শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

জার্মানির BIOFACH 2026-এ ভারতকে বর্ষসেরা দেশ হিসেবে মনোনীত করা হয়েছে

প্রকাশিত: 10 FEB 2026 11:58AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

জৈব পণ্যের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্য মেলা BIOFACH 2026-এ ভারতকে বছরের সেরা দেশ হিসেবে মনোনীত করা হয়েছে। এই মেলা ১০-১৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত জার্মানির নুরেমবার্গে অনুষ্ঠিত হবে।

ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (APEDA) BIOFACH 2026-তে ভারতের অংশগ্রহণের আয়োজন করছে। ভারতের অংশগ্রহণ দেশের সমৃদ্ধ কৃষি ঐতিহ্য এবং জৈব পণ্যের এক প্রধান বিশ্বব্যাপী সরবরাহকারী হিসাবে এর শক্তিকে তুলে ধরবে।

BIOFACH জার্মানি হল জৈব খাদ্য এবং কৃষি সংক্রান্ত বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী প্রদর্শনী। APEDA এক দশকেরও বেশি সময় ধরে BIOFACH-এ অংশগ্রহণ করে আসছে, ধারাবাহিকভাবে তারা এই অনুষ্ঠানে তাদের নৈপুন্যের স্বাক্ষর রেখেছে।

 BIOFACH 2026-এ ভারতের অংশগ্রহণ পূর্ববর্তী বছরগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ভারতীয় জৈব পণ্য রপ্তানির ক্রমবৃদ্ধি, জৈব পণ্যের বর্ধিত বিশ্বব্যাপী চাহিদা এবং রপ্তানিকারক, অ্যাসোসিয়েশন ও কৃষক উৎপাদক সংগঠনগুলির (FPO) এর ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রতিফলন।

১৪ বছর পর, ভারতের জৈব কৃষি ক্ষেত্র আবারও BIOFACH 2026-এর কেন্দ্রস্থলে স্থান পেতে চলেছে।

APEDA-এর তৈরি ইন্ডিয়া কান্ট্রি প্যাভিলিয়নটি ১,০৭৪ বর্গমিটার এলাকা জুড়ে গড়ে উঠবে এবং এতে জৈব পণ্যের রপ্তানিকারক, কৃষক উৎপাদক সংগঠন (FPO), সমবায়, জৈব পরীক্ষাগার, রাজ্য সরকারি সংস্থা এবং পণ্য বোর্ড সহ ৬৭ জন সহ-প্রদর্শক উপস্থিত থাকবেন। প্যাভিলিয়নে চাল, তৈলবীজ, ভেষজ, মশলা, ডাল, কাজু, আদা, হলুদ, বড় এলাচ, দারুচিনি, আমের আচার এবং ভোজ্য তেলের মতো জৈব পণ্য প্রদর্শিত হবে।

২০টিরও বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রদর্শকরা ভারতের প্যাভিলিয়নে অংশগ্রহণ করছেন, এর মধ্য দিয়ে দেশের বিশাল কৃষি ও আঞ্চলিক বৈচিত্র্যের প্রতিফলন ঘটেছে। অংশগ্রহণকারী রাজ্যগুলির মধ্যে রয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, দিল্লি, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, কেরালা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, অরুণাচল প্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ড। 

পণ্য প্রদর্শনের পাশাপাশি, ইন্ডিয়া প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভারতীয় জৈব পণ্যের স্বাদ এবং সুগন্ধ প্রদর্শন করে খাবারের স্বাদ গ্রহণের সুযোগ দেওয়া হবে। প্রিমিয়াম জৈব বাসমতি চাল এবং মশলা ব্যবহার করে প্রস্তুত সুগন্ধি বিরিয়ানির লাইভ নমুনার আয়োজন করা হবে। এছাড়াও, ভারতের ঐতিহ্যবাহী চালের জাতগুলি তুলে ধরার জন্য পাঁচটি জিআই-ট্যাগযুক্ত চালের জাত, ইন্দ্রায়ণী চাল, নবরা চাল, গোবিন্দভোগ চাল, লাল চাল এবং চাক হাও (কালো চাল) দর্শনার্থীদের পরিবেশন করা হবে।

 BIOFACH 2026-এ ভারত বর্ষসেরা দেশ হিসেবে মনোনীত হওয়ায় APEDA, নুরেমবার্গ মেসে প্রদর্শনী কেন্দ্রের বিভিন্ন জায়গায় ব্যাপক ব্র্যান্ডিং এবং প্রচারমূলক কার্যক্রমেরও আয়োজন করেছে।

সারা বিশ্ব ক্রমশই সুস্থিত ও পরিবেশগতভাবে দায়িত্বশীল জীবনযাত্রার দিকে ঝুঁকছে। BIOFACH 2026-এ বর্ষসেরা দেশ হিসেবে ভারতের অংশগ্রহণ জৈব কৃষি ক্ষেত্রের বিশ্বব্যাপী নেতা হিসাবে তার অবস্থানকে আরও শক্তিশালী করবে। ভারত আন্তর্জাতিক মানের উপযোগী সুস্থিত জৈব পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।

APEDA ভারতের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো এবং বিশ্বের জৈব খাদ্য ঝুড়ি হিসাবে ভারতের অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে সুনির্দিষ্ট উদ্যোগের মাধ্যমে ভারতীয় রপ্তানিকারকদের সমর্থন করে চলেছে।


SC/SD/SKD


(রিলিজ আইডি: 2225789) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Punjabi , Malayalam