মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
মৎস্যজীবীদের প্রতি আবহাওয়ার পূর্বাভাস
प्रविष्टि तिथि:
12 DEC 2023 1:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ ডিসেম্বর, ২০২৩
সমুদ্র সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সতর্কবার্তা মৎস্যজীবীদের কাছে পৌঁছে দিতে আইএনসিওআইএস ভারতের বিভিন্ন উপকূলবর্তী রাজ্য ও গ্রামস্তরে কর্মশালার আয়োজন করেছে। অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম, গুজরাতের ভিরাবল, মহারাষ্ট্রের মুম্বই, পশ্চিমবঙ্গের দিঘা এবং তামিলনাড়ুর চেন্নাইয়ে এ বছরের জুলাই-অগাস্টে এ ধরনের প্রচার কর্মসূচি চালানো হয়। বিভিন্ন রাজ্যের মৎস্য দপ্তর, স্বেচ্ছাসেবী সংস্থা, মৎস্যজীবীদের সংগঠন প্রভৃতির সঙ্গে যৌথভাবে এই প্রচারাভিযান চালানো হয়। এই প্রচারাভিযানের উদ্দেশ্য হল, ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের জীবন-জীবিকার প্রয়োজনে তাঁদের কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া। প্রতিটি প্রচার কর্মসূচিতে ২০০-৮০০ জনের মত মৎস্যজীবী অংশ নিয়েছিলেন। জানুয়ারি – মার্চে কেরলের নিন্ডাকারা, চেট্টুবা, মুনামবাম, মহারাষ্ট্রের মুরাদ, পুদুচেরির কারাইকল এবং তামিলনাড়ুর তুতিকোরিন, পুমপুহার, কীলাকড়াইয়ে গ্রামস্তরে ৮টি কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞানসম্মত উপায়ে সমুদ্র সংক্রান্ত বিভিন্ন তথ্য যাতে নির্ভুলভাবে পাওয়া যায়, সে ব্যাপারে বেশকিছু পদক্ষেপ নিয়েছে আইএনসিওআইএস। সামুদ্রিক পূর্বাভাসের ক্ষেত্রে ঢেউয়ের উচ্চতা, সমুদ্রের ঢেউয়ের গতি, বাতাসের গতিবেগ ও দিক সম্পর্কে ৫ থেকে ৭ দিন আগে আগাম তথ্য দেওয়া সম্ভব। এর ফলে, সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে মৎস্যজীবীরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন। ঘূর্ণিঝড় এবং সমুদ্র কতটা উত্তাল হবে, উপকূলবর্তী এলাকাগুলি কতটা প্লাবিত হবে, সে সম্পর্কে মৎস্যজীবীদের সতর্ক করা যেতে পারে।
ই-মেল, ওয়েবসাইট, মোবাইল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চ্যানেল, এসএমএস প্রভৃতির মাধ্যমে মৎস্যজীবীদের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া হয়। সেই সঙ্গে মৎস্যজীবী সম্প্রদায়ের কাছে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও সহায়তা করে থাকে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (পিএমএমএসওয়াই)-য় মৎস্যজীবীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের অধীনে এক লক্ষ মাছ ধরার নৌকায় ট্রান্সপন্ডার বসানোর জন্য ৩৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ট্রান্সপন্ডারের মাধ্যমে উভয়মুখী যোগাযোগ এবং প্রয়োজনীয় নজরদারি চালানো সম্ভব।
মৎস্যজীবীদের কাছে সমুদ্র সংক্রান্ত সমস্ত তথ্য পৌঁছে দিতে “সমুদ্র” (স্মার্ট অ্যাকসেস টু মেরিন ইউজার্স ফর ওশান ডাটা রিসোর্সসেস অ্যান্ড অ্যাডভাইসরিজ) নামে একটি মোবাইল অ্যাপ পরিষেবা চালু করেছে আইএনসিওআইএস। এই মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বশেষ আপডেট এবং সুনামি, সামুদ্রিক ঝড়, ঢেউয়ের উচ্চতা প্রভৃতির মত সামুদ্রিক বিপর্যয় সম্পর্কে আগাম সতর্কবার্তা পাওয়া যেতে পারে।
লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রী শ্রী পুরুষোত্তম রুপালা।
PG/MP/AS
(रिलीज़ आईडी: 1985521)
आगंतुक पटल : 107