প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১১ মার্চ কেরালা ও তামিলনাড়ু সফর করবেন
প্রকাশিত:
09 MAR 2026 8:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ মার্চ কেরালা এবং তামিলনাড়ু সফর করবেন। প্রধানমন্ত্রী কেরালার এর্নাকুলামে দুপুর ১:৩০ মিনিটে, প্রায় ১০,৮০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর বিকেল ৫:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেও ভাষণ দেবেন।
এর্নাকুলামে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এর কোচির শোধনাগারে পলিপ্রোপিলিন ইউনিটের শিলান্যাস করবেন। এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ৫,৫০০ কোটি টাকারও বেশি। প্রস্তাবিত পলিপ্রোপিলিন ইউনিটের ক্ষমতা বার্ষিক ৪০০ কিলো টন। প্যাকেজিং, স্বয়ংক্রিয় উপাদান, চিকিৎসা সরঞ্জাম, বস্ত্র শিল্প এবং গৃহস্থালী পণ্যে পলিপ্রোপিলিন একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত হয়। এর ফলে ভারতের অভ্যন্তরে পলিমার উৎপাদন ক্ষমতা শক্তিশালী হবে, আমদানি নির্ভরতা হ্রাস পাবে, শিল্প উন্নয়নে সহায়ক হবে এবং এই অঞ্চলে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রী সড়ক পরিকাঠামো ক্ষেত্রে, দুটি প্রধান মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করবেন। ২,৬৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ৬৬ নম্বর জাতীয় সড়কের থালাপাড়ি-চেঙ্গালা অংশে ছয় লেনের রাস্তা নির্মাণ করা হয়েছে। এর ফলে মুম্বাই-কন্যাকুমারী অর্থনৈতিক করিডোর এবং কাসারগোড় ও কান্নুর জেলা এবং ম্যাঙ্গালোর ও মুঝাপিলাঙ্গড় সহ পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হবে। কাসারগোড়, বেকাল, পায়্যান্নুর এবং কান্নুরের মতো গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগব্যবস্থা উন্নত হবে, আজিকল বন্দরের সঙ্গেও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, ফলস্বরূপ ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসার ঘটবে।
দ্বিতীয় প্রকল্পটি হল প্রায় ₹২,১৪০ কোটি টাকা ব্যয়ে ভেঙ্গালাম থেকে রামানাত্তুকারা পর্যন্ত ছয় লেনের কোঝিকোড় বাইপাস। এই প্রকল্পটি বর্তমান অবিভক্ত দুই লেনের রাস্তার দুই পাশে পরিষেবার সম্প্রসারণ সহ ছয় লেনের মহাসড়কে উন্নীত করবে। এর ফলে যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যান চলাচল ক্ষমতা এবং সড়ক নিরাপত্তা বাড়বে। আগে এই রাস্তা দিয়ে যেতে এক ঘন্টারও বেশি সময় লাগত। এখন তা প্রায় কমে ১৫ থেকে ২০ মিনিটে হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি কোঝিকোড় সমুদ্র সৈকত, বেপোর বন্দর এবং কাপ্পাড় সমুদ্র সৈকতের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে, ফল স্বরূপ এই অঞ্চলে পর্যটনশিল্প এবং ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটবে।
প্রধানমন্ত্রী কেরালায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে নির্মিত ২৩টি গ্রামীণ রাস্তার উদ্বোধনও করবেন। এই রাস্তাগুলি প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। এর ফলে উৎপাদিত পণ্যের বাজার বৃদ্ধি পাবে, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে। আগামী দিনে গ্রামাঞ্চলে আরও কর্ম সংস্থান সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত শোরানুর জংশন, কুট্টিপুরম এবং চাঙ্গানাসেরি রেল স্টেশন তিনটি উদ্বোধন করবেন। এই স্টেশনগুলিতে উন্নত যাত্রী সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থাপনাকে উন্নত করা হয়েছে। স্টেশনগুলির সংস্কারের সময় স্থাপত্য সংক্রান্ত স্থানীয় উপাদানগুলিকে ব্যবহার করা হয়েছে। এর ফলে যাত্রীরা আধুনিক ও সুরক্ষিত পরিষেবা পাবেন।
শ্রী মোদী শোরানুর-নিলাম্বুর রোড শাখার বিদ্যুতায়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। গুরুত্বপূর্ণ এই রেল বিভাগের বিদ্যুতায়নের ফলে শোরানুরে ইঞ্জিন বদলাতে হবেনা, সুস্থায়ী ও দক্ষভাবে ট্রেন চালানো সম্ভব হবে। প্রধানমন্ত্রী পালাক্কাড় এবং পোল্লাচির মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবারও উদ্বোধন করবেন, এর ফলে কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হবে। এই পরিষেবা দুই রাজ্যের মধ্যে চলাচলকারী নিত্য যাত্রী, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য সহায়ক হবে।
প্রধানমন্ত্রী কেরালার কোল্লাম জেলার পশ্চিম কাল্লাড়ে ৫০ মেগাওয়াট ভাসমান সৌর প্রকল্পের শিলান্যাস করবেন। ভারতের পরিবেশবান্ধব জ্বালানী উৎপাদনে যে লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে সুস্থায়ীভাবে কম কার্বন নিঃসরণে ভবিষ্যতের প্রতি দেশের অঙ্গীকার আরও শক্তিশালী হবে।
তিরুচিরাপল্লীতে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস পরিকাঠামো, লুব্রিক্যান্ট উৎপাদন, গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, সড়ক ও রেল পরিষেবার সঙ্গে এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট।
প্রধানমন্ত্রী নীলগিরি ও এরোড জেলায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের শহরাঞ্চলে গ্যাস পরিষেবার একটি নেটওয়ার্কের শিলান্যাস করবেন। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩,৬৮০ কোটি টাকা। এর ফলে, ৮ লক্ষ ৮০ হাজার বাড়িতে এবং ২০০টি বাণিজ্যিক সংস্থায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে সুবিধা হবে। পাশাপাশি, ২০১টি সিএনজি কেন্দ্র গড়ে তোলা যাবে।
শ্রী মোদী চেন্নাইয়ের মানালিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের লুব ব্লেন্ডিং প্ল্যান্টটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এখান থেকে প্রতি বছর ৬ লক্ষ ৭২ হাজার মেট্রিক টন লুব্রিক্যান্ট উৎপন্ন হবে। এই প্রকল্পটি নির্মাণে ব্যয় হয়েছে ১,৪৯০ কোটি টাকা। এই প্রকল্প ভারতে লুব্রিক্যান্ট উৎপাদনের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় তামিলনাড়ুতে ৮৯টি সড়ক প্রকল্পের উদ্বোধনও করবেন শ্রী মোদী। পুরো প্রকল্পটির দৈর্ঘ্য ৩৭০ কিলোমিটার। এর ফলে গ্রামাঞ্চলে বাজার, স্কুল এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে। প্রধানমন্ত্রী ৮১ নং জাতীয় সড়কের চোলাপুরমে গঙ্গাইকোন্ডার কাছে গ্রিনফিল্ড বাইপাসের শিলান্যাসও করবেন।
শ্রী মোদী তামিলনাড়ুর সঙ্গে তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা এবং পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন, দুটি এক্সপ্রেস ট্রেন এবং একটি প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার সূচনা করবেন। এর ফলে, সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনীতির উন্নয়ন হবে ও যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2237375)
ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন:
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada