স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

আমেদাবাদে বিশ্ব উমিয়া ফাউন্ডেশন আয়োজিত “যুব বিজনেস মহা সম্মেলন- ২০২৫” -এ ভাষণ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ

প্রকাশিত: 28 DEC 2025 9:14PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ ডিসেম্বর, ২০২৫

 


আমেদাবাদে বিশ্ব উমিয়া ফাউন্ডেশন আয়োজিত “যুব বিজনেস মহা সম্মেলন- ২০২৫” -এ ভাষণ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল সহ বিশিষ্ট জনেরা।

এই সমারোহে প্রায় ১৫ হাজার যুবা যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, এদিন চালু হওয়া বিশ্ব উমিয়া ফাউন্ডেশনের অ্যাপ পতিদর গোষ্ঠীর তরুণ তরুণীদের বাণিজ্যিক উদ্যোগের বিষয়ে বিশেষভাবে সাহায্য করবে। গুজরাট সরকারের তরফ থেকে এটা একটা বড় পদক্ষেপ এবং তার মধ্যে পেশাদারিত্বের ছোঁয়া রয়েছে। আজকের দুনিয়ায় উপযুক্ত তথ্যের সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করিয়ে দেন।

মাতা উমিয়ার মন্দির তৃণমূল স্তরে সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেওয়ায় বড় ভূমিকা পালন করে চলেছে বলে তিনি মন্তব্য করেন। ২০১৬-র ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত উমিয়া ফাউন্ডেশনের কর্ম পরিধি শিক্ষার বিস্তার, পরিবেশ সংরক্ষণ প্রভৃতি বিষয়ে নিজেদের কর্মপরিধি গুজরাটের বাইরেও প্রসারিত করেছে এবং পরিবেশ বান্ধব উন্নয়নের দিশায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মনে করেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৪ থেকে ২০২৫ সময়কালে অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে এই দেশ অনেক দূর এগিয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র মন্ত্রী। এই সময়ে ভারত বিশ্বের অর্থনৈতিক শক্তির তালিকায় ১১ থেকে ৪ নম্বরে উঠে এসেছে এবং ২০২৭ নাগাদ ৩ নম্বরে পৌঁছে যাব বলে তিনি আশাবাদী।

দেশে যুব শক্তির বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ প্রসঙ্গে তিনি স্টার্টআপ ইন্ডিয়া, স্ট্যান্ডআপ ইন্ডিয়া, মুদ্রা যোজনা প্রভৃতি কর্মকাণ্ডের উল্লেখ করেন। দেশে স্টার্টআপের সংখ্যা ৫০০ থেকে ২.০৬ লক্ষে পৌঁছেছে এবং এইসব সংস্থায় স্থায়ী ভিত্তিতে ১৮ লক্ষ কর্মী নিযুক্ত বলে পরিসংখ্যান পেশ করেন তিনি। ইউনিকর্নের সংখ্যাও মাত্র ৪ থেকে ১১ বছরে ১২০ –তে পৌঁছেছে বলে তিনি জানান।

২০৪৭-এ স্বাধীনতার শতবর্ষের সময় ভারতকে বিশ্বের আঙিনায় প্রথম স্থানে নিয়ে যেতে আত্মনির্ভরতা এবং স্বদেশীর মন্ত্র আবশ্যিক শর্ত বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আরও একবার মনে করিয়ে দিয়েছেন।


SC/AC/SG


(রিলিজ আইডি: 2209414) ভিজিটরের কাউন্টার : 35
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Odia