প্রতিরক্ষামন্ত্রক
‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্য অর্জনের জন্য তরুণদের উদ্ভাবন এবং নতুন দেশীয় প্রযুক্তির বিষয়ে ধারণা গঠনের আহ্বান প্রতিরক্ষা মন্ত্রীর
প্রকাশিত:
20 MAY 2022 4:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ মে, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি অনুসারে দেশের তরুণদের ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্য অর্জনে উদ্ভাবন ও নতুন দেশীয় প্রযুক্তির বিষয়ে ধারণা গঠনের জন্য আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। পুনেতে আজ ডাঃ ডিওয়াই পাটিল বিদ্যাপীঠের ১৩ তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে একথা জানান তিনি। এই বিশ্ববিদ্যালয়ে মেডিসিন, ডেন্টিস্ট্রি, নার্সিং, ফিজিওথেরাপি, আয়ুর্বেদ, অপটোমেট্রি, হোমিওপ্যাথি, জৈব প্রযুক্তির মতো একাধিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
শ্রী রাজনাথ সিং জানান, যুবসমাজ হলো যেকোনো দেশের সবচেয়ে বড় শক্তি। তারাই দেশে পরিবর্তন আনতে পারে বলে উল্লেখ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তরুণদের যেকোনো সমস্যা মোকাবিলা এবং তা সুযোগে রূপান্তর করার ক্ষমতা রয়েছে। তাদের নতুন প্রযুক্তি আবিষ্কার করা এবং নতুন সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান স্থাপনে ক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।
প্রতিরক্ষা মন্ত্রী ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে সরকার দেশীয় প্রযুক্তির উপর জোর দিয়েছে বলেও জানান। তিনি বলেন, ভারতের প্রয়োজনে কখনই অন্য দেশের উপর নির্ভর করা উচিত নয়। তিনি বলেন, যুবসমাজের প্রতি সরকারের আস্থা রয়েছে। তাদের অগ্রগতির পাশাপাশি দেশের মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এপ্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর ‘ভোকাল ফর লোকার-এর কথা উল্লেখ করেন। এতে দেশের তরুণ সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও তিনি জানান।
শ্রী সিং বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টার কারণে দেশে একটি প্রাণবন্ত স্টার্ট-আপ ইকো ব্যবস্থাপনা তৈরি হয়েছে। এর ফলে, জৈব প্রযুক্তি, বাণিজ্য ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা এবং স্বাস্থ্য পেশাদারদের উদ্ভাবনী স্বপ্ন বাস্তবায়নে সাহায্য মিলেছে। স্টার্ট-আপ ইন্ডিয়া প্রকল্প তরুণদের জন্য খুবই কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, স্টার্ট-আপদের জন্য আর্থিক তহবিলের উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রাথমিকভাবে তাদের সাহায্য করবে। দেশে ব্যবসায়িক ইউনিকর্নের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এতে, স্টার্ট-আপ ভিত্তিক উদ্ভাবনী ইকো ব্যবস্থাপনায় সাফল্য এসেছে বলেও তিনি জানান।
যুবদের চিন্তাভাবনাগুলি বাস্তবায়িত করতে সরকারের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন শ্রী রাজনাথ সিং। তিনি মেডিকেল এবং জৈব প্রযুক্তি ক্ষেত্রে শিক্ষার্থীদের চিন্তাভাবনাগুলি বাণিজ্য ক্ষেত্রে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়েছেন। শ্রী সিং বলেন, দারিদ্র্য ও ক্ষুধা দূর করার অন্যতম কার্যকরী অস্ত্র হল সুশিক্ষা। শিক্ষাকে ভালোভাবে কাজে লাগানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের কাছে আহ্বান জানান তিনি।
CG/SS/SKD/
(রিলিজ আইডি: 1827018)
ভিজিটরের কাউন্টার : 162