কেন্দ্রীয়মন্ত্রিসভা
“কেরালা” রাজ্যের নাম পরিবর্তন করে “কেরালাম” করার প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
প্রকাশিত:
24 FEB 2026 3:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ “কেরালা” রাজ্যের নাম পরিবর্তন করে “কেরালাম” করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
এই অনুমোদনের পর রাষ্ট্রপতি সংবিধানের ৩ নম্বর ধারার সংস্থান অনুসারে মতামত প্রকাশের জন্য কেরালা (নাম পরিবর্তন) বিল, ২০২৬ শীর্ষক একটি বিল কেরালা বিধানসভায় পাঠাবেন। কেরালা বিধানসভা মতামত গ্রহণের পর ভারত সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। রাজ্যের নাম পরিবর্তনের জন্য এই বিলটি সংসদে পেশ করার জন্য রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হবে।
কেরালা বিধানসভা ২৪.০৬.২০২৪ তারিখে রাজ্যের নাম “কেরালা” থেকে “কেরালাম” করার জন্য একটি প্রস্তাব গ্রহণ করেছিল। সেই প্রস্তাবে বলা হয়েছিল :
মালয়লম ভাষায় আমাদের রাজ্যের নাম “কেরালাম”। ১৯৫৬ সালের ১ নভেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয়। কেরালা পিরাভি দিবসও ১ নভেম্বর। স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই মালয়লম ভাষাভাষি মানুষের জন্য সংযুক্ত কেরালা গঠনে জোরদার দাবি উঠে আসছে। কিন্তু সংবিধানের প্রথম তফশিলে আমাদের রাজ্যের নাম “কেরালা” হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানের ৩ নম্বর ধারা অনুসারে রাজ্যের নাম পরিবর্তন করে “কেরালাম” করার জন্য জরুরি পদক্ষেপ নিতে এই বিধানসভা সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছে।
এরপর কেরালা সরকার সংবিধানের ৩ নম্বর ধারা অনুসারে প্রথম তফশিলে প্রয়োজনীয় পরিবর্তন করতে পদক্ষেপ নেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ জানায়।
নাম পরিবর্তনের এই প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রকেও বিবেচনা করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ অনুমোদন অনুসারে নাম পরিবর্তনের খসড়া নোট কেন্দ্রীয় মন্ত্রিসভার পাশাপাশি আইন ও বিচার মন্ত্রকেও পাঠানো হয়। আইন ও বিচার মন্ত্রক নাম পরিবর্তনের প্রস্তাবে সহমত পোষণ করেছে।
SC / SD /AG
(রিলিজ আইডি: 2232435)
ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন:
Punjabi
,
Assamese
,
Telugu
,
Manipuri
,
Odia
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Gujarati
,
Tamil
,
Malayalam