রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি জামসেদপুরে শ্রী জগন্নাথ মন্দিরের ভূমিপূজা অনুষ্ঠানে অংশ নিলেন
প্রকাশিত:
26 FEB 2026 3:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) ঝাড়খণ্ডের জামসেদপুরে শ্রী জগন্নাথ মন্দিরের ভূমিপূজা অনুষ্ঠানে অংশ নিলেন। এই অনুষ্ঠানের আয়োজক জামসেদপুরের শ্রী জগন্নাথ স্পিরিচ্যুয়াল অ্যান্ড কালচারাল চ্যারিটেবল সেন্টার ট্রাস্ট।
অনুষ্ঠানের ভাষণে রাষ্ট্রপতি বলেন, মহাপ্রভু জগন্নাথ সমগ্র জগতের প্রভূ। তাঁর আশীর্বাদ কোনো বৈষম্য ছাড়াই সকল মানুষের উপর বর্ষিত হয়।
রাষ্ট্রপতি বলেন, কোলহন অঞ্চল প্রাণবন্ত জনজাতি ঐতিহ্যের সঙ্গে দেশের অন্যান্য আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গমের এক সুন্দর উদাহরণ। এই অঞ্চলের মানুষ শতাব্দী প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করেন। এই সামাজিক সম্প্রীতি মহাপ্রভু জগন্নাথের পুজোর এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
রাষ্ট্রপতি বলেন, সারা বিশ্বে যুদ্ধ এবং সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, যা তাঁর কাছে উদ্বেগের এবং দুঃখের। একই সময়ে মহাপ্রভু জগন্নাথের প্রতি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভক্তি এবং ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি সম্মান বিশ্বজুড়ে বেড়ে চলেছে। ভক্তি এবং আধ্যাত্মিকতার প্রতি মানুষের ঝোঁক এই বিশ্বাসকে আরও জোরালো করে যে মহাপ্রভূ জগন্নাথ সারা বিশ্বের মানব সমাজকে রক্ষা করবেন এবং তাঁদের সুখ নিশ্চিত করবেন।
রাষ্ট্রপতি বলেন, আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যে সবচেয়ে জোর দেওয়া হয় সকল প্রাণী, গাছপালার জন্য ভালোবাসা এবং সহমর্মিতার উপর। এছাড়া দয়াদাক্ষিণ্যকে মনে করা হয় সবচেয়ে বড় গুণ। তিনি আনন্দের সঙ্গে উল্লেখ করেন যে শ্রী জগন্নাথ স্পিরিচ্যুয়াল অ্যান্ড কালচারাল চ্যারিটেবল সেন্টার ট্রাস্ট সমাজের অপেক্ষাকৃত অনগ্রসরশ্রেণীর সন্তানদের শিক্ষাদানে কাজ করছে। তিনি যেসমস্ত পরিবার আর্থিকভাবে পিছিয়ে তাঁদের ছেলে-মেয়েদের শিক্ষায় সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন। তিনি সেইসব ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করারও পরামর্শ দেন।
শ্রী জগন্নাথ স্পিরিচ্যুয়াল অ্যান্ড কালচারাল চ্যারিটেবল সেন্টার ট্রাস্ট শ্রীমৎ-ভগবদ-গীতা পঠনপাঠনের জন্য আবাসিক শিক্ষণ কর্মসূচির আয়োজন করতে চলেছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই প্রয়াস তরুণ প্রজন্মের আধ্যাত্মিক জাগরণ, চরিত্র গঠন এবং ব্যক্তিত্ব নির্মাণে অমূল্য অবদান রাখবে।
রাষ্ট্রপতির ভাষণ দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/feb/doc2026226805801.pdf
SC/AP/SKD
(রিলিজ আইডি: 2233267)
ভিজিটরের কাউন্টার : 7