ্চে ভারত এখন কৃত্রিম মেধা ক্ষেত্রে প্রথম সারির দেশ। ইন্ডিয়া এআই মিশন এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন দেশের প্রযুক্তি পরিমণ্ডলকে শক্তিশালী করতে চায়। সাম্প্রতিককালে নতুন দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিট – এ কৃত্রিম মেধা ক্ষেত্রে ভারতের নেতৃত্ব সর্বত্র স্বীকৃত হয়েছে। স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব, জাতীয় শিক্ষা নীতি, যুব এআই – যাবতীয় ক্ষেত্রে ভবিষ্যৎ-বান্ধব পরিমণ্ডল গড়ে তুলতে কৃত্রিম মেধা-নির্ভর কর্মশক্তির উপর জোর দেন উপ-রাষ্ট্রপতি।
কেন্দ্রীয় মন্ত্রী এবং আইআইপিএ – এর এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান ডঃ জিতেন্দ্র সিং, আইআইপিএ – এর মহানির্দেশক ডঃ সুরেন্দ্র কুমার বাগদে প্রমুখ উপস্থিত ছিলেন।
SC/AB/SB
(রিলিজ আইডি: 2252223)
ভিজিটরের কাউন্টার : 9