ফার্মাসিউটিক্যাল দপ্তর
নবম ইন্ডিয়া ফার্মা সমারোহ - নীতি এবং উদ্ভাবনা পরিমণ্ডলের প্রসার
প্রকাশিত:
13 APR 2026 3:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ এপ্রিল, ২০২৬
নতুন দিল্লিতে আজ রাসায়নিক ও সার মন্ত্রকের আওতাধীন ফার্মাসিউটিক্যালস বিভাগের গুরুত্বপূর্ণ আয়োজন ইন্ডিয়া ফার্মার (২০২৬) নবম পর্বের সূচনা হয়েছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্স-এর যৌথ উদ্যোগে এই সম্মেলন চলবে তিনদিন। অংশ নিয়েছেন সারা বিশ্বের স্বাস্থ্য পরিচর্যা এবং ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা।
উদ্বোধনী অধিবেশনে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং সার ও রাসায়নিক দপ্তরের মন্ত্রী শ্রী জে পি নাড্ডা বলেন, এই মঞ্চটি ওষুধ উৎপাদন শিল্পে সারা বিশ্বের আঙিনায় ভারতের প্রাসঙ্গিকতাকে স্পষ্ট করে। সুলভে জেনেরিক ওষুধ তৈরির সুবাদে ভারত দীর্ঘদিন বিশ্বের ওষুধ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। বর্তমানে এই দেশ বায়োলজিক্স, বায়োসিমিলার এবং আরও নানা বিশেষ ধরনের ওষুধ তৈরির বড় কেন্দ্র হয়ে উঠতে চলেছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা মতো এ সংক্রান্ত গবেষণার প্রসারে সম্প্রতি বায়োফার্মা শক্তি উদ্যোগের সূচনা হয়েছে – বরাদ্দ হয়েছে ১০ হাজার কোটি টাকা।
চিকিৎসা-প্রযুক্তি এবং ওষুধ উৎপাদনের ক্ষেত্রে গবেষণার প্রসারে প্রোমোশন অফ রিসার্চ ইনোভেশন ইন ফার্মা মেডটেক (পিআরআইপি) প্রকল্প শিক্ষাজগৎ এবং শিল্প জগতের মধ্যে সমন্বয় ও অংশীদারিত্ব বৃদ্ধি করবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেছেন। উৎপাদন সংযুক্ত উৎসাহদান প্রকল্প সহ নানা কর্মসূচি দেশের অভ্যন্তরে ওষুধ উৎপাদন শিল্পকে আরও জোরদারে করে সংশ্লিষ্ট ক্ষেত্রে আত্মনির্ভরতার বিষয়টিকে নিশ্চিত করবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে ভাষণ দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল। তিনি বলেন, সারা বিশ্বেই বায়োলজিক্স এবং বায়োসিমিলারের চাহিদা বাড়ছে। ২০৩০ নাগাদ এর বাজার দাঁড়াবে প্রায় ৭৫ বিলিয়ন ডলার। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে গেলে নাইপার এবং আইআইটি-র মতো প্রতিষ্ঠানের মাধ্যমে মানবসম্পদ গড়ে তোলা জরুরি।
এই সমারোহে বক্তব্য রাখেন পেট্রোকেমিক্যাল দপ্তরের সচিব শ্রী মনোজ যোশী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সচিব শ্রীমতী পূণ্যসলিলা শ্রীবাস্তব, এফআইসিসিআই-এর শীর্ষস্থানীয় প্রতিনিধি শ্রী অর্জুন জুনেজা, শ্রী অচিন গুপ্ত প্রমুখ।
দু’দিনের এই সম্মেলন ও প্রদর্শনীতে নীতিগত কাঠামো নিয়ে মতবিনিময়, ওষুধ আবিষ্কারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সামগ্রিকভাবে জীব-বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের অগ্রগতি নিয়ে আলোচনা হচ্ছে।
SC/AC/DM
(রিলিজ আইডি: 2251553)
ভিজিটরের কাউন্টার : 11