উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জম্মু ও কাশ্মীরের যুব প্রতিনিধি দলের
প্রকাশিত:
09 APR 2026 7:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ এপ্রিল, ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রক আয়োজিত ‘বতন কো জানো’ কর্মসূচিতে অংশগ্রহণকারী জম্মু ও কাশ্মীরের ২৫০ সদস্যের একটি যুব প্রতিনিধিদল আজ নতুন দিল্লির উপ-রাষ্ট্রপতি ভবনে উপ-রাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেছে।
‘বতন কো জানো’ কর্মসূচিটি স্বরাষ্ট্র মন্ত্রক এবং জম্মু ও কাশ্মীর সরকারের একটি যৌথ উদ্যোগ। এর মূল লক্ষ্য, জম্মু ও কাশ্মীরের তরুণদের ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার সুযোগ করে দেওয়ার মাধ্যমে জাতীয় সংহতিকে শক্তিশালী করা।
প্রতিনিধিদলের উপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি বলেন, জম্মু ও কাশ্মীরের প্রাণবন্ত, প্রতিভাবান এবং দৃঢ়চেতা তরুণ মনের অধিকারী ব্যক্তিদের সাথে মতবিনিময় করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। গত মাসে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শ্রীনগরে তাঁর সফরের কথা স্মরণ করে বলেল যে, জম্মু ও কাশ্মীরে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যক্ষ করেছেন।
উপ-রাষ্ট্রপতি জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলের প্রথমবারের মতো রঞ্জি ট্রফি জয়ের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে নারীদের নেতৃত্ব এবং তরুণ ক্রিকেটারদের ক্রীড়ানৈপুণ্য অগ্রগতির প্রতিফলন, যার মাধ্যমে জম্মু ও কাশ্মীরের তরুণরা তাঁদের ভবিষ্যৎ গড়ে তুলছে।
‘ওয়াতান কো জানো’ কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে অভিন্ন জাতীয় পরিচয়, আত্মবিশ্বাস, সচেতনতা এবং উচ্চাকাঙ্ক্ষা গড়ে তোলে। এর পাশাপাশি, ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর চেতনাকেও আরও সুদৃঢ় করে।
জম্মু ও কাশ্মীরকে অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতি ক্ষেত্র হিসেবে বর্ণনা করে তিনি বলেন, একটি প্রধান বৈশ্বিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার বিপুল সম্ভাবনা জম্মু ও কাশ্মীরের রয়েছে। তিনি আরও বলেন যে, শিক্ষা, প্রযুক্তি, পর্যটন এবং উদ্যোগপতি তৈরির ক্ষেত্রে সুযোগ-সুবিধা যত প্রসারিত হবে, প্রতিটি তরুণের শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার কারিগর হয়ে ওঠার পথ প্রশস্ত হবে।
জম্মু ও কাশ্মীরের শিক্ষার্থীরা সিভিল সার্ভিস, আইআইটি এবং আইআইএম - এর প্রবেশিকা পরীক্ষাগুলিতে কৃতিত্বের পরিচয় দেওয়ায় উপ-রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার এবং তাদের সহপাঠীদেরও এ ব্যাপারে উৎসাহিত করার আহ্বান জানান।
এই সাক্ষাতের সময় কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং-ও উপস্থিত ছিলেন।
SC/AB/SB
(রিলিজ আইডি: 2250696)
ভিজিটরের কাউন্টার : 4