নির্বাচনকমিশন
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখল নির্বাচন কমিশন
প্রকাশিত:
09 MAR 2026 6:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ মার্চ, ২০২৬
১. কলকাতায় আজ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং নির্বাচন কমিশনার ডঃ বিবেক যোশী।
২. পর্যালোচনার জন্য রাজ্য সফরে এসে কমিশনের ফুল বেঞ্চ আম আদমি পার্টি, ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসিস্ট), ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও ন্যাশনাল পিপলস পার্টির মতো জাতীয় স্তরের স্বীকৃত রাজনৈতিক দল এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মতো রাজ্যস্তরের স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পরামর্শও চান।
৩. বেশির ভাগ রাজনৈতিক দলই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া পরিচালনায় কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে।
৪. আগামী নির্বাচনে ভোটারদের যাতে কোনওভাবেই কোনও পক্ষ ভীতি প্রদর্শন না করতে পারে তা নিশ্চিত করায় কমিশনকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করানোর জন্য নির্বাচন কমিশনের প্রতি আবেদনও রাখে তারা।
৫. প্রতিটি ভোটার যাতে সুরক্ষিত থাকেন এবং নির্বাচনের সময় যাতে হিংসা মাথা চাড়া না দেয়, তা নিশ্চিত করতে পর্যাপ্ত মাত্রায় সিএপিএফ মোতায়েনেরও আর্জি জানিয়েছে রাজনৈতিক দলগুলি। তাদের আশঙ্কা কয়েকটি পক্ষ নির্বাচনের সময় বোমা, বেআইনি আগ্নেয়াস্ত্র, টাকা ও পেশী শক্তি ব্যবহার করে পরিস্থিতি অশান্ত করে তোলার চেষ্টা করতে পারে।
৬. এক কিংবা দুদফায় নির্বাচন করানোর পক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলি।
৭. মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার রাজনৈতিক দলগুলিকে আশ্বস্ত করে বলেন যে ভারতে নির্বাচন প্রক্রিয়া আইনানুগ পদ্ধতিতেই সম্পন্ন হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গে নিরপেক্ষ স্বচ্ছ ও অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করায় চেষ্টার কোনও ত্রুটি থাকবে না।
৮. মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার বলেন হিংসা, ভোটদাতাদের কিংবা ভোট কর্মীদের ভয় দেখানো কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।
৯. অবাধ ও হিংসা মুক্ত ভোটগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে কমিশনকে সবধরণের সহায়তার আশ্বাস দিয়েছে রাজনৈতিক দলগুলি।
১০. মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার আবারও জানিয়ে দেন যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেই সম্পন্ন করা হচ্ছে। এসআইআরের লক্ষ্য হল ভোটার তালিকা থেকে একজন বৈধ ভোটারও যাতে বাদ না পড়েন এবং ভোটার তালিকায় অবৈধ একজন ভোটারও যাতে না থাকেন তা নিশ্চিত করা। তিনি আরও বলেন, নাম অন্তর্ভুক্ত করা, নাম বাদ দেওয়া কিংবা তথ্য পরিবর্তনের জন্য এখনও ফর্ম ৬/৭/৮ পূরণ করা যেতে পারে।
১১. এরপর কমিশন বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রধান, রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, ডিভিশনাল কমিশনার ও অন্য উচ্চ পদস্থ আধিকারিকদের পাশাপাশি ডিইওদের সঙ্গেও কথা বলেন। সেখানে নির্বাচন সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা, ইভিএম ব্যবস্থাপনা, লজিস্টিক্স, ভোট কর্মীদের প্রশিক্ষণ, নিষিদ্ধ পণ্য বাজেয়াপ্ত করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের মধ্যে সচেনতার প্রসার নিয়ে আলোচনা হয়।
১২. আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ পদাধিকারীদের সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে এবং কোনও রকম বেনিয়ম বরদাস্ত না করতে নির্দেশ দিয়েছে কমিশন।
১৩. কমিশন ডিইওদের নির্দেশ দিয়েছে, যাতে ভোট কেন্দ্রে ভোটারদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা মজুত থাকে – যেমন ভিন্নভাবে সক্ষমদের ঢালু প্রবেশ ও প্রস্থান পথ, হুইল চেয়ার, সকলের জন্য পানীয় জল ইত্যাদি।
SC/ AC/SG
(রিলিজ আইডি: 2237405)
ভিজিটরের কাউন্টার : 31