জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী আগামীকাল জয়পুরে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আঞ্চলিক সম্মেলনে পৌরোহিত্য করবেন

প্রকাশিত: 07 APR 2022 11:46AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৭ এপ্রিল, ২০২২

 

[প্রারম্ভিক পর্ব] 

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আগামীকাল (৮ এপ্রিল) জয়পুরে ৮টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের আঞ্চলিক সম্মেলনে পৌরোহিত্য করবেন। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জলজীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশন - গ্রামীণ কর্মসূচিতে এযাবৎ অগ্রগতি পর্যালোচনা করা হবে। সম্মেলনে গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখন্ড, জম্মু ও কাশ্মীর, লাদাখ, দমন ও দিউ তথা দাদরা ও নগরহাভেলির মন্ত্রী ও প্রতিনিধিরা যোগ দেবেন। 

এই সম্মেলনের মাধ্যমে জল জীবন মিশন রূপায়নে যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, তার সম্ভাব্য সমাধান খুঁজে বের করা এবং কর্মসূচি রূপায়নে লব্ধ অভিজ্ঞতা বিনিময় করা হবে। এছাড়াও বিভিন্ন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ফ্ল্যাগশিপ এই কর্মসূচি রূপায়নে যে অগ্রগতি হয়েছে, তা নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন নিয়েও কথা হবে। কেন্দ্রীয় পানীয় জল ও স্বচ্ছতা দপ্তরের সচিব, জল জীবন মিশনের অতিরিক্ত সচিব ও মিশন ডায়রেক্টর সহ অংশগ্রহণকারী রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

জল জীবন মিশনের রূপায়ন নিয়ে এই আলোচনায় কাজের গতি, প্রযুক্তির ব্যবহার, কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, জলের গুণমানের ওপর নজরদারি প্রভৃতি বিষয়ে অগ্রাধিকার পাবে। সম্মেলনের দ্বিতীয় পর্বে এই মিশন রূপায়নে যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, সে সম্পর্কেও আলোচনা হওয়ার কথা রয়েছে। 

প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের দৃষ্টিভঙ্গীকে বিবেচনায় রেখে দেশে ১০৭টি জেলার ৭০ হাজার গ্রামপঞ্চায়েত এবং ১ লক্ষ ৪৬ হাজার গ্রামে প্রতিটি বাড়িতে জল পৌঁছে গেছে। তিনটি রাজ্য - গোয়া, তেলেঙ্গানা ও হরিয়ানা সহ তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিটি পরিবারে পাইপবাহিত জল সংযোগের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে পাওয়া গত আড়াই বছরের তথ্যানুযায়ী ৬ কোটি ১৫ লক্ষ গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে এবং গত ৬ এপ্রিল পর্যন্ত প্রায় ৯ কোটি ৩৯ লক্ষ পরিবারে পাইপবাহিত জল সংযোগের সুবিধা পৌঁছে গেছে। এখনও পর্যন্ত ৮ লক্ষ ৫৫ হাজারের বেশি বিদ্যালয় এবং ৮ লক্ষ ৮২ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাইপবাহিত জল সংযোগের সুবিধা চালু হয়েছে। 

 

CG/BD/AS/


(রিলিজ আইডি: 1814476) ভিজিটরের কাউন্টার : 159
এই রিলিজটি পড়তে পারেন: Tamil , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi