প্রধানমন্ত্রীরদপ্তর
দিল্লিতে এআই ইমপ্যাক্ট শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
16 FEB 2026 10:27AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এআই ইমপ্যাক্ট শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দ, কৃত্রিম মেধাশিল্পের সঙ্গে যুক্ত উদ্ভাবক, নীতি-নির্ধারক এবং গবেষকদের স্বাগত জানিয়েছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ থেকে ‘এআই ইমপ্যাক্ট সামিট’ শুরু হয়েছে।
এবারের শীর্ষ সম্মেলনের মূল ভাবনা – “সর্বজন হিতায়, সর্বজন সুখায়”। অর্থাৎ, সকলের কল্যাণ এবং সুখ নিশ্চিত করা। এর মধ্য দিয়ে কৃত্রিম মেধার মাধ্যমে মানবমুখী ব্যবস্থাপনা গ্রহণ ও সর্বাঙ্গীণ উন্নয়নের ক্ষেত্রে ভারতের অঙ্গীকার প্রতিফলিত হয়।
প্রধানমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষি, প্রশাসন এবং শিল্পোদ্যোগের মতো বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধা পরিবর্তনশীল ভূমিকা গ্রহণ করবে। এই সম্মেলনে আলোচনার ফলে বিশ্বজুড়ে কৃত্রিম মেধার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবন, বিভিন্ন শিল্প গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগ এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
শ্রী মোদী বলেছেন, কৃত্রিম মেধার মাধ্যমে বিশ্বজুড়ে যে পরিবর্তন সাধিত হচ্ছে, ভারত সেই পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছে। এ দেশের ১৪০ কোটি জনগণ, বৃহৎ ডিজিটাল সরকারি পরিকাঠামো, প্রাণবন্ত স্টার্ট-আপ ব্যবস্থাপনা এবং উন্নতমানের গবেষণার কারণে ভারতের পক্ষে নেতৃত্ব দেওয়া সহজ হচ্ছে। শ্রী মোদী আরও জোর দিয়ে বলেন, কৃত্রিম মেধার বিষয়ে ভারতের গুরুত্ব আরোপ করার মধ্য দিয়ে এ দেশের উচ্চাকাঙ্ক্ষা এবং দায়বদ্ধতা দুটিই প্রতিফলিত হচ্ছে। এর ফলে, প্রযুক্তি ক্ষেত্রে দেশ সামনের সারিতে স্থান করে নিয়েছে।
সামাজিক মাধ্যমে এক্স-এ এক বার্তায় শ্রী মোদী লিখেছেন :
“কৃত্রিম মেধা নিয়ে আলোচনার জন্য আজ সারা বিশ্ব একত্রিত হয়েছে!
দিল্লিতে ভারত মণ্ডপমে আজ থেকে শুরু হল এআই ইমপ্যাক্ট সামিট। ভারত এই সম্মেলনের আয়োজন করেছে। এআই ইমপ্যাক্ট শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দ, কৃত্রিম মেধাশিল্পের সঙ্গে যুক্ত উদ্ভাবক, নীতি-নির্ধারক এবং গবেষকদের স্বাগত জানাই। এই শীর্ষ সম্মেলনের মূল ভাবনা – “সর্বজন হিতায়, সর্বজন সুখায়”। অর্থাৎ, সকলের কল্যাণ এবং সুখ নিশ্চিত করা। এর মধ্য দিয়ে কৃত্রিম মেধার মাধ্যমে মানবমুখী ব্যবস্থাপনা গ্রহণ ও সর্বাঙ্গীণ উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়।”
“স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষি, প্রশাসন এবং শিল্পোদ্যোগের মতো বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সময়কালে কৃত্রিম মেধা পরিবর্তনশীল ভূমিকা গ্রহণ করবে। এই সম্মেলনের আলোচনার ফলে বিশ্বজুড়ে কৃত্রিম মেধার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবন, বিভিন্ন শিল্প গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগ এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে বলে আমি মনে করি।
কৃত্রিম মেধার মাধ্যমে বিশ্বজুড়ে যে পরিবর্তন সাধিত হচ্ছে, ভারত সেই পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছে। এ দেশের ১৪০ কোটি জনগণ, বৃহৎ ডিজিটাল সরকারি পরিকাঠামো, প্রাণবন্ত স্টার্ট-আপ ব্যবস্থাপনা এবং উন্নতমানের গবেষণার কারণে ভারতের পক্ষে নেতৃত্ব দেওয়া সহজ হচ্ছে। কৃত্রিম মেধার বিষয়ে ভারতের গুরুত্ব আরোপ করার মধ্য দিয়ে এ দেশের উচ্চাকাঙ্ক্ষা এবং দায়বদ্ধতা দুটিই প্রতিফলিত হচ্ছে।”
SC/CB/DM...
(রিলিজ আইডি: 2228606)
ভিজিটরের কাউন্টার : 13
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam