রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গে প্রধান রেল পরিকাঠামোর প্রসার

প্রকাশিত: 08 FEB 2026 7:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

কেন্দ্রীয় রেল, তথ্য-সম্প্রচার, ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আজ সিউড়ি রেল-সড়ক সেতুর উদ্বোধন করেছেন। সেইসঙ্গে তিনি কুমারপুর রেল-সড়ক সেতু রাষ্ট্রের উদ্দেশে উৎসর্গ করেছেন। নতুন আসানসোল-বোকারো ট্রেন পরিষেবারও সূচনা করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, রেল পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা প্রসার এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সংলগ্ন এলাকার আঞ্চলিক যোগাযোগ এতে উন্নত হবে। এ বছর পশ্চিমবঙ্গের জন্য রেলে রেকর্ড সংখ্যক ১৪,২০৫ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে যা ২০০৯-১৪ সময়কালের থেকে তিনগুণেরও বেশি। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে ৯২ হাজার কোটি টাকার রেল পরিকাঠামোর কাজ এগিয়ে চলেছে যা রাজ্যে পরিকাঠামোগত রূপান্তরে এক সদর্থক ভূমিকা নেবে।

শ্রী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে এক ডজনেরও বেশি নতুন রেলের যাত্রার সূচনা করেছেন। বন্দে ভারত স্লিপার ট্রেন পশ্চিমবঙ্গেই প্রথম চালু হয়েছে, যা এই এলাকার জন্য প্রধানমন্ত্রীর পূর্বোদয় দিশার সাক্ষ্য বহন করে।

শ্রী বৈষ্ণব আরও বলেন, এ বছরের রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বুলেট ট্রেনের উল্লেখ রয়েছে, যার সূচনা হবে শিলিগুড়ি থেকে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী পূর্ব-পশ্চিম পণ্য করিডর অনুমোদন করেছেন যা গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গকে একসূত্রে বাঁধবে। উত্তরবঙ্গের চিকেন নেক-এ ভূগর্ভস্থ রেল করিডর নির্মাণের উদ্যোগও হাতে নেওয়া হচ্ছে, যা নিরাপদ এবং সুরক্ষিত পরিবহণ ব্যবস্থার এক কৌশলগত উদ্যোগ। 

নব-নির্মিত সিউড়ি রেল-সড়ক সেতু ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। লেবেল ক্রসিং-এর দুর্ঘটনা এড়াতে এবং চলাচলের স্বাচ্ছন্দ্য বিধানে এই সেতু নির্মাণ করা হয়েছে।


SC/AB/DM


(রিলিজ আইডি: 2225362) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Odia