রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২১-২০২৫ সময়কালে ৫২,০০০-এরও বেশি গ্রেপ্তার এবং আদালতে ৫০,০০০-এরও বেশি অভিযোগ দায়েরের মাধ্যমে ভারতীয় রেল যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা জোরদার করেছে

প্রকাশিত: 26 MAR 2026 7:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬  মার্চ ২০২৬

 

রেলের সম্পত্তি রক্ষার দায়িত্ব রেল সুরক্ষা বাহিনী-আরপিএফ-এর। ১৯৬৬ সালের রেলের সম্পত্তি (অবৈধ দখল) আইন অনুযায়ী আরপিএফ রেলের সম্পত্তি চুরি, জালিয়াতি ও ষড়যন্ত্রের মামলা রুজু করার অধিকার প্রাপ্ত। অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত করা হয় এবং তারপর উপযুক্ত আদালতে অভিযোগ দাখিল করা হয়। 

গত ৫ বছরে (২০২১-২০২৫) এই আইনের আওতায় মোট ৫২,৪৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫০,৪৩২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। 

গত ৫ বছরে (২০২১-২০২৫) পাথর ছোঁড়ার মোট ১২,১৫৭টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে ৮৪৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত ৫ বছরে দুষ্কৃতীদের নাশকতামূলক কাজের জন্য ৩টি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই ঘটনাগুলি ঘটেছে পূর্ব উপকূল রেলের ওয়াল্টেয়ার বিভাগে, উত্তর মধ্য রেলের ঝাঁসি বিভাগের এবং দক্ষিণ রেলের চেন্নাই বিভাগে। 

অপরাধমূলক ঘটনা প্রতিরোধের লক্ষ্যে রেল কর্তৃপক্ষ যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা হল-

    রাজ্যস্তরে নিয়মিতভাবে রেলের নিরাপত্তা কমিটির বৈঠক আয়োজিত হচ্ছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের মহানির্দেশক/পুলিশ কমিশনার। প্রতিটি স্তরে রেল সুরক্ষা বাহিনী রাজ্য পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বর রেখে চলে। 

    কেন্দ্রীয় ও রাজ্য গোয়ন্দা সংস্থাগুলি ছাড়াও আরপিএফ-এর গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইবি ও এসআইবি-কে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজে লাগানো হয়। 

    চিহ্নিত বিপজ্জনক এলাকা ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিতে আরপিএফ, জিআরপি ও পুলিশ নিয়মিতভাবে টহল দেয়। 

    রেললাইনের কাছে পড়ে থাকা সামগ্রী দ্রুত সরানোর জন্য নিয়মিতভাবে অভিযান চালানো হয়। 

    রেললাইনের কাছে যাঁরা বসবাস করেন, তাঁরা যাতে কোনও জিনিসপত্র রেললাইনে না ফেলেন, রেলের যন্ত্রাংশ না সরান, রেল লাইনে রিল তৈরি না করেন এইসব বিষয়ে তাঁদের বোঝানো হয়। সন্দেহজনক কোনওকিছু দেখলে তা অবিলম্বে রেল কর্তৃপক্ষকে জানানোর অনুরোধও করা হয়। 

    ড্রোন এবং সৌরশক্তি চালিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়। 

লোকসভায় বুধবার এক প্রশ্নের জবাবে রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য জানিয়েছেন। 

 

SC/SD/NS


(রিলিজ আইডি: 2245921) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu